× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় মাদকের ২৪৭ হটস্পট

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ০৯:৪১ এএম

নিত্য নতুন স্পট ব্যবহার করে মাদকপণ্যের বেচাকেনা চলছে ঢাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও মাদক উদ্ধারের পরও থামছে না এই বিস্তার। প্রতীকী ছবি

নিত্য নতুন স্পট ব্যবহার করে মাদকপণ্যের বেচাকেনা চলছে ঢাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও মাদক উদ্ধারের পরও থামছে না এই বিস্তার। প্রতীকী ছবি

নিত্য নতুন স্পট ব্যবহার করে মাদকপণ্যের বেচাকেনা চলছে ঢাকায়। ফলে মাদক ব্যবসা বিস্তারের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য। এক সময় নির্দিষ্ট মাত্র কয়েকটি স্পটে এর বেচাকেনা সীমিত থাকলেও তা এখন ছড়িয়ে পড়েছে অলিগলি, মহল্লা, বস্তি, আবাসিক এলাকা, রেললাইন, বাজার, গ্যারেজÑ এমনকি অনলাইন প্ল্যাটফর্মে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও মাদক উদ্ধারের পরও থামছে না এই বিস্তার।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য থেকে জানা যাচ্ছে, ঢাকায় এখন অন্তত ২৪৭টি মাদক স্পট, ২৩১ জন ডিলার পর্যায়ের ব্যবসায়ী এবং সাড়ে ৩ হাজারের বেশি সক্রিয় কারবারি রয়েছে। প্রতিদিন অন্তত ১০৫টি রুট ব্যবহার করে রাজধানীতে ইয়াবা, আইস, হেরোইন ও ফেনসিডিল ঢুকছে। কোনো স্পটে বেচাকেনার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে না হতেই বেছে নেওয়া হচ্ছে নতুন স্পট। এভাবে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ (আইস), সিসা ও এলএসডির মতো কৃত্রিম মাদকও ছড়িয়ে পড়েছে শহরের নানা প্রান্তে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পেজ গ্রুপ এবং এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ব্যবহার করেও চলছে বেচাকেনা।

সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এই চালচিত্র খুঁজে পেয়েছে প্রতিদিনের বাংলাদেশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিবি) সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ছাড়াও বিভিন্ন মাধ্যমে রাজধানীতে মাদক নেটওয়ার্ক বিস্তারের এসব তথ্য মিলেছে। 

গত ৩ জুলাই ঢাকার ভাটারা, কালাচাঁদপুর, বসুন্ধরা ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ কেজি সিসা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ডিএনসি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন ইরানি বংশোদ্ভূত সহোদর। পারিবারিক ব্যবসার সূত্রে তারা ঢাকাতেই বসবাস করছিলেন। ওই দিনই টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও একটি রাইফেল জব্দ করা হয়। আগের দিন ২ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপে পৃথক অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করার পাশাপাশি আটক করা হয় দুইজনকে। এদিকে ৩ জুলাই রাজধানীতে পাকস্থলীর ভেতরে ইয়াবা বহনের সময় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে বহুমাত্রিক কৌশল। কখনও দোকানের আড়ালে, কখনও ভ্রাম্যমাণ দোকানে, কখনও হাঁটতে থাকা ব্যক্তির শরীরে, আবার কখনও যাত্রীবাহী যানবাহনের গোপন চেম্বারে লুকিয়ে আনাÑনেওয়া করা হচ্ছে মাদক। শুধু তাই নয়, পাকস্থলীর ভেতর, বিভিন্ন পণ্যের মধ্যে বিশেষভাবে তৈরি কুঠুরিতে, এমনকি মোবাইল ফোনের ব্যাটারির চেম্বারেও ইয়াবা বহনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর কয়েকটি এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবনের ঘটনাও বাড়ছে।

২৪৭ স্পট, ২৩১ ডিলার, সাড়ে ৩ হাজার কারবারি

একাধিক গোয়েন্দা সংস্থা ও ডিএনসি’র তথ্য অনুযায়ী, ডিএমপির আটটি অপরাধ জোনে ২৪৭টি স্থানকে মাদক বেচাকেনার স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্পটকে কেন্দ্র করে ২৩১ জন ডিলার পর্যায়ের মাদক ব্যবসায়ী এবং সাড়ে ৩ হাজারের বেশি কারবারি সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তার ও অভিযানের পরও নতুন কারবারি যুক্ত হওয়ায় এই নেটওয়ার্ক ভাঙা কঠিন হয়ে পড়ছে।

ডিএনসি’র হালনাগাদ তথ্য অনুযায়ী, ঢাকার চারপাশের ১০৫টি রুট ব্যবহার করে প্রতিদিন ইয়াবা, আইস, হেরোইন ও ফেনসিডিল রাজধানীতে প্রবেশ করছে। সীমান্ত থেকে জেলা, জেলা থেকে রাজধানী এভাবেই গড়ে উঠেছে বহুস্তরীয় সরবরাহ চেইন।

সম্প্রতি মেরুল বাড্ডা কাঁচাবাজার এলাকায় নতুন একটি মাদক স্পটের অস্তিত্বের কথা জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, থানা ভবন থেকে কয়েকশ মিটার দূরেই প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। একইভাবে সায়েদাবাদ জনপদের মোড় থেকে দয়াগঞ্জ সড়ক, মুগদা, মান্ডা, যাত্রাবাড়ীসহ প্রায় গোটা ঢাকায় সব রিকশা গ্যারেজগুলোও নতুন করে মাদক স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয়দের দাবি, গ্যারেজের আড়ালে ইয়াবা, হেরোইন ও গাঁজার কেনাবেচা চলে। একই চক্র ছিনতাইসহ অন্যান্য অপরাধেও জড়িত।

তাদের তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ অনুযায়ী, কারওয়ান বাজার লেভেল ক্রসিং থেকে নাখালপাড়া রেলস্টেশন পর্যন্ত রেললাইনের দুই পাশ এখনও অন্যতম সক্রিয় মাদক কেন্দ্র। এ ছাড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও টাউন হল এলাকা, মিরপুর ও পল্লবীর বিভিন্ন বিহারি ক্যাম্প, আগারগাঁওয়ের বস্তি এলাকা দীর্ঘদিন ধরেই মাদকের স্পট হিসেবে পরিচিত। এ ছাড়া বাড্ডা, মহাখালী, তেজগাঁও, তুরাগ, যাত্রাবাড়ী, শনির আখড়া, ডেমরা, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, হাজারীবাগ, রায়েরবাজার, গাবতলী-বাগবাড়ী, ফকিরাপুল কালভার্ট বস্তি, গোলাপবাগ, সিটি কলোনি এবং গোপীবাগ মেথরপট্টি রেললাইন এলাকাতেও মাদক কারবার সক্রিয় রয়েছে।

তিন এলাকা কার্যত মাদকের ‘হটস্পট’

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত তিনটি এলাকা কার্যত মাদকের বড় বাজারে পরিণত হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সবচেয়ে আলোচিত। মুরগিপট্টি, বাবর রোড ও হুমায়ুন রোড এলাকায় নারী ও শিশুদের ব্যবহার করে ইয়াবা ও হেরোইন বিক্রির অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। কারওয়ান বাজার-নাখালপাড়া রেললাইন এলাকা ২৪ ঘণ্টাই সক্রিয় মাদক বাজার হিসেবে পরিচিত। এ ছাড়া মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মাদক নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী এবং এর সঙ্গে উচ্চপর্যায়ের স্বার্থ জড়িত। সীমান্ত এবং অভ্যন্তরে প্রভাবশালী মহলের সম্পৃক্ততা থাকায় এই চক্র ভাঙা কঠিন। এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “রাজধানীসহ বড় শহরের প্রায় প্রতিটি এলাকাতেই এখন মাদকের বিস্তার ঘটেছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনে মাদকের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “রাজধানীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তবে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ করা না গেলে শুধু রাজধানীতে অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।” তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সমাজকে সম্পৃক্ত করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা