× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখলের কোপে বিক্ষত অরণ্য

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৮:৪৪ এএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ০৮:৫৭ এএম

চট্টগ্রামের সিতাকুন্ডের জঙ্গল সলিমপুরে এভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সিতাকুন্ডের জঙ্গল সলিমপুরে এভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর বিস্তীর্ণ বনাঞ্চল। একসময় এই বনভূমি পুরো পাহাড়ি জনপদের ফুসফুস হিসেবে কাজ করত, যা আজ মানবসৃষ্ট দুর্যোগের কারণে চরম হুমকির মুখে। অবাধে বন কাটা পড়ছে, পাহাড় ধসে যাচ্ছে এবং বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের চিরচেনা নিরাপদ ঠিকানা। আর এই সর্বনাশের নিচে প্রতিনিয়ত চাপা পড়ে যাচ্ছে চট্টগ্রামের শ্যামল সবুজ রূপ।

যে বনভূমি প্রাণিজগতের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জন্য নির্মল অক্সিজেনের উৎস ছিল, আজ তা রূপ নিচ্ছে অবৈধ বসতি, বাণিজ্যিক ফলের বাগান আর আকাশচুম্বী বহুতল দালানে। বন বিভাগের নিজস্ব হিসাবই আমাদের সামনে তুলে ধরছে এক ভয়ংকর ও শিউরে ওঠার মতো বাস্তবতার কথা।

প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৬ দশমিক ৬৩ একর বনভূমির মধ্যে সাতটি উপজেলায় ১৩ হাজার ১৪ দশমিক ২৮ একর জমি ইতোমধ্যে চলে গেছে জবরদখলকারীদের নিষ্ঠুর দখলে। বন বিভাগের ধারাবাহিক ও আপ্রাণ অভিযানে এ পর্যন্ত ৫ হাজার ৬৭৪ দশমিক ৩০ একর জমি উদ্ধার করা সম্ভব হলেও, এখনও ৭ হাজার ৩৩৯ দশমিক ৯৮ একর মূল্যবান বনভূমি পুরোপুরি দখলদারদের শক্তিশালী নিয়ন্ত্রণে রয়ে গেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, প্রতি দুই একর দখলকৃত জমির মধ্যে একটির বেশি এখনও সবুজের আওতার বাইরে। এই বিশাল ব্যর্থতার পেছনে নিবিড়ভাবে জড়িয়ে আছে দীর্ঘদিনের রাজনৈতিক ছত্রছায়া, প্রশাসনিক চরম গাফিলতি এবং বন বিভাগের ভেতরের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির গভীর অভিযোগ।

দখলের শুরু ও বিস্তারের নেপথ্য কথা

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধিকাংশ জমিই মূলত বেদখল হতে শুরু করেছে স্বাধীনতার ঠিক পর পর। আবার ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে যখন উপকূলীয় এলাকার বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে, তখন অনেক মানুষ সাময়িক আশ্রয়ের খোঁজে বন বিভাগের এসব জমিতে এসে প্রথম ঠাঁই নেয়। মানবিক কারণে তখন বাধা না দেওয়ায়, যা পরবর্তীতে ধীরে ধীরে স্থায়ী দখলে রূপ নিতে শুরু করে। এসব জমিতে ধাপে ধাপে কাঁচা ঘরবাড়ি থেকে শুরু করে পাকা ভবন নির্মাণ, ব্যাপক কৃষিকাজ এবং বাণিজ্যিক ফলের বাগানসহ নানা গাছপালা লাগিয়ে নিজেদের দখল পাকাপোক্ত করেছেন দখলকারীরা।

চট্টগ্রামের এই বিশাল বনাঞ্চলকে প্রশাসনিক সুবিধার্থে বন বিভাগ তিনটি মূল ভাগে ভাগ করেছেÑ উত্তর, দক্ষিণ ও উপকূলীয় বনাঞ্চল। এর মধ্যে সবচেয়ে বেশি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন এলাকায়। যা মূলত মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়াÑ এই ছয়টি উপজেলার বনাঞ্চল নিয়ে গঠিত। ফলে চট্টগ্রামের বন সংরক্ষণের বৃহত্তর লড়াইয়ে এই ছয়টি উপজেলাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলাভিত্তিক বেদখলের উদ্বেগজনক চিত্র

কোথায় কতটা বনভূমি বেদখল হয়েছে, তার চিত্র উপজেলাভেদে ভিন্ন। চলতি বছরের জুন মাসের মাঠপর্যায়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি বনভূমি বেদখলের শিকার হয়েছে ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির উত্তর অঞ্চলে করেরহাট-ফটিকছড়ি রেঞ্জের প্রায় ৭৫ শতাংশ জায়গাই মূলত বন বিভাগের মালিকানাধীন। সেখানে ৮ হাজার ২৭০ দশমিক ১০ একর জমি বেদখল হয়। এ পর্যন্ত ৩ হাজার ৪৬১ দশমিক ২৩ একর বনভূমি ফিরে পাওয়া গেলেও এখনও বেদখল অবস্থায় রয়েছে ৪ হাজার ৭৯৯ দশমিক ৮৭ একর জমি। বাগানবাজার ও দাঁতমারা বিটে বন বিভাগের জমির এখন আর কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। হেঁয়াকো বাজারের পুরো এলাকাটিই গড়ে উঠেছে হেঁয়াকো বিটের বেদখল হওয়া জমির ওপর। এখানকার দখলদারদের বেশিরভাগই স্থানীয় নন; ফেনী, কুমিল্লাসহ নানা প্রান্ত থেকে আসা মানুষ। স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা পেছন থেকে বনের জমি বেচাকেনায় প্রভাব খাটান। বনের জমিতে গড়ে উঠেছে দুই থেকে চারতলা পাকা ভবন, বাজার, দোকানপাট, এমনকি স্কুলও। অভিযোগ রয়েছে, বন বিভাগের অসাধু কর্মকর্তারা নিয়মিত এই দখল থেকে সুবিধা নিচ্ছেন।

দখলদারত্বের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরসরাই। সেখানে ৩ হাজার ১০ দশমিক ৭৩ একর জমি দখল হওয়ার পর ১ হাজার ৯৬৩ দশমিক ২৩ একর এখনও উদ্ধার হয়নি। করেরহাট, ৯ নং সদর মিরসরাই, ৮ নং দুর্গাপুর এবং বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন ২ নং হিঙ্গুলী ইউনিয়নে বন বিভাগের জমি সবচেয়ে বেশি বেদখল হয়েছে। মূলত স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পরোক্ষ মদদে এই দখল চলছে। বড় শিল্প গ্রুপগুলো সরাসরি নিজেদের নামে জমি না নিলেও স্থানীয় দালালদের সামনে রেখে গড়ে তুলেছে বেচাকেনার সিন্ডিকেট। বনের সংরক্ষিত এলাকা দখল করে মাইলের পর মাইল লেবু ও ফলের বাগান গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা।

সব উপজেলার চিত্র অবশ্য এতটা হতাশাজনক নয়। রাঙ্গুনিয়ায় দখল হওয়া মোট ৩৮৮ দশমিক ৪৫ একর বনভূমির পুরোটাই সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। সীতাকুণ্ডের চিত্র সন্তোষজনক; সেখানে ৩৫০ একরের মধ্যে ৩৪৬ দশমিক ০৫ একরই উদ্ধার করা হয়েছে। রাউজানে ৬৪৬ দশমিক ৫০ একরের মধ্যে ৩৫৮ দশমিক ৯৮ একর এবং হাটহাজারীতে ৩৪৮ দশমিক ৫০ একরের মধ্যে ১৮৯ দশমিক ৯৮ একর এখনও বেদখল। হাটহাজারী উপজেলার শোভনছড়ি, সর্তা ও মন্দাকিনি বিট এলাকায় উপজেলার মোট বনাঞ্চলের প্রায় ৬০ শতাংশই এখন দখলে। চলতি মাসে বিশেষ অভিযানে তিন উপজেলায় মোট ৩৭ দশমিক ৫০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

রাঙ্গুনিয়ায় দীর্ঘ ১৫ বছরের দখলদারত্ব

খাতা-কলমে রাঙ্গুনিয়া বন বিভাগের সবচেয়ে বড় সাফল্যের নজির হিসেবে সব জমি উদ্ধার দেখানো হলেও এর নেপথ্যে লুকিয়ে আছে দীর্ঘ ১৫ বছরের এক ক্ষমতাধর দখলদারত্বের করুণ গল্প। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর ধরে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় দখল-বেদখলে মেতে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ তার ভাইয়েরা। পদুয়া ইউনিয়নজুড়ে বন বিভাগের ২১২ একর জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছিল রেস্টুরেন্ট, মাছের খামার, গরু ও গয়ালের খামার, রিসোর্ট, মাল্টাবাগানসহ বিলাসবহুল বাংলোবাড়ি। রাজনৈতিক প্রভাবের ছত্রছয়ায় থাকা এসব জমি সরকার পতনের পরই কেবল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা স্পষ্ট করে দেয় যে, চট্টগ্রামের বনভূমি দখলের নেপথ্যে শুধু ভূমিহীন মানুষ বা স্থানীয় দালাল চক্রই নয়, রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের অবৈধ প্রভাবও।

বনকর্মীদের ওপর প্রাণঘাতী হামলা

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উচ্ছেদে গেলে দখলদাররা সংঘবদ্ধভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এর আগে অভিযানে গিয়ে কয়েকজন বনকর্মী প্রাণও হারিয়েছেন। সম্প্রতি ধুরং বিটে এক অভিযানে জবরদখলকারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে বনকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে একাধিক কর্মকর্তা-কর্মচারী রক্তাক্ত জখম হন। মামলা হলেও আসামিরা সহজেই জামিন পেয়ে এলাকায় ঘুরে বেড়ানোয় বনকর্মীরা পুনরায় অভিযানে যাওয়ার সাহস পাচ্ছেন না। উচ্ছেদের সুনির্দিষ্ট প্রস্তাব অনেক আগেই জেলা প্রশাসনে দাখিল করা হলেও নতুন জেলা প্রশাসক এখনও বিষয়টি জানেন না বলে দাবি করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

পরিবেশের জন্য অশনিসংকেত

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বন যেভাবে উজাড় হচ্ছে, তার মারাত্মক ক্ষতিকর প্রভাব আমরা ইতোমধ্যেই টের পাচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের পানির স্তর বাড়ছে। আবহাওয়ার ধরন নাটকীয়ভাবে বদলে গেছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশকেও একটি মরুভূমি হিসেবে দেখতে হতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, অক্সিজেন কমে যাওয়ায় নবজাতক শিশুরাও ইনহেলার নির্ভর হয়ে পড়ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘পরিবেশের ভারসাম্যের জন্য ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন হলেও তা উজাড় হয়ে যাচ্ছে দ্রুতগতিতে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে, ফলে বাড়ছে নিপাহ ভাইরাসের মতো ভয়াবহ রোগের ঝুঁকি। বন কমে গেলে ভবিষ্যতে চড়া মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হতে পারে বাংলাদেশকে।’

দায় কার

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রধান বন সংরক্ষকের নির্দেশনায় জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ মামলা দায়ের করা হয়েছে এবং নতুন করে দখল ঠেকাতে মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’ তবে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই প্রতিবেদককে বলেন, দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তিনি বিষয়টি জানতে পেরেছেন। বন বিভাগ সুনির্দিষ্ট তথ্যসহ আবেদন করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। 

প্রশাসন ও বন বিভাগের এই দৃশ্যমান সমন্বয়হীনতার সুযোগে চট্টগ্রামের অবশিষ্ট সবুজ প্রকৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা