× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকল্প শেষের আগেই বিল পকেটে

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১১:২৪ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৪:০৮ পিএম

এআই জেনারেটেড প্রতীকী ছবি

এআই জেনারেটেড প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রায় ৯০ লাখ টাকার একাধিক সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উন্মুক্ত বা ই-জিপি টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে অর্থবছর শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে বরাদ্দের অর্থছাড় করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দাবি, বাজেট ফেরত যাওয়ার আশঙ্কায় নিয়ম মেনেই অর্থ ব্যাংকে সংরক্ষণ করা হয়েছে, এখনও কোনো ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ডিও (ডেমি-অফিসিয়াল) লেটারের বিশেষ বরাদ্দের ৪১ লাখ টাকা, উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের ৩০ লাখ টাকা এবং জাতীয় রাজস্ব তহবিলের ১৯ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে এ অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জুন ক্লোজিংয়ের আগে কাগজে প্রকল্প সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সরকারি বিধি অনুযায়ী, কোনো প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী কাজের সন্তোষজনক সমাপ্তির প্রত্যয়ন দেন। এরপর উপজেলা প্রকৌশলী বিলে স্বাক্ষর করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনের পর উপজেলা হিসাবরক্ষণ অফিস অর্থছাড় করে। অভিযোগ রয়েছে, লোহাগাড়ার একাধিক প্রকল্পে কাজ শেষ না হলেও এসব প্রক্রিয়া সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত বা ই-জিপি টেন্ডার না করে গোপনে নোটিস প্রস্তুত করে পছন্দের ঠিকাদার নিয়োগ অথবা টেন্ডার সম্পন্ন দেখানো হয়েছে। নির্ধারিত সময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবর্তে গোপনে কার্যাদেশ দেওয়ারও অভিযোগ রয়েছে।

উপজেলার বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, যেসব প্রকল্পের বিপরীতে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে, সেগুলোর অনেকগুলোর কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। কোথাও নির্মাণকাজ শুরুই হয়নি, কোথাও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, আবার কিছু প্রকল্পের বাস্তব অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা। অনুসন্ধানে মাত্র দুটি প্রকল্পে সীমিত পরিসরে কিছু কাজের আলামত মিলেছে। এলাকাবাসীর ভাষ্য, বরাদ্দের তুলনায় ওই কাজের পরিমাণ অত্যন্ত সামান্য।

জাতীয় রাজস্ব তহবিলের ১৯ লাখ টাকার প্রকল্পের মধ্যে রয়েছে উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়, উপজেলা পরিষদ ভবন ও পুরনো মুক্তিযোদ্ধা ভবন সংস্কার এবং উপজেলা পরিষদের মাঠ উন্নয়নের কাজ। উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের ৩০ লাখ টাকার আওতায় রয়েছে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সড়ক, শিশু পার্ক, সভাকক্ষ, হলরুম ও গোলাঘর সংস্কার। অন্যদিকে, সংসদ সদস্যের ডিও লেটারের আওতায় ৪১ লাখ টাকার ১২টি প্রকল্পের অধিকাংশেরই বাস্তব অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, “মাঠে গেলেই বোঝা যায় অনেক প্রকল্পের কাজ শেষ হয়নি। অথচ কাগজে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে বিল তোলা হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

কলাউজান ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মাসুম বলেন, “আমাদের এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল। প্রস্তাবিত সংস্কার কাজের বাস্তব অগ্রগতি চোখে পড়ে না।”

লোহাগাড়া ইউনিয়নের বাসিন্দা সামিউল হুদা চৌধুরী বলেন, “আমার বাড়ির পাশের সড়কে আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। কোনো কাজই শুরু হয়নি।”

যুব উন্নয়ন প্রকল্পের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরমান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী শাহ আলম বলেন, “আমাদের প্রতিষ্ঠানের কাজ চলমান। তিনটি কক্ষের মধ্যে দুটির কাজ শেষ হয়েছে। সামগ্রিকভাবে ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিল পাওয়ার সুযোগ নেই। অর্থ উত্তোলনের অভিযোগ সঠিক নয়; টাকা উপজেলা ফান্ডেই রয়েছে।”

বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বলেন, কাজের ব্যাপারে তার জানা মতে এখনও কিছু শুরু হয়নি এবং বরাদ্দটি কার নামে বা কার অধীনে দেখানো হয়েছে তা স্পষ্ট না জেনে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। 

আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, বিষয়টি তাদের পক্ষ থেকে সরাসরি পরিচালিত না হওয়ায় এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কাজটি সম্ভবত টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা।

উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, “অর্থবছর শেষ হয়ে আসছিল এবং বাজেট ফেরত চলে যাওয়ার আশঙ্কা থাকায় বরাদ্দের টাকা উত্তোলন করে উপজেলা পরিষদের হিসাবে স্থানান্তর করে রাখা হয়েছে। কাজ সম্পন্ন হলে ঠিকাদার ওই টাকা বুঝে নেবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী ৩০ জুনের আগে বরাদ্দের অর্থ উত্তোলন করা বাধ্যতামূলক। অন্যথায় সেই অর্থ ফেরত চলে যাওয়ার ঝুঁকি থাকে। সেই অনুযায়ী ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ তুলে ব্যাংকে জমা রাখা হয়েছে। কাউকে নগদ অর্থ দেওয়া হয়নি। কাজের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিল পরিশোধ করা হবে।”

তিনি আরও বলেন, “ক্যাশ টাকা হিসেবে কেউ এই অর্থ তুলে রাখেনি এবং ব্যাংকে ড্রাফট হিসেবে থাকায় এটি পুরোপুরি সুরক্ষিত রয়েছে। পরবর্তীতে কাজের অগ্রগতি ও নিয়ম অনুযায়ী এই অর্থ ব্যয় করা হবে। নিয়ম মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপাতত সব প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে প্রকল্পের টাকা দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মুহূর্তে কোনো ঠিকাদার বা ব্যক্তিকে বিল প্রদান না করা হয়। কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরেই কেবল নিয়ম অনুযায়ী অর্থছাড় করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা