× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে একাধিক ফেসবুক পেজ-গ্রুপ

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। পরদিন ১৮ ফেব্রুয়ারি সরকারের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়। পেজটিতে প্রধানমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রীর সিলমোহর, জাতীয় পতাকা ও জনসমাবেশের ছবি ব্যবহার করা হয়েছে এবং এটি সবুজ টিকচিহ্নসহ ভেরিফায়েড।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকের সংবাদ প্রকাশের মাধ্যমে পেজটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, সরকারি কার্যক্রম ও সংবাদ নিয়মিত প্রকাশ করা হয়। বর্তমানে পেজটির অনুসারী (ফলোয়ার) সংখ্যা ১৩ লাখ। সরকারি কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ের মানুষ এই পেজ অনুসরণ করে আসছেন।

তবে সম্প্রতি একই বা কাছাকাছি নামে একাধিক ফেসবুক পেজ ও পাবলিক গ্রুপ চালু হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এসব গ্রুপ ও পেজেও প্রধানমন্ত্রীর ছবি, বিভিন্ন কার্যক্রমের ভিডিও, ফটো কার্ড এবং সংবাদ শেয়ার করা হচ্ছে। ‘PMO Bangladesh’ নামে একটি পাবলিক গ্রুপে সদস্য সংখ্যা ১০ হাজার ৮০০-এর বেশি। সেখানে বিভিন্ন গণমাধ্যমের টকশো, ভিডিও, সংবাদ লিংক এবং বিএনপির বিভিন্ন কর্মসূচির ছবি প্রকাশ করা হয়। 

‘Prime Minister's Office প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে আরেকটি পাবলিক গ্রুপে সদস্য সংখ্যা ২৯০। গ্রুপটির কভার ছবিতে একটি মিছিলে তারেক রহমানের তিনটি ছবি ব্যবহার করে ‘ধানের শীষের বিজয়’ লেখা রয়েছে। সেখানে বিভিন্ন ছবি, ফটো কার্ড ও সংবাদ শেয়ার করা হয়।

‘Prime MinisterÑ তারেক রহমান’ নামে আরেকটি পাবলিক গ্রুপে সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ১০০। গ্রুপটির কভার ছবিতে বাংলা ও ইংরেজিতে প্রধানমন্ত্রীর নাম, বিএনপির নির্বাচনী স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’, ‘জনগণের পক্ষে তারেক রহমান’ এবং প্রধানমন্ত্রীর সিলমোহরের আদলে একটি বৃত্ত ব্যবহার করা হয়েছে। এছাড়া জাতীয় পতাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পতাকা, বাংলাদেশের মানচিত্র এবং প্রধানমন্ত্রীর একটি ছবি রয়েছে। গ্রুপটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে ফটো কার্ড, ছবি ও সংবাদ প্রকাশ করা হয়।

‘PMO Bangladesh Ñ প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে আরেকটি পাবলিক গ্রুপে অফিসিয়াল ফেসবুক পেজের ছবি ব্যবহার করা হয়েছে। গ্রুপটির সদস্য সংখ্যা ৫৬৩। এছাড়া ‘প্রধানমন্ত্রীর কার্যালয়-PMO Bangladesh’ নামে আরেকটি পাবলিক গ্রুপে সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার ৬০০। এর কভার ছবিতে জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন গ্রাফিক উপাদান ব্যবহার করা হয়েছে। গ্রুপটিতে বিভিন্ন ছবি, ভিডিও, সংবাদ এবং ব্যক্তিগত মতামত প্রকাশ করা হয়।

বিএনপি বিট কভার করা কয়েকজন সাংবাদিক বলেন, “একই বা কাছাকাছি নামে একাধিক পেজ ও গ্রুপ থাকায় তথ্য সংগ্রহে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাদের ভাষ্য, সব কর্মসূচিতে উপস্থিত থাকা সম্ভব হয় না; অনেক সময় সামাজিক মাধ্যমের তথ্যের ওপর নির্ভর করতে হয়। সাংবাদিকরা বিকল্প উৎস থেকে তথ্য যাচাই করতে পারলেও সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্তিতে পড়তে পারেন।”

এ বিষয়ে আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তানভীর হাসান জোহা বলেন, “বিষয়টি তাদের আওতাভুক্ত নয়। তার ভাষ্য, এ ধরনের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের দেখভালের মধ্যে পড়ে। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের পেজ বা গ্রুপ পরিচালিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে বক্তব্য জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে তথ্য ও সম্প্রচার সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ধরনের কোনো বিষয় তাদের নজরে আসেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ দেখভালের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয় আনুষ্ঠানিকভাবে তাদের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা বিবেচনা করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা