× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী

জোড়াতালিতে চলছে স্বাস্থ্যসেবা

আরেফিন লিমন (গলাচিপা) পটুয়াখালী

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১১:৫১ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১১:৫৬ এএম

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও কর্মচারীসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও কর্মচারীসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপকূলীয় পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনার চার লাখের বেশি মানুষের চিকিৎসার একমাত্র ভরসা গলাচিপা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু রোগীর তুলনায় সীমিত অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব, দীর্ঘদিনের জনবল সংকট এবং পুরনো ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেকটা জোড়াতালির মাধ্যমেই স্বাস্থ্যসেবা চলছে। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের।

একদিকে রোগীর উপচে পড়া ভিড়, অন্যদিকে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবÑ সব মিলিয়ে প্রতিদিনের স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আলট্রাসনোগ্রাম মেশিন না থাকায় গত সাত-আট বছর ধরে গাইনি বিভাগের গুরুত্বপূর্ণ এই সেবা বন্ধ রয়েছে। অন্যদিকে ডিজিটাল যুগে চলছে পুরনো এক্স-রে পদ্ধতি। কিন্তু সেটিও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে একদিকে বাড়ছে চিকিৎসা ব্যয়, অন্যদিকে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ পড়ছেন ভোগান্তিতে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ২২৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩১ জন। ফলে ৯৬টি পদ শূন্য থাকায় হাসপাতালের চিকিৎসা ও সেবাদান কার্যক্রমেও চাপ সৃষ্টি হচ্ছে।

সরকারিভাবে হাসপাতালটি ৫০ শয্যার হলেও বাস্তবে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় ১৫০ থেকে ২০০ রোগী। আর বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৩০০ থেকে ৪০০ জনের মতো রোগী। অর্থাৎ নির্ধারিত ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপ সামলাতে হচ্ছে এই হাসপাতালকে। অতিরিক্ত রোগীর কারণে অনেক সময় শয্যা সংকট দেখা দেয়। বাধ্য হয়ে মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা দিতে হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ছাড়া চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকটে ভুগছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ রয়েছে ২৭৩টি। এর মধ্যে কর্মরত ১৪২ জন, আর দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১৩১টি পদ।

উপস্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর অনুমোদিত ৪৬টি পদের মধ্যে মাত্র ১১টি পদে জনবল রয়েছে। বাকি ৩৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

গলাচিপা পৌর এলাকার বাসিন্দা নিকর হাওলাদার বলেন, “চিকিৎসার জন্য সাধারণ মানুষ এই হাসপাতালের ওপরই নির্ভরশীল। প্রয়োজনীয় অনেক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিভিন্ন পরীক্ষা করাতে বাইরে যেতে হয়, এতে ভোগান্তি বাড়ে।”

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, “গলাচিপা ছাড়াও রাঙ্গাবালী ও দশমিনা উপজেলার অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। মাত্র ৫০ শয্যার হাসপাতালে অনেক সময় শয্যা না থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়।”

তিনি বলেন, “ওষুধ ও রিএজেন্টের বরাদ্দ রোগীর সংখ্যার তুলনায় অপ্রতুল। আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন নষ্ট থাকায় নতুন মেশিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অ্যানালগ এক্স-রে মেশিনও বদলানো প্রয়োজন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা