× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তার ধারে ময়লার স্তূপে ‘দমবন্ধ’ খুলনা, প্রশ্নের মুখে কেসিসি

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১২:১৯ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১২:১৯ পিএম

সকালে স্কুলে যাওয়ার পথে নাক চেপে হাঁটতে হয় শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকালে স্কুলে যাওয়ার পথে নাক চেপে হাঁটতে হয় শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকালে স্কুলে যাওয়ার পথে নাক চেপে হাঁটতে হয় শিক্ষার্থীদের। হাসপাতালের সামনে দাঁড়িয়েও বাতাসে ভেসে আসে পচা আবর্জনার গন্ধ। ব্যস্ত সড়কে যানজটে আটকে থাকা মানুষকে দীর্ঘক্ষণ সহ্য করতে হয় খোলা ট্রাকে বহন করা ময়লার দুর্গন্ধ।

পরিচ্ছন্ন নগর গড়ার প্রতিশ্রুতির বিপরীতে খুলনা শহরের একাংশে যেন প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন উন্মুক্ত ভাগাড়।

নগরবাসী অনেকেরই অভিযোগ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বদলে পুরোনো ও অপরিকল্পিত পদ্ধতিই এখন তাদের নিত্যদিনের দুর্ভোগের কারণ।

হাসপাতাল-স্কুলের পাশেই উন্মুক্ত ডাম্পিং

সরেজমিনে দেখা গেছে, নগরীর একাধিক গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জনবহুল এলাকার পাশেই রাস্তার ধারে উন্মুক্তভাবে বর্জ্য জমিয়ে রাখা হচ্ছে। পরে সেখান থেকে খোলা ট্রাকে করে তা অপসারণ করা হচ্ছে। 

এতে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব, পরিবেশ দূষণ, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি,সব মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

দেশের অন্যতম পরিকল্পিত মহানগর হিসেবে পরিচিত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যস্ততম সড়ক কেডিএ অ্যাভিনিউয়ের এক পাশে রয়েছে একটি উন্মুক্ত ডাম্পিং স্টেশন। অথচ এর আশপাশেই রয়েছে রাশিদা মেমোরিয়াল হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা।

এ বিষয়ে স্থানীয় কয়েকজনের অভিযোগ, এমন সংবেদনশীল স্থাপনার পাশে খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

একই চিত্র নগরীর প্রাণকেন্দ্রসহ বিভিন্ন এলাকায়

একই চিত্র দেখা যায় নগরীর প্রাণকেন্দ্র পিটিআই মোড়েও। সেন্ট জোসেফ স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, করনেশন মাধ্যমিক বিদ্যালয়, জেলা স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন এই পথেই চলাচল করতে হয়।

কিন্তু রাস্তার একাংশজুড়ে জমে থাকা বর্জ্যের কারণে দুর্গন্ধের মধ্যে পথ চলতে হচ্ছে তাদের। অনেক সময় ফুটপাতও ব্যবহার করা যায় না। বাধ্য হয়ে সড়কে নেমেই চলতে হয়।

কেসিসির জানিয়েছে মহানগরের পাঁচটি স্থানে আধুনিক ট্রান্সফার স্টেশন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এগুলো চালু হলে আর উন্মুক্তভাবে বর্জ্য রাখা হবে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি শেখপাড়া মোড়, পিটিআই মোড়, নিরালা, বসুপাড়া ইসলামাবাদ কলেজসংলগ্ন এলাকা, শিববাড়ি মোড়, গল্লামারী, নিউমার্কেট, ময়লাপোতা ও নতুন বাজার ঘুরেও একই চিত্র দেখা গেছে।

কোথাও ময়লা ফুটপাত দখল করেছে, কোথাও আবার রাস্তার অংশজুড়ে ছড়িয়ে রয়েছে। আবাসিক এলাকা, দোকানপাট কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেও একইভাবে উন্মুক্ত অবস্থায় রাখা হচ্ছে বর্জ্য।

বসুপাড়া ইসলামাবাদ কলেজসংলগ্ন একটি ডাম্পিং পয়েন্টের পাশে কথা হয় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে।

এক দোকানি ইসমাইল বলেন, প্রতিদিন রিকশা, ভ্যান আর ট্রাকে করে এখানে ময়লা ফেলা হয়। দুর্গন্ধে দোকানে বসে থাকা যায় না। অনেক সময় পুরো রাস্তা ময়লায় ভরে যায়।

নিরালা মোড়ে গিয়ে দেখা যায়, রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে আছে বর্জ্যের স্তূপ। আশপাশে ঘুরে বেড়ানো গরু-ছাগল খাবারের খোঁজে ময়লার মধ্যে ঢুকে আবার হঠাৎ সড়কে উঠে আসছে।

এখানকার স্থানীয় কয়েকজন দুর্ঘটনার ঝুঁকি বাড়ার কথা উল্লেখ করে দাবি করেন, উন্মুক্তভাবে ময়লা না রেখে আবদ্ধ কন্টেইনার বা কমপ্যাক্ট বর্জ্য সংগ্রহ পদ্ধতি চালু করতে হবে।

স্কুলশিক্ষার্থী হাসিবের অভিযোগ, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ময়লার কারণে অনেক সমস্যা হয়। বৃষ্টির সময় পানি জমে যায়। দুর্গন্ধে দাঁড়ানো যায় না। আমাদের পেটের অসুখও হয়।

আরেক শিক্ষার্থী তালহা বলে, ছোট বাচ্চাদের নিয়ে চলাচল করলে আরও বেশি কষ্ট হয়।

বয়োবৃদ্ধ আব্দুল বারীর কথায়, বৃষ্টি হলেই ময়লা চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্গন্ধ বাড়ে, মানুষ চলাচল করতে পারে না। একজন নাগরিক হিসেবে প্রশ্ন, রাস্তার ওপর কেন ময়লা ফেলে রাখা হবে।

দিনের বেলায় খোলা ট্রাকে বর্জ্য পরিবহন

শুধু ডাম্পিং স্টেশন নয়, দিনের বেলায় খোলা ট্রাকে বর্জ্য পরিবহন নিয়েও ক্ষোভ রয়েছে নগরবাসীর।

তাদের অভিযোগ, অধিকাংশ ট্রাকেই কোনো আবরণ থাকে না। ফলে চলন্ত অবস্থায় দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক সময় বর্জ্যের তরল অংশ রাস্তায় পড়ে পরিবেশ দূষণ করে।

সম্প্রতি গল্লামারী এলাকায় যানজটে আটকে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়গামী এক মোটরসাইকেল আরোহী। সামনে ছিল কেসিসির একটি বর্জ্যবাহী ট্রাক।

ওই মোটরসাইকেল আরোহী বলেন, দীর্ঘ সময় ট্রাকের পেছনে থাকায় তীব্র দুর্গন্ধে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছিল। যানজটের কারণে সামনে বা পেছনে যাওয়ারও সুযোগ ছিল না বলেও অভিযোগ তার।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদ এইচ. ইব্রাহিম বলেন, উন্মুক্ত বর্জ্য এবং খোলা ট্রাকে পরিবহনের ফলে মাছি, মশা ও রোগজীবাণুর বিস্তার বাড়ে। বর্জ্য থেকে নির্গত ক্ষতিকর গ্যাস শ্বাসকষ্ট, মাথাব্যথা, অ্যালার্জিসহ নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

পাশাপাশি ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ও আমাশয়ের মতো পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ে বলেও জানান তিনি।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, শহরের মানুষ ঘুম থেকে ওঠার আগেই বর্জ্য অপসারণ শেষ হওয়ার কথা। কিন্তু দিনের বেলায় বর্জ্য পরিবহনের কারণে মানুষ দুর্ভোগে পড়ছে। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পরিবর্তন হয়নি।

কেসিসি সূত্র জানায়, নগরীতে বর্তমানে ৪০টি বর্জ্য সংগ্রহকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩০টি উন্মুক্ত এবং ১০টি আধুনিক ট্রান্সফার স্টেশন। প্রতিদিন প্রায় ৮০০ টন বর্জ্য অপসারণে ব্যবহার করা হচ্ছে ৬০টি গারবেজ ট্রাক।

খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, অফিসগামী মানুষের ভোগান্তি কমাতে সকালে অধিকাংশ বর্জ্য পরিবহনের নির্দেশনা রয়েছে।

তবে কোথাও দিনের বেলায় অতিরিক্ত বর্জ্য জমে গেলে তাৎক্ষণিক অপসারণ করতে হয়। নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঁচ স্থানে হবে আধুনিক ট্রান্সফার স্টেশন

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ট্রান্সফার স্টেশন করার জন্য জায়গা পাওয়া সবচেয়ে বড় সমস্যা। কেউ জায়গা দিতে চায় না।

তিনি বলেন, সিটি করপোরেশন নিজস্ব জমি কিনেছে, জেলা প্রশাসনের কাছেও জায়গা চাওয়া হয়েছে।

পাঁচটি স্থানে আধুনিক ট্রান্সফার স্টেশন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এগুলো চালু হলে আর উন্মুক্তভাবে বর্জ্য রাখা হবে না বলেও দাবি করেন তিনি।

তবে নগরবাসীর প্রশ্ন, একুশ শতকের একটি মহানগরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার পাশে উন্মুক্ত ময়লার ভাগাড় এবং দিনের বেলায় খোলা ট্রাকে বর্জ্য পরিবহন কতটা গ্রহণযোগ্য।

তাদের দাবি, অবিলম্বে রাস্তার পাশের উন্মুক্ত ডাম্পিং স্টেশন তুলে আবদ্ধ বর্জ্য সংগ্রহব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি গভীর রাত বা ভোরে বর্জ্য পরিবহনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তা না হলে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা গড়ার প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে বলেও উল্লেখ করেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা