× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কের আরেক নাম চুপ্পু

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৮:২৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের রাষ্ট্রীয় রাজনীতিতে আলোচিত একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে। ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, আইন পেশা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ততা এবং সর্বশেষ রাষ্ট্রপতির দায়িত্ব পালনের দীর্ঘ এই পথচলায় তিনি পালন করেছেন গুরুদায়িত্ব। তার এই দায়িত্ব পালনকালে উঠেছে নানা বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক প্রশ্নও।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তার সাংবিধানিক ভূমিকা নিয়ে শুরু হয় বিতর্ক। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও রাষ্ট্রপতির দায়িত্বে বহাল থাকেন তিনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় তার পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার।

পাবনা জেলার শিবরামপুর গ্রামে ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ১৯৬৬ সালে পাবনা রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ও ১৯৭১ সালে (১৯৭২ সালে অনুষ্ঠিত) বিএসসি পাস করেন। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। পরে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে অর্জন করেন এলএলবি ডিগ্রি।

পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মো. সাহাবুদ্দিন। ১৯৭১ সালের ৯ এপ্রিল তিনি ভারতে যান ও প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। দৈনিক বাংলার বাণীতে কিছুদিন সাংবাদিকতাও করেন তিনি। পরে যোগ দেন আইন পেশায়। শুরুতে তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে তিনি মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। সাহাবুদ্দিন ১৯৯৫ ও ১৯৯৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। জেলা ও দায়রা জজ হিসেবে ২০০৬ সালে অবসরে যান।

২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান (সুপ্রিম কোর্টের বিচারপতির পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালের সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার কারণ ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত তাদের দাখিলকৃত প্রতিবেদন সরকার গেজেট আকারে প্রকাশ করে। তিনি মুজিব হত্যা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিচারিক কাজের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১৪ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হন ও অবসরে যান ২০১৬ সালে।

দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংক উত্থাপিত কথিত পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে মুখ্য ভূমিকা পালন করেন এবং বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা ও অন্তঃসারশূন্য তা প্রমাণে সমর্থ হন। তার পাঠানো তদন্ত প্রতিবেদন কানাডার আদালত সমর্থিত হয়। বলা হয়Ñ শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করার পেছনে এটাও অন্যতম কারণ ছিল। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাহাবুদ্দিন ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে খালি হওয়া প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে মনোনীত করা হয় তাকে। দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড নিয়ে পরবর্তী সময়ে নানা রাজনৈতিক বিতর্ক রয়েছে, সাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত ভূমিকা নিয়েও বিভিন্ন সময় ওঠে প্রশ্ন। সমালোচকদের অভিযোগ ছিল, দুদকের কার্যক্রমে রাজনৈতিক বাস্তবতার বাইরে থাকতে পারেননি তিনি। তবে বরাবরই তিনি দাবি করেছেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

পরবর্তী সময়ে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় বড় পরিবর্তন আসে। একটি গ্রুপের প্রভাব বিস্তার, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, করপোরেট গভর্ন্যান্স নিয়ে প্রশ্ন এবং বিপুল অঙ্কের ঋণ বিতরণ নিয়ে আলোচনা শুরু হয় দেশজুড়ে। সমালোচকদের একাংশের অভিযোগ ছিল, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি বিতর্কিত সিদ্ধান্তগুলোর সময় দায়িত্বে ছিলেন। যদিও এসব অভিযোগে তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তিনি প্রকাশ্যে এসব বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়াও দিয়েছেন খুব কম।

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। একসময়ের এই ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে নির্বাচিত করেন। তখন তার এই মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের অন্দরমহলে ছিল নানা বিতর্ক। দলের অনেক ত্যাগী ও সিনিয়র নেতা থাকার পরও কী কারণে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তা আজও রহস্যাবৃত্ত।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র ১৬ মাসের মাথায় ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনার বিদায়ের পরপরই তিনি দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও শপথ পড়ান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো অধ্যাদেশ আকারে জারি হয়েছে তার স্বাক্ষরে। গণঅভ্যুত্থানের পরপর শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছিল জামায়াতসহ আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্ররা। তারা আন্দোলন কর্মসূচি দিলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সেই প্রচেষ্টার বিরোধিতা করে বিএনপি। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পরপরই আলোচনা শুরু হয় সাহাবুদ্দিনের সেইফ এক্সিট নিয়ে। সে সময়ে দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করার গুঞ্জন ওঠে। কিন্তু তাকে অপসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানায় বিএনপি নেতারা। তিনিও সে সময় বঙ্গভবনে তার শেষ ঈদ করে যেতে চান বলে খবর বেরিয়েছিল। বিএনপির সরকার গঠনের পাঁচ মাসের মাথায় এসে রাষ্ট্রপতির সরে যাওয়ার বিষয় নিয়ে আবারও নানা গুঞ্জন ওঠে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতিকে অপসারণ করা না গেলেও তার চলাচল সীমিত করে দেওয়া, বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি অপসারণ এবং প্রেস উইং ছোট করাসহ অনেক অপমানজনক পদক্ষেপ নেওয়া হয়। মিডিয়াতে রাষ্ট্রপতির বন্দিজীবন নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অপমানিত বোধ করছি। আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই। নির্বাচনের পরপরই তার চলে যাওয়ার প্রতিশ্রুতি থাকলেও সেটা প্রলম্বিত হয় মূলত সরকারের ইচ্ছায়। বর্তমান নির্বাচিত সরকার ও স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ানো, জাতীয় সংসদে বর্ষ শুরুর ভাষণ দেওয়া এবং বাজেট অনুমোদন দেওয়াসহ সরকারের স্বাভাবিক সব কাজই করেন তিনি।

সাহাবুদ্দিন চুপ্পুর ঘনিষ্ঠদের মতে, তিনি সংবিধানের সীমারেখার মধ্য থেকে দায়িত্ব পালন করেছেন। বিচারক, মুক্তিযোদ্ধা ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার দীর্ঘ কর্মজীবন রাষ্ট্রীয় অভিজ্ঞতায় সমৃদ্ধ। অন্যদিকে সমালোচকদের মতে, রাষ্ট্রপতি হিসেবে তিনি জাতীয় সংকটের সময় আরও সক্রিয় সাংবিধানিক ভূমিকা নিতে পারতেন। দুদক, ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়েই তার সঙ্গী হয়েছে বিতর্ক। চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ তার কাছ থেকে যে ভূমিকা প্রত্যাশা করেছিল, তা তিনি পালন করতে পারেননি। আর এ কারণেই শুক্রবার পদত্যাগ ঘোষণার পরই আওয়ামী লীগের নেতারা সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শেষ রক্ষা হলো নাÑ সব কুল হারা।’ সত্যিই তার আর কোনো কুল থাকল না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা