বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় পাহাড়ের ঢালু জায়গায় মাচাং পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাইয়ের ভয়াবহ বন্যায় বান্দরবানের সমতলের সবজি ও ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও পাহাড়ের ঢালে মাচাং পদ্ধতিতে চাষ করা সবজি রয়ে গেছে অনেকটাই নিরাপদ।
বাজারে সরবরাহ কমে যাওয়ায় করলাসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে প্রায় পাঁচ গুণ, যা পাহাড়ি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
গত ৬ থেকে ১৩ জুলাইয়ের বন্যায় বান্দরবানের গ্রীষ্মকালীন সবজির ক্ষেত, আউশ-আমনের বীজতলা ও বিভিন্ন ফলদ বাগান তলিয়ে যায়।
এতে সমতলের উৎপাদন মারাত্মকভাবে কমে গেলেও পাহাড়ের মাচাং পদ্ধতিতে চাষ করা সবজি তুলনামূলকভাবে ক্ষতি এড়িয়েছে। ফলে বাজারে এসব সবজির চাহিদা ও দাম দুটিই বেড়েছে।
বেশ কয়েকজন কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার আগে প্রতিমণ করলা বিক্রি হতো প্রায় ৬০০ টাকায় (প্রতি কেজি প্রায় ১৫ টাকা)। বর্তমানে ক্ষেত থেকেই প্রতিমণ ৩ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি প্রায় ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বান্দরবান সদর, লামাসহ বিভিন্ন এলাকায় এখন পাহাড়ের ঢালে মাচাং তৈরি করে তিতা করলা, বরবটি, চিচিঙ্গা ও কাকরোলের আবাদ বাড়ছে। এ পদ্ধতিতে একদিকে মাটিক্ষয় কমছে, অন্যদিকে বন্যার ক্ষতির ঝুঁকিও হ্রাস পাচ্ছে বলেও জানান তারা।
সম্প্রতি সুয়ালক ও টংকাবতী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢালে বিস্তীর্ণ এলাকায় মাচাং তৈরি করে সবজি চাষ করা হয়েছে। তবে টানা বৃষ্টিতে অনেক ক্ষেতের করলা ও চিচিঙ্গার পাতায় লালচে রঙ দেখা দিয়েছে। কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন স্প্রে করছেন।
টংকাবতী ইউনিয়নের কৃষক ফারুক তিন কানি জমিতে তিতা করলার আবাদ করেছেন। তিনি জানান, পাঁচ বছর ধরে এ পদ্ধতিতে চাষ করছেন। গত বছর লাভ কম হলেও এবার বাজারদর ভালো থাকায় আশাবাদী।
সুয়ালক ইউনিয়নের কৃষক ফোরকান ১২ কানি (স্থানীয় হিসাব মতে ৪০ শতকে এক কানি) জমিতে তিতা করলা, চিচিঙ্গা ও বরবটির আবাদ করেছেন।
তার ভাষ্য, সমতলের ফসল বন্যায় নষ্ট হলেও পাহাড়ের মাচাংয়ের সবজি টিকে গেছে।
একই অভিজ্ঞতার কথা জানান কৃষক আমতলী দেব তঞ্চঙ্গ্যাও।
তিনি বলেন, মাত্র ১৫ দিনের ব্যবধানে করলার দাম প্রতিমণ ৬০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার টাকায় পৌঁছেছে।
সবজি ব্যবসায়ী কিন্ত লাল তঞ্চঙ্গ্যা জানান, তিনি বান্দরবান থেকে সবজি কিনে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বিভিন্ন আড়তে সরবরাহ করেন। বর্তমানে তিনি তিতা করলা প্রতিমণ ৩ হাজার টাকা এবং চিচিঙ্গা প্রায় ২ হাজার ৪০০ টাকা দরে কিনছেন।
আরেক ব্যবসায়ী মো. আব্দুল জানান, বরবটি কিনছেন প্রতিমণ ৩ হাজার ২০০ টাকা দরে।
বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেন, মাচাং পদ্ধতিতে চাষে পাহাড়ের ঢাল লতাপাতায় আবৃত থাকায় বৃষ্টির পানির আঘাতে উর্বর মাটি ধুয়ে যায় না এবং পাহাড়ধসের ঝুঁকিও কমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এ পদ্ধতিতে আলো-বাতাসের চলাচল ভালো থাকায় রোগবালাই ও পচন কম হয়, পাশাপাশি মাটির ক্ষয় রোধের সঙ্গে সবজির গুণগত মানও উন্নত থাকে।
পাতায় লালচে রঙ দেখা দিলে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।