× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মজুমদার ইমরান

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১০:১৪ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৫:১৪ পিএম

আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

গণভবন। পতিত প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন। যেটি ছিল গত দেড় দশকেরও বেশি সময় ধরে চরম একনায়কতান্ত্রিক এক দুঃশাসনের কেন্দ্র। ভয়ংকর অগণতান্ত্রিকতার উৎস। কিন্তু শেষ পর্যন্ত জাগ্রত জনতার মহারণে ভেঙে পড়েছে ফ্যাসিবাদী শাসনের সেই কেন্দ্র। ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং গণভবনটি হয়ে উঠেছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।’ যেখানে থাকবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের দমন-নিপীড়নের চিত্র।

নানা চড়াই-উতরাই পেরিয়ে আগামী ৫ আগস্ট উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘরের। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, গণভবনের সামনে লোহার মেইন গেটে বড় করে জাদুঘরের সাইনবোর্ড লাগানো। মূল ফটক বন্ধ রয়েছে। তবে ভেতরের দিকে তাকাতে চোখে পড়ল নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত কয়েক সদস্যকে। তারা জানালেন, ‘ভেতরে জাদুঘরের কাজ চলছে। অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। জাদঘুর কবে থেকে চালু হবে তা জানা নেই।’ জাদুঘরের বাইরে ঘুরে দেখা গেল, ভাঙা দেয়ালের জায়গায় বসানো হয়েছে লোহার রডের বেড়া। লেক রোডের কোণ থেকে জিয়া উদ্যান পর্যন্ত রাস্তার পাশে টিনের দেয়াল তুলে ঢেকে দেওয়া হয়েছে। 

জাদুঘর সংশ্লিষ্টরা বলছেন, জুলাই স্মৃতি জাদুঘরে এই গণঅভুত্থানের স্মৃতিচিহ্ন, বিভিন্ন উপকরণ ও নমুনা ছাড়াও শেখ হাসিনার সরকারের ১৬ বছরের দুঃশাসনের ঐতিহাসিক তথ্য ও চিহ্ন সংরক্ষণ করা হবে। বিশেষভাবে থাকবে পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ভোট ডাকাতি ইত্যাদির নিদর্শন ও শিল্পকর্ম। জাদুঘরে একটা স্ক্রিনিং সেন্টার থাকবে, যেখানে জুলাই ও ১৬ বছরের দুঃশাসনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এর উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরা। দেশি-বিদেশি গবেষকরা অনলাইনে এটি দেখার সুযোগ পাবেন। 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জাদুঘরটি জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ৫ আগস্ট এটি উদ্বোধনের কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করবেন।’
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বলেন, “গণভবন শুধু শেখ হাসিনার বাসভবন ছিল না। এখানে তার অফিসও ছিল। ওই অফিসে অনেক নথি পাওয়া গেছে। যার কিছু অংশ ট্রাইব্যুনালে বিচারের সময়ও ব্যবহার হয়েছে। এগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে এখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া এখানে পাঁচ শতাধিক শহীদের পরিবারের বক্তব্য অডিও আকারে শোনা যাবে।”
তিনি বলেন, “উদ্বোধন সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলো শেষ মুহূর্তের কাজ এগিয়ে নিচ্ছে। প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাধারণ দর্শনার্থীর জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে। শিক্ষার্থী, গবেষক এবং ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি ও গাইডেড ট্যুরের ব্যবস্থাও থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা