মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী
মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আমাদের মনে করে দেয় ভয়-আতঙ্ক, ব্যথা-বেদনা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সময়ের চাকা যতই ঘুরুক, বেদনাবিধুর সেই দিনটি যেন এখনও চোখের সামনে স্থির হয়ে আছে। ভয়-আতঙ্ক, ব্যথা-বেদনা এসে জড়ো হয়েছিল সেদিন এদেশের কোটি মানুষের চোখের পাতায়। হঠাৎই শূন্য হয়ে গিয়েছিল আলো ঝলমল এই পৃথিবী। আকাশে ভাসছিল বেদনায় ভরা হাহাকার, আতঙ্ক মেশানো চিৎকার।
গত বছরের ২১ জুলাইয়ের দিনটিতে ঢাকা উত্তরার দিয়াবাড়িতে নেমে এসেছিল এক বিভীষিকাময় দুপুর।
ক্লাস তখন কেবল শেষ হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বাড়ি ফিরে যাওয়ার আনন্দ নিয়ে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আসছিল শিক্ষার্থীরা। ঠিক তখনই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশ থেকে খসে পড়েছিল শিক্ষার্থীদের ওই ভবনের ওপর। দেশের ইতিহাসে ঘটেছিল সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল অসংখ্য স্বপ্ন, থেমে গিয়েছিল ৩৬টি প্রাণের স্পন্দনÑ যাদের বেশিরভাগই ছিল শিশু; যারা কেবল এ পৃথিবীটিকে দেখতে শুরু করেছিল।
সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার অনেক শিক্ষার্থী এখনও বেঁচে আছে। কিন্তু জীবন তাদের দুর্বিষহ। এক বছর পেরিয়ে যাওয়ার পর অনেককে এখনও দিনরাত কাটাতে হচ্ছে অন্ধকারে। তাদের ঘরের জানালা কখনও খোলা হয় না। সূর্যের সামান্যতম রশ্মিও ভয়ানক ক্ষতিকর তাদের শরীরের জন্য। ‘দিন’ শব্দটি হারিয়ে গেছে তাদের জীবন থেকে, রাত ছাড়া অন্য কিছু আর চেনে না তারা। ডাক্তাররা বলছেন, এভাবেই অন্তত আরও দেড় বছর জীবনযাপন করতে হবে তাদের। আহনাফ ইসলাম নিলয়, জারিফ ফারহান, আরাফাত গাজীÑ মাইলস্টোনের এমন অনেক শিক্ষার্থীকেই এমন দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। একটু গর্জনের মতো শব্দ ভেসে এলেই আতঙ্কিত হয়ে ওঠে তারা।
গতকাল মঙ্গলবার উত্তরার মাইলস্টোনে সরেজমিন গিয়ে দেখা গেল, যে শ্রেণিকক্ষ একসময় শিশুদের হাসি, গল্প আর খুনসুটিতে মুখর ছিল, সেখানে এখন সাদা দেয়ালে ঝুলছে মৃত শিক্ষার্থীদের ছবি, বেঞ্চগুলো নীরব সাক্ষী অপূরণীয় শূন্যতার। কেউ একজন একটি বেঞ্চিতে রেখে গেছে সাদা গোলাপ, কেউ ডায়েরিতে কাঁপা হাতে লিখে রেখেছে, ‘বন্ধু, তুই ছাড়া টিফিনের সময়টা এখন বড্ড একা লাগে। ভালো থাকিস ওপারে।’ দুর্ঘটনার মাত্র আধ ঘণ্টা আগে পঞ্চম শ্রেণির সামিয়া ড্রয়িং খাতায় এঁকেছিল একটি ডানাভাঙা পাখি। সেই অসমাপ্ত ছবির নিচে তার মা লিখেছে, ‘আমার পাখিটা এভাবেই ডানা ভেঙে আমায় ছেড়ে উড়ে গেল।’ নিহত শিক্ষক আনিসুর রহমানের ডায়েরির শেষ পাতায় দেখা গেল লেখা আছে, ‘আজ বাচ্চাদের একটা নতুন খেলা শেখাব।’ কিন্তু সেই খেলা আর শেখানো হয়নি।
সন্তানদের রেখে যাওয়া খেলনা, খাতা, স্কুলব্যাগ আর ছোট ছোট স্মৃতিগুলো আঁকড়ে ধরে এখনও বেঁচে আছেন অনেক বাবা-মা।
নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের বাবা রুবেল মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেদিন সকালে নিজের হাতে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন; কিন্তু দুপুরে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল নিথর শিশুর দেহ। এখন প্রতিদিন ছোট ছেলেকে স্কুলে আনতে গিয়ে শত শত শিক্ষার্থীর ভিড়ে তিনি খুঁজে ফেরেন তার হারিয়ে যাওয়া সাত রাজার ধন তানভীরকে।
শিক্ষার্থী তাসনিম আফরোজের মা আয়েশা বেগম বলেন, “কোনো ক্ষতিপূরণই সন্তানের শূন্যতা পূরণ করতে পারে না; ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এমন নির্মম অভিজ্ঞতার মুখোমুখি না হয়।”
২০২৫ সালের ২১ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে। ভয়াবহ ওই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে পাইলট, ২৮ জন শিক্ষার্থী এবং শিক্ষক-অভিভাবকসহ মোট ৩৬ জন প্রাণ হারান।
স্মরণসভায় জুবাইদা রহমান
গতকাল মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এক স্মরণসভার আয়োজন করে। সভায় ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। সেই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে।” আহতদের সাহস ও দৃঢ়তা থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি সেদিনের দুর্ঘটনায় নিহত আরিয়ান, মরিয়ম, ওয়াকিয়া, রাইসা, মনিব, বোরহানউদ্দিন, বাপ্পি, শারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাইমা আক্তার, হুমায়ুন নূর, ফাতেমা, মোহাম্মদ জুনায়েদ হাসান, সাদ শাফিয়াউদ্দিন, তাসনিম আফরোজ, মাহিদ হাসান, আব্দুল্লাহ শামিম, তাহিয়া আশরাফ, নাজিয়া, মাহতাব রহমান, শায়ান ইউসুফ, তারিফ ফারহান, মোহাম্মদ আফনান ফয়াজ, শামিউল করিম, আব্দুল মুসাব্বির মাহমুদ, চান্দ মারমা, সাহিল ফারাবি, আরিয়ান মাহিয়া, তাসলিম, তাসনিয়া হক, তানভীর আহমেদ প্রমুখের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি স্মরণ করেন রজনী ইসলাম, লামিয়া আক্তার, আফসানা প্রিয়া, কো-অর্ডিনেটর মেহরিন চৌধুরী, সিনিয়র শিক্ষক মাসুকা বেগম, সিনিয়র শিক্ষক মাহফুজা খাতুন এবং কর্মচারী মাসুমা বেগমকে। আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয়াবহ এই অভিজ্ঞতার পরও তারা যে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, তা পুরো জাতির জন্য অনুপ্রেরণা।’
বিমান প্রশিক্ষণকেন্দ্র সরিয়ে নেওয়ার দাবি
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর উপলক্ষে গত ২০ জুলাই ও গতকাল ২১ জুলাইÑ দুদিনের কর্মসূচি গ্রহণ করে মাইলস্টোন কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থল সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত করা হয়। সকাল ১০টায় বিএনসিসি, স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে ১ মিনিট নীরবতা পালন ও অস্থায়ী স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুরো ক্যাম্পাসে নিহতদের ছবি, বন্ধুদের স্মৃতিচারণ, কবিতা ও ড্রয়িং প্রদর্শন করা হয়। নিহতদের স্মরণে প্রতীকী ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বিকালে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভায় অভিভাবকেরা সরকারের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচার এবং ঢাকার জনবহুল এলাকা থেকে সামরিক বিমান প্রশিক্ষণকেন্দ্র সরিয়ে নেওয়ার দাবি জানান। কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মো. জাহাঙ্গীর আলম খান জানান, বিধ্বস্ত ভবনের সামনে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
ক্ষতিপূরণ প্রদানে সরকারের খানিকটা ব্যর্থতা রয়েছে
গতকাল বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে মঙ্গলবার তথ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, একটা বর্ষপূর্তিতে এসে আমাদের স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার পাঁচ মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা নিশ্চয়ই। আমরা এটা রিকভার করার চেষ্টা করব।”
তদন্ত কমিটির প্রতিবেদন
এদিকে সরকার গঠিত তদন্ত কমিশন উড়োজাহাজের কোনো কারিগরি ত্রুটি পায়নি। প্রতিবেদনে পাইলটের ধারাবাহিক প্রশিক্ষণের ঘাটতি, কমান্ডিং সুপারভাইজারের তদারকির অভাব এবং ভবন নির্মাণের ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি স্টল অবস্থায় ভবনের সিঁড়ির সামনে আছড়ে পড়ে। এরপর প্রায় ২ হাজার ১০০ লিটার জ্বালানি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ১৯টি শ্রেণিকক্ষের ভবনে ৭৩৭ জন শিক্ষার্থী ও অর্ধশতাধিক শিক্ষকের জন্য মাত্র একটি সিঁড়ি থাকায় অনেকেই বের হতে পারেননি। ২০০৬ সালে নির্মিত ভবনটির নির্মাণ অনুমোদনের কাগজ দেখাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার দিন আবহাওয়া অনুকূল ছিল, পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম উড্ডয়নের জন্য শারীরিকভাবে সক্ষম ছিলেন এবং এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানেও কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।
তবে ‘ফাইনাল’ টার্নে বিমানটির ব্যাংক অ্যাঙ্গেল দ্রুত বেড়ে যায় এবং পাইলট হঠাৎ কন্ট্রোল স্টিক জোরে টানলে অ্যাঙ্গেল অব অ্যাটাক নিরাপদ সীমা (২৪ ডিগ্রি) অতিক্রম করে। ফলে বিমানটি ‘স্টল’ বা নিয়ন্ত্রণ হারানোর অবস্থায় পড়ে। এরপর পাইলট চেষ্টা করেও বিমানটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি। ক্রমে উচ্চতা হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডির পেছনে পাইলটের অদক্ষতা, পর্যাপ্ত ধারাবাহিক প্রশিক্ষণের অভাব এবং কমান্ডিং অফিসারের তদারকির ঘাটতি ভূমিকা রেখেছে। এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম সলো ফ্লাইট। রেডিও যোগাযোগ বিশ্লেষণে দেখা যায়, কমান্ডিং অফিসার তাকে মিশন প্রোফাইলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে পুনরায় ‘ইনিশিয়াল’-এ ফিরে আসার নির্দেশ দেন। পরে বিমানটি উচ্চতা হারাতে শুরু করলে ‘রিকভার’ ও তিনবার ‘ইজেক্ট’ নির্দেশ দেওয়া হলেও বিমানটি নিয়ন্ত্রণে ফেরেনি। বরং বেলা ১টা ১৪ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।
কমিশনের মতে, প্রশিক্ষণের ঘাটতি, পরিস্থিতিগত অসচেতনতা, সংকট মুহূর্তে ধীর প্রতিক্রিয়া এবং দুর্বল তদারকির কারণে বিমানটি স্টলিং অবস্থায় পড়ে যায়। পাখি বা অন্য কোনো বস্তুর আঘাতও পরোক্ষভাবে দুর্ঘটনায় ভূমিকা রাখতে পারে।