হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১১:৪৬ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১১:৪৮ এএম
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ছবি: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ওয়েবসােইট থেকে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও গত চার-পাঁচ মাস ধরে দেশের বাজারে তুলনামূলক কম দামে তেল বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয় না হওয়ায় ১ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সংস্থাটির প্রায় ১৮ হাজার ৬৯৯ কোটি ৩১ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানা গেছে।
সরকার থেকে ভর্তুকির অর্থ না পাওয়ায় ইআরএল ইউনিট-২ প্রকল্পসহ বিভিন্ন সংরক্ষিত তহবিল থেকে অর্থ তুলে চলতি ব্যয় নির্বাহ করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এতে বিপিসির তারল্য সংকট তীব্র হয়েছে। তথ্য অনুযায়ী ৯ মার্চ ব্যাংকে সংস্থাটির জমার পরিমাণ ছিল ৩৬ হাজার ৯৬৪ কোটি ৮১ লাখ টাকা। ২৮ জুন তা কমে দাঁড়ায় ১৮ হাজার ৫২৪ কোটি ৫২ লাখ টাকায়। ফলে চলতি ব্যয়, আমদানি বিল পরিশোধ এবং জ্বালানি তেল আমদানির অর্থায়নে ব্যবহৃত কার্যকর মূলধনের ওপর চাপ বেড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লোকসানের বর্তমান ধারা অব্যাহত থাকলে শিগগিরই জ্বালানি তেল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খুলতে বিপিসি গুরুতর তারল্য সংকটে পড়তে পারে। এতে জ্বালানি তেল আমদানি ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে ইআরএল ইউনিট-২সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য সংরক্ষিত অর্থ প্রায় শেষ হয়ে যাওয়ায় উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তারল্য সংকট নিরসন, আমদানি কার্যক্রম অব্যাহত রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।
২০২৪ সালের মার্চ থেকে সরকার স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসের প্রথম দিনে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে। তবে ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে স্থানীয় বাজারে সেই অনুযায়ী মূল্য সমন্বয় করা হয়নি।
বিপিসি সূত্র জানায়, মার্চ থেকে জুন পর্যন্ত মূল্য সমন্বয় না হওয়ায় সংস্থাটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার ৬৯৯ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে মার্চে লোকসান ২ হাজার ২৪৮ কোটি ৩৭ লাখ টাকা, এপ্রিলে ৭ হাজার ৮৬৬ কোটি ৩ লাখ টাকা, মে মাসে ২ হাজার ৬২১ কোটি টাকা এবং জুনের ২৩ দিন পর্যন্ত ৫ হাজার ৯৬৩ কোটি টাকা। সংস্থাটির তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে প্রতিলিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর ১ এপ্রিল বিপিসি প্রতিলিটার ডিজেলের মূল্য ১৫৬ টাকা করার প্রস্তাব দেয়। তবে ১৯ এপ্রিল সরকার দাম নির্ধারণ করে ১১৫ টাকা। পরে ১ মে ২৩৫ টাকা, ১ জুন ১৭৬ টাকা এবং ১ জুলাই ১৫৪ টাকা প্রস্তাব করলেও ১৯ এপ্রিলের পর সরকার ডিজেলের দাম আর বাড়ায়নি।
অকটেনের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। মার্চে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা। ১ এপ্রিল বিপিসি ১৪৫ টাকা প্রস্তাব করলেও সরকার ১৯ এপ্রিল মূল্য নির্ধারণ করে ১৪০ টাকা। পরে ১ মে ১৬৬ টাকা, ১ জুন ১৬১ টাকা এবং ১ জুলাই ১৪৫ টাকা প্রস্তাব করা হলেও আর কোনো মূল্য সমন্বয় হয়নি। পেট্রোলের ক্ষেত্রেও ১ এপ্রিল বিপিসি প্রতিলিটার ১৪৫ টাকা প্রস্তাব করে। ১৯ এপ্রিল সরকার দাম নির্ধারণ করে ১৩৫ টাকা। এরপর ১ মে ১৬২ টাকা, ১ জুন ১৫৭ টাকা এবং ১ জুলাই ১৪০ টাকা প্রস্তাব করা হলেও সরকার আর মূল্য বাড়ায়নি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে গেলেও স্থানীয় বাজারে মূল্য সমন্বয় না হওয়ায় বিপিসিকে বিপুল লোকসান বহন করতে হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবিলায় ইআরএল ইউনিট-২ প্রকল্প থেকে ৯ হাজার ৭৫০ কোটি টাকা, অন্যান্য প্রকল্প থেকে ৩ হাজার কোটি টাকা, বিবিধ আয় খাত থেকে ২ হাজার ২৫০ কোটি টাকা এবং বিভিন্ন তফসিলি ব্যাংকে সংরক্ষিত অব্যবহৃত তহবিল থেকে ৬৪০ কোটি টাকা উত্তোলন করে চলতি মূলধন হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে প্রকল্প ও অন্যান্য সংরক্ষিত তহবিল প্রায় শেষ হওয়ার পথে।
জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে আর্থিক সক্ষমতা ধরে রাখার জন্য বিপিসি চার দফায় সরকারের কাছে ভর্তুকি চেয়ে চিঠি দিয়েছে। সর্বশেষ গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে মার্চ থেকে মে পর্যন্ত ১২ হাজার ৭৩৭ কোটি ৭৪ লাখ টাকা ভর্তুকি চাওয়া হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করে কম দামে জ্বালানি তেল সরবরাহ করেছে। অতীতেও আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময় বিপিসি ভর্তুকি দিয়ে একইভাবে তেল বিক্রি করেছে। এবারও প্রায় ১৮ হাজার কোটি টাকার ভর্তুকির সমপরিমাণ লোকসান হয়েছে। জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে ভর্তুকির অর্থ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তারা আশা করছেন।