× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শজিমেকে জেনারেটর নিয়ে নয়ছয়

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১২:২৮ পিএম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজিমেক) গণপূর্ত অধিদপ্তরের আওতায় চলমান বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। চুক্তিতে ২৫০ কেভিএ ক্ষমতার জেনারেটর সরবরাহের কথা থাকলেও সেখানে ১২০ কেভিএ ক্ষমতার জেনারেটর বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ।

এ ছাড়া ৭৩ লাখ টাকার বেশি ব্যয়ে ২৪টি পাঁচ টনের এয়ার কুলার স্থাপনের পর সেগুলো চালানোর মতো বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিত না করে প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নতুন সাবস্টেশন নির্মাণের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

এসব বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। গত ১৪ ও ১৫ জুলাই পাঠানো পৃথক দুটি চিঠিতে তিনি এসব অভিযোগ করেন।

অধ্যক্ষের অভিযোগ, ২০১৭-১৮ অর্থবছরে শজিমেকে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের কাজ শুরু হয়। কাজ শেষ হলেও এখন পর্যন্ত ভবনটি কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, জাপান অথবা ইউরোপের কোনো কোম্পানির তৈরি ২৫০ কেভিএ ক্ষমতার জেনারেটর সরবরাহ করার কথা ছিল। কিন্তু সেখানে চীনের তৈরি ১২০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটর স্থাপন করা হয়েছে। এ ছাড়া স্থাপিত বৈদ্যুতিক সাবস্টেশনটি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ বলেও অভিযোগ করেছেন অধ্যক্ষ। এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার অভিযোগ।

অন্য একটি চিঠিতে অধ্যক্ষ উল্লেখ করেন, ৭৩ লাখ টাকার বেশি ব্যয়ে ২৪টি পাঁচ টনের এয়ার কুলার স্থাপন করা হয়েছে। তবে এসব যন্ত্র চালানোর মতো বিদ্যুৎ সক্ষমতা আগে নিশ্চিত করা হয়নি। পরে প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার কিলোওয়াট ক্ষমতার নতুন সাবস্টেশন নির্মাণের প্রস্তাব করা হয়।

অধ্যক্ষের দাবি, কলেজে আগে থেকেই একটি সাবস্টেশন এবং ৫০০ কিলোওয়াট ক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। নতুন এয়ার কুলার চালাতে আরও ৫০০ কিলোওয়াট সক্ষমতা বাড়ালেই প্রয়োজন মেটানো সম্ভব। কিন্তু তার মতামত না নিয়েই প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নতুন সাবস্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এমনকি ওই প্রস্তাবে প্রতিস্বাক্ষর করার জন্য তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা.ওয়াদুদুল হক তরফদার বলেন, “আপনাদের মাধ্যমে যে অভিযোগগুলো জানতে পারলাম, আমরা সেগুলো দেখব। আমাদের দিক থেকে যেগুলো অনিয়ম বলে প্রতীয়মান হয়েছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

তবে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক বলেন, “ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়েই বড় সক্ষমতার সাবস্টেশন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমাদের এমনিতেই কাজের চাপ বেশি। আপনারা সাংবাদিকরা আসলে আমাদের চাপ ও ভয় বাড়ে। আমরা যে প্রস্তাবনা দিয়েছি, তা সঠিক আছে। অধ্যক্ষ একজন ডাক্তার, আমাদের চেয়ে তিনি ডাক্তারি ভালো বোঝেন। আমরা নিশ্চয়ই ডাক্তারি ভালো বুঝব না। কারণ আমরা ইঞ্জিনিয়ার।”

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, “শহীদ জিয়াউর রহমান মেডিক্য়াল কলেজের বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত হওয়া প্রয়োজন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা