সেনা তদন্ত প্রতিবেদন
মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:০৫ পিএম
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি ৭ জুলাই তোলা। ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার মূলে রয়েছে পরিকল্পনামাফিক কাজ না হওয়া। এমনটাই ওঠে এসেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের এক তদন্তে।
পরিকল্পনা অনুযায়ী জলাধার নির্মাণ না করা, ড্রেন ও ডোবা ভরাট করে আবাসন প্লট তৈরি, রাস্তা উঁচু না করা, খাল দখল এবং ক্রস কালভার্ট বন্ধ থাকাসহ মোট ছয়টি কারণ চিহ্নিত করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে সংস্থাটি।
শিগগিরই প্রতিবেদন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে হস্তান্তর করা হবে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও ৩৪ ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী।
জানা যায়, গত ৭ থেকে ১১ জুলাই টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে নগরীর কাতালগঞ্জ, কাপাসগোলা, আগ্রাবাদ, সিএন্ডবি মোহরা ও কুয়াইশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই জনভোগান্তি কমাতে সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনে মাঠে নামে ১৬টি কুইক রিঅ্যাকশন (কিউআর) টিম। পাশাপাশি কাজ করে চসিকের পরিচ্ছন্ন বিভাগ। আগাম পরিকল্পনা অনুযায়ী কাজ করায় বৃষ্টি ও জোয়ারের পানিতে কাতালগঞ্জ ও কাপাসগোলায় জলাবদ্ধতা হয়নি। তবে আগ্রাবাদের পানি একদিনে নেমে গেলেও মোহরা ও কুয়াইশ এলাকা প্রায় এক সপ্তাহ পর্যন্ত জলাবদ্ধ ছিল। দীর্ঘদিন ধরে জলাবদ্ধ থাকা এসব এলাকা নিয়ে কাজ শুরু করে সেনাবাহিনীর ৩৪ ব্রিগেড। সংস্থাটি জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করে একটি তদন্ত প্রতিবেদনও প্রস্তুত করেছে, যা শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রতিবেদনে জলাবদ্ধতার কারণ এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো তুলে ধরা হবে।
এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও জোয়ারে নগরীর ৫টি স্থানে উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। যার মধ্যে দুটি এলাকায় পানি পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত স্থায়ী ছিল। তবে আগাম পরিকল্পনার কারণে কাতালগঞ্জ ও কাপাসগোলায় পানি উঠলেও তা দ্রুত অপসারণ করা হয়। আগে থেকেই জানতাম সেখানে পানি উঠবে এবং বৃষ্টি থামার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে তা নেমে যাবে। সে অনুযায়ী কুইক রিঅ্যাকশন টিম পাম্পিং ও পরিষ্কার কার্যক্রম চালিয়ে পরিস্থিতি সামাল দেয়।
তিনি জানান, আগ্রাবাদ কমার্শিয়াল ও ব্যাংকিং এলাকায় প্রায় ২৪ ঘণ্টা পানি জমে ছিল। মূল পরিকল্পনা অনুযায়ী রাস্তা উঁচু না করায় এ অবস্থা সৃষ্টি হয়। তিনি আরও জানান, ২০২২ সালে চসিকের সঙ্গে যৌথভাবে সেনাবাহিনী ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের সুবিধার্থে রাস্তা উঁচু করার পাশাপাশি সমান উচ্চতায় ড্রেন নির্মাণের কথা। কিন্তু ড্রেন নির্মাণ করা হলেও রাস্তা উঁচু করার কাজ হয়নি। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সিএন্ডবি ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার পেছনে তিনটি কারণ খুঁজে পেয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড। এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, প্রথমত, এলাকার পানি পাশের বিলে যেতে পারছে না। দ্বিতীয়ত, বিদ্যমান তিনটি ক্রস-কালভার্টের দুই পাশে পানি চলাচলের চ্যানেল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। তৃতীয়ত, ড্রেন ও নালা দখল করে ঘরবাড়ি, দোকান ও গুদাম নির্মাণের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।
অক্সিজেন-কুয়াইশ এলাকার জলাবদ্ধতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রকল্প পরিচালক আরও বলেন, অন্যান্য আবাসিক এলাকা একসময় প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত। আশপাশের বৃষ্টির পানি সেখানে জমা হতো। পরে জলাভূমি ভরাট করে আবাসিক প্লট নির্মাণ করায় প্রাকৃতিক পানি ধারণক্ষমতা নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পরিকল্পিত কয়েকটি জলাধার ব্যয় সংকোচনের কারণে বাদ দেওয়া হয়। এসব জলাধার থাকলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যেত।
তিনি আরও জানান, কুয়াইশ খাল দিয়ে আগে শিল্পকারখানা ও আশপাশ এলাকার বর্জ্য ও পানি হালদা নদীতে যেত। হালদা নদী রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশে সেই প্রবাহ বন্ধ করা হয়েছে। অন্যদিকে কুয়াইশ, কৃষ্ণা ও লিংক খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালগুলোর নাব্য ও প্রস্থ কমে পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। এ ছাড়া ছোট ছোট খাল দখল হওয়ায় পানি চলাচলের পথও সংকুচিত হয়েছে। আপাতত পাম্পিংয়ের মাধ্যমে পানি সরানো হলেও স্থায়ী সমাধানের জন্য জলাধার নির্মাণের কোনো বিকল্প নেই।
সংশ্লিষ্টদের মতে, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ, ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকীকরণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও চট্টগ্রাম নগরী একই ধরনের সমস্যার মুখোমুখি হবে বলে মনে করছেন তারা। সেনাবাহিনীর এই অনুসন্ধান ও কারিগরি সুপারিশ বাস্তবায়িত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের পথ অনেকটাই সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।