বাংলাদেশ সরকারের মনোগ্রাম। ছবি: সংগৃহীত
আবারও সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এবার এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছেÑ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বোয়েসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বিআইডব্লিউটিসিসহ ১২টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে।
এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি পদই গ্রেড-২ মর্যাদার। এই নিয়োগের সূত্র ধরে প্রশাসনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, নিয়মিত পদোন্নতির পরিবর্তে ধারাবাহিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ দপ্তর, সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে নিয়মিত পদোন্নতির পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা বেড়েছে। তাদের ভাষ্য, এর ফলে প্রশাসনের ক্যারিয়ার কাঠামোর স্বাভাবিক ধারাবাহিকতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেনÑ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে মো. সালাহউদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে এটিএম আবদুল বারী ড্যানী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে মো. কামরুজ্জামান, বিএসইসির চেয়ারম্যান হিসেবে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. শামসুজ্জামান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী রওনাকুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. জাকির হোসেন, বিসিকের চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. মামুন হাসান। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।
হতাশা বাড়ছে পদোন্নতি প্রত্যাশীদের মধ্যে
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “একটি ক্যাডার সার্ভিসে কর্মকর্তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলোÑ মেধা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। গুরুত্বপূর্ণ পদগুলো যদি নিয়মিত পদোন্নতির বদলে বারবার চুক্তিভিত্তিকভাবে পূরণ হয়, তাহলে কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক।” নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসনের এমন একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মাঠ প্রশাসন, সচিবালয় ও বিভিন্ন অধিদপ্তরে দীর্ঘদিন দায়িত্ব পালন করেও তারা উচ্চপদে পদোন্নতির সুযোগ পাচ্ছেন না। তাদের অনেকে অতীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত হওয়ার অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর তারা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ায় পদোন্নতির আশা করেছিলেন।
আরেক কর্মকর্তা বলেন, “২৫-৩০ বছর চাকরি করার পর অনেক কর্মকর্তা অবসরের আগে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকেন। সেই সুযোগ যদি ধারাবাহিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগে পূরণ হয়, তাহলে পুরো ক্যারিয়ার পরিকল্পনাই প্রশ্নের মুখে পড়ে।”
ক্যারিয়ার ব্যবস্থাপনায় প্রভাব
প্রশাসন বিশেষজ্ঞদের মতে, চুক্তিভিত্তিক নিয়োগ আইনগতভাবে বৈধ হলেও এর ব্যবহার হওয়া উচিত ব্যতিক্রমী পরিস্থিতিতে। নিয়মিত পদোন্নতির সুযোগ থাকার পরও গুরুত্বপূর্ণ পদগুলো যদি ধারাবাহিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগে পূরণ হয়, তাহলে ক্যাডার ব্যবস্থাপনায় ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসন বিশ্লেষকদের মতে, ব্যতিক্রমী প্রয়োজন থাকলে তার যৌক্তিক ব্যাখ্যাও থাকা জরুরি। না হলে নিয়মিত কর্মকর্তাদের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি হতে পারে।
‘ব্যক্তি নয়, নীতির প্রশ্ন’
বাংলাদেশে বিভিন্ন সময়ে সচিব, সংবিধিবদ্ধ সংস্থার প্রধান, করপোরেশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছে। প্রশাসনের একটি অংশের মতে, এসব পদে নিয়মিত কর্মকর্তাদের মধ্য থেকেই পদোন্নতির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলে প্রশাসনিক ধারাবাহিকতা আরও শক্তিশালী হয়। অন্যদিকে সরকারগুলো প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এসেছে।
জনপ্রশাসনের সাবেক কর্মকর্তারা বলছেন, বিষয়টি ব্যক্তি নয়; নীতির। সরকার যদি নিয়মিতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের পথ বেছে নেয়, তাহলে ক্যাডার ব্যবস্থাপনার মূল দর্শন দুর্বল হতে পারে। তাই কোন পদে, কী কারণে এবং কোন মানদণ্ডে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত (পরবর্তীতে ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া) এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও প্রশাসনে দলীয়করণের অভিযোগ ছিল। তবে সরাসরি রাজনৈতিক দলের পদধারী নেতাদের সরকারি করপোরেশন বা অধিদপ্তরের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা তুলনামূলক কম ছিল। সে সময় মূলত অবসরপ্রাপ্ত সচিব বা অতিরিক্ত সচিবদের এসব পদে নিয়োগ দেওয়া হতো। তার ভাষ্য, বর্তমান সরকার যদি সরাসরি রাজনৈতিক নেতাদের প্রশাসনের শীর্ষ নির্বাহী বা নীতিনির্ধারণী পদে নিয়োগ দিয়ে থাকে, তবে তা আমলাতন্ত্রের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করবে।
যা বলছেন জনপ্রশাসন বিশ্লেষকরা
বিশেষজ্ঞরা বলছেন, সর্বশেষ ১২টি চুক্তিভিত্তিক নিয়োগের পর প্রশাসনে নতুন করে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়মিত পদোন্নতির সুযোগ কতটা নিশ্চিত হবে? দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনার কী হবে? চুক্তিভিত্তিক নিয়োগ কি ব্যতিক্রম হিসেবেই থাকবে, নাকি ধীরে ধীরে সেটিই প্রশাসনের নতুন বাস্তবতা হয়ে উঠবে? এসব প্রশ্নের উত্তর আগামী দিনে জনপ্রশাসনের কাঠামো ও কর্মকর্তাদের মনোবলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারায় চুক্তিভিত্তিক নিয়োগের আইনগত ভিত্তি রয়েছে। ওই ধারায় জনস্বার্থে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বর্তমান সরকারও সেই বিধানই প্রয়োগ করছে।
এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চুক্তিভিত্তিক নিয়োগ সরকারি ব্যবস্থাপনায় নতুন কোনো বিষয় নয়। তবে এটি হওয়া উচিত ব্যতিক্রমী ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে। যেখানে নিয়মিত পদোন্নতির মাধ্যমে দক্ষ কর্মকর্তা পাওয়া যায়, সেখানে ধারাবাহিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে ক্যাডার ব্যবস্থাপনার স্বাভাবিক ধারা ব্যাহত হতে পারে।’
তিনি বলেন, “দীর্ঘদিন কর্মরত কর্মকর্তারা যদি মনে করেন, তাদের মেধা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না, তাহলে তাদের মনোবল ও কর্মউদ্দীপনার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রশাসনের শক্তি নির্ভর করে স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও মেধাভিত্তিক পদোন্নতি ব্যবস্থার ওপর। তাই কোন পদে, কী কারণে এবং কোন মানদণ্ডে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের স্বচ্ছ ব্যাখ্যা থাকা জরুরি। নিয়মিত কর্মকর্তাদের ন্যায্য পদোন্নতির সুযোগ নিশ্চিত করা গেলে প্রশাসনের পেশাদারিত্ব, জবাবদিহি ও দক্ষতা আরও শক্তিশালী হবে।”