নতুন রাষ্ট্রপতি নিয়োগ
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত
সদ্য শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে বিএনপির পরীক্ষিত ও সিনিয়র নেতাদের মনোনয়ন ঘিরে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। সংশ্লিষ্ট সূত্রের দাবিÑ রাষ্ট্রপতি পদে সিনিয়র নেতাদের কাউকে যাতে মনোনয়ন না দেওয়া হয় সে জন্যই এমনটি করা হচ্ছে। রাজনীতির বাইরে থেকে কাউকে এ পদে মনোনয়ন চেষ্টারই অংশ এসব প্রচারণা।
এ বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে নতুন সরকার। এতে বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বলা হচ্ছিল, ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি ও ড. আব্দুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করা হবে। পরে জাতীয় সংসদের স্পিকার করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। সংসদের সর্বশেষ অধিবেশনে ড. আব্দুল মঈন খানকে দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব।
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে পারেন এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীর আলোচনায় আসেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ ছাড়া নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আসেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি।
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পু শুক্রবার পদত্যাগ করার পর দলের সিনিয়র এই নেতাদের নিয়েই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়ানো শুরু হয়েছে নানা অপতথ্য। বিশেষ করে ড. খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে বলা হচ্ছেÑ তিনি শারীরিকভাবে অক্ষম। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। অনেক কিছুই তিনি মনে রাখতে পারেন না। তিনি রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
দলের পরীক্ষিত মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলা হচ্ছেÑ তিনি শারীরিকভাবে সক্ষম হলেও রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনে আগ্রহী নন। সরকারের শীর্ষ পর্যায়কে তিনি জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি পদে তার আগ্রহ নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে ভিন্ন তথ্য। মাত্রই শূন্য হওয়া রাষ্ট্রপতি পদের বিষয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে নীতিনির্ধারণী মহলের কারও কোনো আলোচনা হয়নি। রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা বা না করার বিষয়ে কথা বলার প্রশ্নই অবান্তর।
রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা ড. মঈন খান সম্পর্কেও বলা হচ্ছে তিনিও শারীরিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অক্ষম। এ কারণেই তাকে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত তিনি একটি মিটিংও আহ্বান করেননি। এমনকি সভাপতির পদে দায়িত্ব পালনে আগ্রহ দেখাননি। শারীরিক অসুস্থতার কারণে তিনি জাতীয় সংসদের অধিবেশনগুলোতেও নিয়মিত অংশ নিতে পারেননি।
স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সম্পর্কেও বলা হচ্ছেÑ তিনি বয়সের ভারে ন্যুব্জ। একই সঙ্গে তার রয়েছে শারীরিক অসুস্থতা। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রাষ্ট্রপতি পদে তাকে দায়িত্ব দেওয়া হলে তিনিও দায়িত্ব পালন করতে পারবেন না।
সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর আরেকটি তথ্য ছড়িয়ে দিয়ে বলা হচ্ছেÑ রাষ্ট্রপতি পদে বিএনপি একজন নারীকে মনোনয়ন দিতে পারে। বিএনপির নারী নেত্রীদের মধ্যে সবচেয়ে সিনিয়র হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সংরক্ষিত নারী আসনের সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমানের বিষয়েও বলা হচ্ছে, তিনি অসুস্থ এবং কারও সাহায্য ছাড়া চলাচল করতে পারেন না। রাষ্ট্রপতির দায়িত্ব পালন তার পক্ষে সম্ভব নয়।
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। সংবিধান সংশোধন হলে রাষ্ট্রপতি পদটি আগামীতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদান্তে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে রাষ্ট্রপতি দায়িত্বে থাকবেন। আর এ কারণেই দলের দীর্ঘদিনের পরীক্ষিত, নিবেদিত ও সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবতে পারে দলের নীতিনির্ধারক মহল।
গত ৪৮ ঘণ্টার প্রচারণায় দলের সিনিয়র নেতাদের দুর্বলতা ও অক্ষমতাকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে তাতে হতাশ হয়েছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ঠ আলাপচারিতায় বলেছেন, এসব প্রচারণা মূলত সিনিয়রদের নীতিনির্ধারণী জায়গা থেকে দূরে রাখার চেষ্টা। তিনি বলেন, সরকার গঠনের শুরুতেই সিনিয়র ও মধ্যম সারির নেতাদের বাদ রাখার মূল কারণ হচ্ছে এরা সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার টিমের সদস্য। তারা বিএনপির মূল দর্শনটি বোঝেন।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি পদে সিনিয়র নেতাদের বিষয়ে নেতিবাচক প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতির বাইরে থেকে কাউকে নিয়ে আসার সম্মিলিত প্রচেষ্টা। আর সেটা হওয়ার আশঙ্কা প্রবল। তিনি বলেন, রাজনীতির বাইরে থেকে প্রফেসর ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি করে বিএনপি ভালো ফল পায়নি, এটা বিবেচনায় থাকা দরকার। তিনি প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রসঙ্গ তুলে বলেন, বিজ্ঞ রাজনীতিক হওয়ার কারণেই আব্দুর রহমান বিশ্বাস লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমের ক্যু ঠেকিয়ে দিতে পেরেছিলেন। বঙ্গভবনে পৌঁছানোর আগেই তাকে বরখাস্ত করেন তিনি। ভবিষ্যৎ রাজনীতিতে আরও কঠিন সময় আসছে। বিএনপির এমন একজন লোকের দরকার।
রাজনীতিবিদের বাইরে এই প্রচারণায় যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী। এর বাইরেও কিছু নাম রাষ্ট্রপতি পদে আলোচনায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা ও বিএনপি মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত কারও নামই চূড়ান্ত নয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর আগামী ৯০ দিনের মধ্যে এ পদে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
মেজর হাফিজ কি ভারমুক্ত হবেন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আরেকটি প্রচারণা রয়েছে রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দিতে পারে বিএনপি। তবে অতীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার রেকর্ড নেই বিএনপির। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ২০০২ সালে ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন না দেওয়ায় তিনি জাতীয় সংসদের স্পিকার পদে ফিরে যান।
তবে এর উল্টোচিত্র ছিল শেখ হাসিনার সময়ে। ২০১৩ সালের ২০ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার আব্দুল হামিদ। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে একই বছরের ২২ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের ক্ষেত্রে কোনটা ঘটে সেটা এখন দেখার বিষয়।