× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে বিলুপ্তির পথে ৫০ প্রজাতির দেশি মাছ

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১০:৫৮ এএম

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দেশীয় মাছ বিক্রি করছেন এক জেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দেশীয় মাছ বিক্রি করছেন এক জেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদী-নালার নাব্যতা সংকট, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংস, নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার এবং পরিবেশগত নানা কারণে পিরোজপুরে অন্তত ৫০ প্রজাতির দেশি মাছ বিলুপ্তির পথে।

এ জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২২টি নদ-নদী থাকলেও সেগুলোর পাশাপাশি খাল, বিল ও অন্যান্য উন্মুক্ত জলাশয় থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় মাছ।

ফলে স্থানীয় বাজারে এখন আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন হাইব্রিড জাতের মাছ।

জেলার বড় বাজার পিরোজপুর শহর ছাড়াও জিয়ানগর, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও মঠবাড়িয়ার বাজারগুলো ঘুরে দেখা যায়, দেশীয় মাছ খুবই সীমিত পরিসরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পাঙ্গাশ, গলদা চিংড়ি, তেলাপিয়া, থাই কই, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগহেড কার্প, মাগুর ও শিংসহ বিভিন্ন হাইব্রিড মাছের দখলে রয়েছে বাজারের বড় অংশ।

এক দশক আগেও যেখানে স্থানীয় নদী-বিলের মাছের আধিপত্য ছিল, সেখানে এখন টাকি, পুঁটি, বাইলা, টেংরা, বেতরঙ্গি, গুলশা, শোল, ফলি, বাইন, বোয়াল ও আইড়ের মতো দেশি মাছ মিললেও সেগুলোর দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

নদী হারাচ্ছে দেশি মাছ

মৎস্য সংশ্লিষ্টদের মতে, দক্ষিণাঞ্চলজুড়ে প্রায় ৫০ প্রজাতির দেশি মাছ এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সরপুঁটি, রয়না, বাটা, দারকিনা, পাবদা, বোয়াল, কাতল, গজাল, গড়োই টাকি, নাপিত কই, তিতপুঁটি, ডগরী, চান্দা, চুচড়া, গুলশা টেংরা, চিতল, তারা বাইম, আইড়, ভাঙ্গান, মলা, কাচকি, চাপিলা, ইলিশ, চন্দনা ইলিশ, গজাড়, খলিশা, মৌরে চ্যালা, মাগুর, টাড়ো ভাঙ্গান, বাঁশপাতা, শিং, গোদা চিংড়ি ও নুন্দি বালে উল্লেখযোগ্য।

তাদের মতে, দীর্ঘদিন নদী ও খাল পুনর্খনন না হওয়ায় পলি জমে নাব্যতা কমেছে। খাল-বিল ভরাট হয়ে মাছের আশ্রয়স্থল সংকুচিত হয়েছে। শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় মাছ ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। 

অন্যদিকে প্রজনন মৌসুমে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে চায়না দুয়ারি, কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে মা মাছ ও রেণু পোনা নির্বিচারে নিধন করছে বলেও দাবি তাদের।

এছাড়া শুষ্ক মৌসুমে বিলের পানি সম্পূর্ণ সেচে মাছ ধরার প্রবণতাও দেশীয় মাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে বলেও জানান তারা।

কীটনাশকে বাড়ছে সংকট

জেলা মৎস্য দপ্তরের তথ্যমতে, ফসলি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির পানির সঙ্গে জলাশয়ে মিশে দেশি মাছের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

এসব বিষাক্ত উপাদানের কারণে রেণু পোনা, পুঁটি, টেংরা ও খলিশাসহ ছোট মাছ দ্রুত মারা যায়। যেসব মাছ বেঁচে থাকে, তাদের প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।

মৎস্য অফিস জানায়, রাসায়নিক সার জলাশয়ের পুষ্টি উপাদান অস্বাভাবিকভাবে বাড়িয়ে ক্ষতিকর শেওলা ও কচুরিপানার বিস্তার ঘটায়। একই সঙ্গে কীটনাশকের বিষক্রিয়ায় ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের মতো অতি ক্ষুদ্র খাদ্যকণা ধ্বংস হয়ে যাওয়ায় দেশীয় মাছ খাদ্য সংকটে পড়ে।

মৎস্য অফিস আরও জানায়, জেলায় মোট ২২টি নদী, ৫১০টি খাল, ১২৪টি বিল, ৩৩ হাজার ৫৪৫টি বেসরকারি এবং ১৯১টি সরকারি পুকুর রয়েছে। নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ৩০ হাজার ৭৪৬ জন। জেলায় আনুমানিক মাছ উৎপাদন ৩০ হাজার ৭৩৩ মেট্রিক টন, যেখানে চাহিদা ২৩ হাজার ৪৩৩ মেট্রিক টন।

জীবিকা বদলাচ্ছেন জেলেরা

মৎস্য কর্মকর্তারা জানান, অপরিকল্পিত আবাসন, সড়ক, বক্স কালভার্ট ও স্লুইসগেট নির্মাণের কারণে নদী ও খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে পাবদা, আইড়, বাইম ও বোয়ালের মতো মাছ বর্ষায় প্রজননের জন্য খাল-বিলে যেতে পারছে না। এতে স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় স্থানীয় অনেক জেলের সঙ্গে।

 তাদের ভাষ্য, আগে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যেত। এখন সারাদিন জাল টেনেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়। এ কারণে পিরোজপুর সদর, জিয়ানগর, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর ও মঠবাড়িয়ার নদীতীরবর্তী এলাকার বহু পরিবার মাছ ধরা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।

জিয়ানগরের কলারন গ্রামের জেলে মাসুম খান বলেন, নদী-খাল ভরাট হয়ে গেছে, পানিও কমে গেছে। অবৈধ জালের কারণে মাছ ধরা কঠিন হয়ে পড়েছে। ঋণ পরিশোধ করতে না পেরে অনেক জেলে রিকশা চালানো ও দিনমজুরির মতো পেশায় যুক্ত হচ্ছেন।

একই এলাকার মিজান খান বলেন, ছোটবেলা থেকে মাছ ধরে সংসার চালিয়েছেন। এখন মাছ না থাকায় অন্য কাজ করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সরকার নদী রক্ষা ও অবৈধ জাল বন্ধ করতে পারলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

‘শুধু অভিযান যথেষ্ট নয়’

মোরেলগঞ্জের হোগলাপাশা গ্রামের জেলে জিয়া বলেন, নদী-খাল থেকে অল্প কিছু দেশি মাছ সংগ্রহ করে প্রতিদিন পিরোজপুরে বিক্রি করতে আসেন। আগের মতো মাছ না পাওয়ায় খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। দেশি মাছের সংকটে বাজারেও দাম বেড়েছে।

নাজিরপুরের চাকরিজীবী শফিকুল ইসলাম বলেন, ছোট মাছ নির্বিচারে ধরার কারণে ভবিষ্যতে বড় মাছের সংকট আরও বাড়বে।

আইন কার্যকর করে অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, কারেন্ট জালসহ নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে। 

তিনি বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ড ও জরিমানাও করা হচ্ছে। পাশাপাশি জেলেপাড়া ও ঘাটে সচেতনতামূলক সভা, মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দেশীয় মাছ রক্ষায় শুধু অভিযান যথেষ্ট নয়। নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা, প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, রাসায়নিক কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি সমানভাবে জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা