গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে ওষুধ শিল্পে নতুন তথ্য যাচাই কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) দেশের ১৭টি শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পাঁচ বছরের উৎপাদন তথ্য চেয়েছে।
এসব তথ্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে সংরক্ষিত নথির সঙ্গে মিলিয়ে ভ্যাট রিটার্নের সঠিকতা যাচাই করা হবে। এর মাধ্যমে উৎপাদন ও ঘোষিত ভ্যাটের মধ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চায় রাজস্ব কর্তৃপক্ষ।
এলটিইউর পক্ষ থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে পাঠানো চিঠিতে ২০২১-২২ অর্থবছর থেকে পণ্যভিত্তিক উৎপাদন তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৮২ ধারার আওতায় এই তথ্য চাওয়া হয়েছে। ভ্যাট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান বিধান অনুসারে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত উৎপাদন প্রতিবেদন ওষুধ প্রশাসনের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতায় রয়েছে। সেই নথির সঙ্গে ভ্যাট রিটার্ন মিলিয়ে প্রকৃত উৎপাদনের চিত্র যাচাই করা হবে।
এলটিইউ সূত্রে জানা গেছে, এটি ভ্যাট পরিশোধ তদারকির নিয়মিত কার্যক্রমের অংশ। আইনের আওতায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতেই সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাওয়া হয়েছে। আইন অনুযায়ী সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় তথ্য সরবরাহে সহযোগিতা করার প্রত্যাশাও রয়েছে। রাজস্ব প্রশাসনের লক্ষ্য হলো ভ্যাট পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব আহরণ আরও শক্তিশালী করা।
এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক একটি উচ্চপর্যায়ের বৈঠকের নির্দেশনাও রয়েছে। ওই বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলেন, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যেন আইন অনুযায়ী উৎপাদন প্রতিবেদন যথাযথভাবে ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়। সেই নির্দেশনার পরই এলটিইউ তথ্য সংগ্রহের উদ্যোগ জোরদার করে। তবে গত ১২ মে চিঠি পাঠানোর পরও ওষুধ প্রশাসনের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
এ অবস্থায় ভ্যাট কর্মকর্তাদের মধ্যে কিছু প্রশ্নও তৈরি হয়েছে। তাদের ধারণা, হয়তো সব প্রতিষ্ঠান নিয়মিত উৎপাদন প্রতিবেদন জমা দিচ্ছে না। আবার এমনও হতে পারে, ওষুধ প্রশাসনের কাছে তথ্য থাকলেও তা সহজে বিনিময়ের উপযোগী কোনো ডাটাবেইসে সংরক্ষিত নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, উৎপাদন তথ্য সংরক্ষণ ও বিনিময়ের কার্যকর ব্যবস্থা গড়ে উঠলে ওষুধ শিল্পে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে ভ্যাট পরিশোধের অনুগত্যও আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এলটিইউর অনুরোধের বিষয়ে তারা আগে আইনি বিধান পর্যালোচনা করবেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী অধিদপ্তরের এমন তথ্য সংরক্ষণ বা চাহিদামাফিক সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে। এরপরই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, ওষুধ শিল্পের প্রতিনিধিরা একই তথ্য একাধিক সংস্থায় জমা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সূত্র বলছে, বেশির ভাগ প্রতিষ্ঠান বছরে একবার উৎপাদন তথ্য ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়। প্রতি তিন মাসে একই ধরনের প্রতিবেদন প্রস্তুত করা অনেক প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিকভাবে জটিল। তার মতে, ব্যবসা সহজ করার কথা বলা হলেও বাস্তবে একই তথ্য বিভিন্ন দপ্তরে বারবার জমা দিতে হচ্ছে। ভ্যাট কর্তৃপক্ষের কাছেই ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন), ভ্যাট রিটার্ন, কাঁচামাল আমদানিসহ বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত তথ্য রয়েছে। ফলে একই তথ্যের জন্য পৃথক প্রতিবেদন ব্যবস্থা চালু রাখার যৌক্তিকতা সীমিত।
এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) যে ১৭টি শীর্ষ ওষুধ কোম্পানির উৎপাদন তথ্য চেয়েছে, সেগুলো হলো- ১. স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪. রেনাটা পিএলসি ৫. এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৬. এরিস্টোফার্মা লিমিটেড ৭. অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড ৮. অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ৯. এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ১০. ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ১১. জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১২. নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ১৩. নুভিস্তা ফার্মা পিএলসি ১৪. ওরিয়ন ফার্মা লিমিটেড
১৫. প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৬. সিনোভিয়া ফার্মা পিএলসি ১৭. ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির