× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টি-বন্যার প্রভাব সবজির দামে

সৌরভ হোসেন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১১:১৩ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১১:২৬ এএম

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গ্রাফিক্স। প্রতিদিনের বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গ্রাফিক্স। প্রতিদিনের বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

ফসলের ক্ষতি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ ও কিছু খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার ঢাকার শান্তিনগর, কারওয়ান বাজার, মৌচাক, মালিবাগ, রামপুরা ও বসুন্ধরা বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজি ও মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজ ও পোলাও চালের। বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮০ টাকা, পেঁয়াজ ৮০ এবং পোলাও চাল ১৮০ টাকা। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ এবং পোলাও চাল ১১০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টি ও বন্যায় ফসলের ক্ষতি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তাদের দাবি, বাংলাদেশ থেকে পোলাও চাল রপ্তানির কারণেও দাম বাড়ছে। 

শান্তিনগর বাজারে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি। শসা বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ২৮০ টাকা। এ ছাড়া গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১২০, করলা ১২০, ঝিঙা ১২০, গাজর ১৪০, ঢেঁড়স ৮০, লাউ ১০০, পটোল ৬০, চালকুমড়া ৬০, মিষ্টিকুমড়া ৫০, কচুর মুখি ৮০ এবং কাকরোল ১০০ টাকা কেজি বা প্রতিটি (পণ্যানুযায়ী) দরে বিক্রি হচ্ছে।

মসলার বাজারেও বৃষ্টির প্রভাব পড়েছে। পেঁয়াজের দাম বেড়েছে, তবে রসুন ও আদার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা, আলু ৩৫, রসুন ১৫০ এবং আদা ১৮০ টাকা কেজি।

শান্তিনগর কাঁচাবাজারের ব্যবসায়ী মো. আব্দুল আজীজ বলেন, অতিবৃষ্টিতে অনেকের ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে। কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দিনমজুর মো. মোখতার হোসেন বলেন, ক্রেতার কাছে টাকা নেই, শাকসবজি কিনব কীভাবে? বাজারে সবজির যে দাম, কেনা তো দূরের কথা; এসে দেখি, তারপর চলে যাই।

আরেক ক্রেতা মো. মুকুল ঢালি জানান, বাজারে এসে দেখছেন অধিকাংশ সবজির দাম নাগালের বাইরে। তার ভাষায়, কাঁচামরিচ তো ট্রিপল সেঞ্চুরি করার পথে। তিনি বলেন, বৃষ্টির কারণে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলে তার আশঙ্কা।

মালিবাগের কয়েকটি মাংসের দোকান ঘুরে দেখা যায়, সোনালি, লেয়ার ও হাইব্রিড মুরগির দাম আগের মতোই রয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০, হাইব্রিড ২৯০ থেকে ৩০০, লেয়ার ৩৫০ এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নয়ন মাংস বিতানের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হোসেন বলেন, শীতল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো থাকায় মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল। তাই কম দামে কিনে ক্রেতাদের কাছেও তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

কারওয়ান বাজারে রুই ও কাতলা মাছ আকারভেদে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি বাইম মাছের দাম ৮০০ টাকা কেজি। ক্রেতা মো. মহসীন জানান, এ বাজারে মাছের দাম কিছুটা বেশি হলেও আমিষের চাহিদা মেটাতে ৫০০ টাকার মধ্যে ট্যাংরা ও পাবদা মাছ কিনেছেন। তার অভিযোগ, প্রতিদিন দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, তারা অতিরিক্ত লাভ করছেন না। পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনলেও সামান্য মুনাফায় বিক্রি করছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা