সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মামলার তদন্ত এগিয়ে নেওয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে মামলায় আমিনুর রহমান নামে এক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খান শুক্রবার জানান, মামলাটির তদন্ত চলছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে তলব করা হতে পারে। মামলার এজাহারের কয়েকটি বিষয়ে অস্পষ্টতা থাকায় সেগুলো যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
ডিবি সূত্রের দাবি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যে স্থানে ধারণ করা হয়েছে, সেটি তার শ্বশুর মাসুম বিল্লাহর বলে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন। ভিডিও প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান দলবল নিয়ে তার কক্ষে প্রবেশ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন এবং ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।
অন্যদিকে গাড়িচালক ওবায়দুর রহমান অভিযোগ করেছেন, গাজী নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং মারধর করেছেন। তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, উভয় পক্ষের অভিযোগ যাচাই করতে মাঠপর্যায়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
গত মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে গাজী নজরুল ইসলাম ও এক নারীকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামী জানায়, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরদিন দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
তদন্ত সূত্র জানায়, মামলা হওয়ার পর গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে গাড়িচালক ওবায়দুর রহমান দাবি করেছেন, তিনি পল্লবীতে বসবাস করেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুল ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে ওবায়দুরের অভিযোগ অনুযায়ী, তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর তিনি পরিবারকে অবহিত করেন এবং গাজী নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে গাজী নজরুল তাকে প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, বিরোধের জেরে গত ১৪ জুলাই গাজী নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়। ওই দিন বেলা ১১টার দিকে আমিনুর রহমান কৌশলে তাকে ড্রয়িংরুমে ডেকে নেন। পরে সেখানে উপস্থিত অন্য আসামিদের সঙ্গে মিলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।