রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। কার্টৃুন: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তার পদত্যাগপত্র গ্রহণের জন্য চিকিৎসা সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে আজ সকালে দেশে ফিরে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যেই তার পদত্যাগপত্র তৈরি করে রেখেছেন। তবে গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি তাতে স্বাক্ষর করেননি। রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব খান মো. নূরুল আমীন বলেছেন, পদত্যাগপত্রে এখনও তিনি স্বাক্ষর করেননি। পদত্যাগ করলে জানানো হবে।
জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে অপসারণের জোরালো দাবি ওঠার পরও পতিত সরকার প্রধান শেখ হাসিনার নিযুক্ত সাহাবুদ্দিন চুপ্পুকে সামরিক নেতৃত্বের সমর্থনে রাষ্ট্রপতি পদে বহাল রাখা হয়। সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিও তাতে সায় দেয়। অতীতের সেই সম্পর্কের সমীকরণ সাম্প্রতিক দিনগুলোতে বদলে যাওয়ার পটভূমিতে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরতে হচ্ছে।
সংবিধানে যা আছে
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিধান রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে দেশে বা সশরীরে উপস্থিত থাকতে হবে, সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আর এ কারণেই স্পিকারের ফেরার জন্য অপেক্ষা করা হচ্ছে। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনের পর গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। স্পিকারের সফরসঙ্গী একজন প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে স্পিকারকে দ্রুত দেশে ফেরার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর পরপরই স্পিকারের ফিরতি ফ্লাইটের তারিখ পরিবর্তন করা হয়। আজ শুক্রবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পদত্যাগের খবর যেভাবে ছড়াল
গত বুধবার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের ডালপালা মেলে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে।
স্ট্যাটাসে তিনি জানান, “আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।”
ওই স্ট্যাটাসের পরপরই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে বঙ্গভবনের সূত্র মারফত জানা যায়, গত বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, বঙ্গভবনে তার সময় শেষ হয়ে আসছে। আগামী দুয়েকদিনের মধ্যেই তিনি বঙ্গভবনের পাট চুকিয়ে ফেলতে চান। এর পর বঙ্গভবন থেকেও রাষ্ট্রপতির বিদায়-সম্পর্কিত প্রস্তুতি শুরু হয়। কিন্তু যার কাছে পদত্যাগ করবেন সেই জাতীয় সংসদের স্পিকার দেশে না থাকায় পদত্যাগের জন্য অপেক্ষায় থাকতে হয় রাষ্ট্রপতিকে।
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, “রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা স্বাস্থ্যগত কারণেই হোক, আর মানসিক কারণেই হোক। তবে তিনি পদত্যাগপত্রে এখনও স্বাক্ষর করেননি। পদত্যগ করলে জানানো হবে। স্পিকার দেশে না থাকায় চাইলেও এখনই পদত্যাগপত্র জমা দিতে পারছেন না রাষ্ট্রপতি।”
শুক্রবার স্পিকার দেশে ফিরলে তিনি পদত্যাগপত্র জমা দিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “পদত্যাগের প্রস্তুতি রয়েছে। সেটা এখন সময়ের ব্যাপার মাত্র।”
পূর্ব প্রেক্ষাপট
আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সাহাবুদ্দিন। সে অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে নির্বাচিত করেন। দলের অনেক ত্যাগী ও সিনিয়র নেতা থাকার পরেও কী কারণে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন, তা নিয়ে এখনও নানা মত-অভিমত রয়েছে।
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র ১৬ মাসের মাথায় ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনার বিদায়ের পরপরই তিনি দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও শপথ পড়ান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশ আকারে জারি হয়েছে তার স্বাক্ষরে। গণঅভ্যুত্থানের পর পর শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছিল জামায়াতসহ আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্ররা। তারা আন্দোলন কর্মসূচি দিলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সেই প্রচেষ্টার বিরোধিতা করে বিএনপি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পরপরই তার নিরাপদ প্রস্থান নিয়ে আলোচনা শুরু হয়। সে সময়ে দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করার গুঞ্জন ওঠে। কিন্তু বিএনপি তখন জানিয়েছিল, রাষ্ট্রপতিকে অপসারণের কোনো পরিকল্পনা দলটির নেই। তিনিও সে সময়ে বঙ্গভবনে তার শেষ ঈদ করে যেতে চান বলে খবর বেরিয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতিকে অপসারণ করা না গেলেও তার চলাচল সীমিত করা হয়। বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি অপসারণ এবং প্রেস উইং ছোট করে দেওয়ার মতো অনেক পদক্ষেপও নেওয়া হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি অপমানিত বোধ করছি। আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই।”
শেখ হাসিনার সঙ্গে কথা বলার অভিযোগ
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গত মে মাসে লন্ডন সফরে যান রাষ্ট্রপতি। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে সেই অস্ত্রোপচারের ফলোআপ পরীক্ষা করাতেই তিনি যুক্তরাজ্যে যান। ১২ মে কেমব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এতে হৃদযন্ত্রের একটি ধমনিতে গুরুতর ব্লক শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়। এরপর তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৯ দিন পর দেশে ফেরেন রাষ্ট্রপতি। তখন বঙ্গভবনের প্রেস বিভাগ ব্যক্তিগত চিকিৎসকদের বরাতে তার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল ও সন্তোষজনক’ বলে জানিয়েছিল। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থাতেও সীমিত পরিসরে সরকারি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। লন্ডনে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের সঙ্গে তার অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎও হয়।
অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এই সফরকে কেন্দ্র করেই লন্ডনে সফরকালে মো. সাহাবুদ্দিন নাকি পতিত শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিষয়টি গোয়েন্দা সংস্থা সরকারকে অভিহিত করে। অসমর্থিত সূত্র জানিয়েছে, এর পরপরই সরকারের পক্ষ থেকে তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। তবে পতিত শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি অস্বীকার করেছেন স্বয়ং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একজন সাবেক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় তিনি বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন বলে গতকাল ওই সাংবাদিক তার ফেসবুকে শেয়ার করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর রাষ্ট্রপতিকে তার সফরের বিষয়ে জানানোর রেওয়াজ রয়েছে। তবে তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে দেখা-সাক্ষাৎ করেননি। বিষয়টি রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতাসীনদের দূরত্বের একটি সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে।
পদত্যাগের ব্যাপারে সরকার থেকে কিছু বলা হয়নি
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে বা স্বাস্থ্যগত কারণে যেকোনো কারণে চাইলে তার সেই অপশন আছে। এ ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ নাই। পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়Ñ এইটুকু নিয়ম আছে জানি।” রাষ্ট্রপতি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলাপ করেছেন কি না, আমি জানি না।’ চিকিৎসার জন্য রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন।
হাসিনার সঙ্গে ফোনে কথা বলার তথ্য নেই
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা মিশন পায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।”
রাষ্ট্রপতির অপসারণ-সুসংবাদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে ‘অপসারণ’ হচ্ছেন, এটা সুসংবাদ।”
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বাংলাদেশের সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। ২০ মার্চ ২০১৩ সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই বছরের ২২ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত এই পদে ৭৮ দিন দায়িত্ব পালন করেন। প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি স্পিকারের দায়িত্বে ফিরে যান।