ড. আবদুল মঈন খান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শারীরিক অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জনমনে ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্নÑ দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? রাজনৈতিকভাবেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে কৌতূহল রয়েছে।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে দলের সিনিয়র তিন থেকে চারজনের নামই বেশি শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেনÑ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও নজরুল ইসলাম খান। এদের মধ্যে ড. মঈন খানের নাম বেশি আলোচনায় রয়েছে। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম হঠাৎ করে আলোচনায় এসেছে। প্রশাসনিক অভিজ্ঞতা এবং সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থাÑ এসব বিবেচনা থেকে তার নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দল ও সরকারের নীতিনির্ধারকরা আরও আলোচনা করবেন।
রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। এ পদে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সচিবের নাম হঠাৎ আলোচনায় আসার বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি একেবারেই অবগত নই। আর রাষ্ট্রপতির পদত্যাগের পর শূন্য পদে অনেক নামই আলোচিত হবেÑ এটাই স্বাভাবিক।’
ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের বিবেচনায় রয়েছে, নতুন রাষ্ট্রপতিকে পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক চাপও সামলাতে হবে। সরকার, বিরোধী দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাও তাই গুরুত্ব পাচ্ছে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ক্ষমতাসীন বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তিরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা।
আলোচনায় বিএনপির যেসব নেতার নাম
রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতিতে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এ ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দল ও সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেও মির্জা ফখরুলের নাম তালিকার শীর্ষে। মির্জা ফখরুল নির্বাচিত হলে তিনি হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।
দলীয় সূত্র জানায়, দলের অনুগত এবং দুঃসময়ের কান্ডারি হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুলের ইতিবাচক মনোভাব এবং বাংলাদেশপন্থী রাজনীতি তাকে সর্বজন গ্রহণযোগ্য করে তুলেছে। দল-মত নির্বিশেষে তিনি একজন সজ্জন রাজনীতিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি, ড. আব্দুল মঈন খান এমপি ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। তাদের প্রত্যেকের দলের প্রতি আনুগত্য, দেশ ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে।
সূত্র মতে, শুধু জ্যেষ্ঠতা নয়, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ভারসাম্য, দলীয় নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা, সংসদীয় সমীকরণ, প্রশাসনিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মতো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্দোলনের মুখ মির্জা ফখরুল
গত দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রধান মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, সংলাপ কিংবা আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকÑ সবক্ষেত্রে তিনি দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন।
দলীয় নেতারা বলছেন, বর্তমানে ড. খন্দকার মোশাররফ ও মঈন খান শুধু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা ও বয়স অনুযায়ী তাদের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে না রাখাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনার ইঙ্গিত দেয়।
তৃণমূল থেকে উঠে আসা মির্জা ফখরুল শুরুতে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে নিরীক্ষক হিসেবেও কাজ করেন। পরে জিয়াউর রহমানের আমলে উপ-প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীর একটি বড় অংশ মনে করেন, দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দলীয় গ্রহণযোগ্যতার কারণে রাষ্ট্রপতি পদের জন্য তিনি অন্যতম যোগ্য। রাজনীতির বাইরেও সুশীল সমাজ ও তরুণদের একটি অংশের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুলকে সক্রিয় দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। ফলে তার সম্ভাবনা নিয়ে দলে ভিন্নমতও রয়েছে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য সেরা প্রার্থী হিসেবে দেখছেন। গতকাল শুক্রবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন। তিনি লেখেন, ‘বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
স্ট্যাটাসে ড. আসিফ নজরুল আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।’ শেষে তিনি লেখেন, ‘বিএনপিতে উপযুক্ত আরও কেউ কেউ আছেন। তবে আমার মতে, সবদিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।’
এ ছাড়া, রাষ্ট্রপতি পদেরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে এমন এক বিশেষ মাহাত্ম্য আছে, যা বাংলাদেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি দায়িত্ব নিলে রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হতো। সত্যি বলতে, মির্জা ফখরুলের এই পদের প্রয়োজন নেই। সম্মান পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রপতি পদেরই তাকে প্রয়োজন।’ তিনি আরও লেখেন, ‘আমাদের সময়ে তিনি এরই মধ্যে একজন সুপারস্টার, যিনি হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন। তার মাহাত্ম্য এবং ইস্পাত-কঠিন সংকল্পই আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে।’ শেষে শফিকুল আলম লেখেন, ‘মির্জা সাহেব, গত ২০ বছর ধরে আপনার রাজনীতির একজন একনিষ্ঠ ভক্ত আমি। আপনি রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করেছেন। আপনি একে অর্থবহ করে তুলেছেন।’
প্রশাসনিক অভিজ্ঞতায় এগিয়ে মোশাররফ
ড. খন্দকার মোশাররফ হোসেন শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ইম্পেরিয়াল কলেজ থেকে ডিআইসি ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সাল থেকে খন্দকার মোশাররফ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। কুমিল্লা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জ্বালানি ও খনিজসম্পদ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক যোগাযোগে মঈন খান
ড. আবদুল মঈন খান বিএনপির উদারপন্থী নেতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুখ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করা এই রাজনীতিক দীর্ঘদিন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক মহলের সঙ্গে বিএনপির যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক মঈন খান ১৯৯১ সালে প্রথম নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা আবদুল মোমেন খান মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এবং পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন।
শ্রমিক নেতা থেকে শীর্ষ নেতৃত্বে নজরুল ইসলাম
ছাত্র, শ্রমিক ও জাতীয় রাজনীতিতে পাঁচ দশকের অভিজ্ঞতা রয়েছে নজরুল ইসলাম খানের। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে জয়দেবপুর সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খান। পরে শ্রমিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ২০০১-২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৮ এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাদের ভাষ্যে, বর্তমানে ড. খন্দকার মোশাররফ ও মঈন খান শুধু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা ও বয়স অনুযায়ী তাদের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে না রাখাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনার ইঙ্গিত দেয়।