প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটার যে কর্মসূচি শুরু করেছেন নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চক্রান্তের ঘনঘটায় তার সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। ছবি: পিএমও
দেশের ঐতিহ্যবাহী পানিব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা এবং গ্রামীণ জীবিকার শক্তিশালী ভিত্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটার যে কর্মসূচি শুরু করেছেন নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চক্রান্তের ঘনঘটায় তার সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।
দীর্ঘ দুই দশক পর বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্যমে শুরু হয় দেশজুড়ে ২০ বছর ধরে ভরাট হওয়া বিভিন্ন খাল পুনঃখননের সরকারি কর্মসূচি। লক্ষ্য ছিল হারিয়ে যাওয়া জলপ্রবাহ ফিরিয়ে এনে কৃষকের জমিতে সেচের বন্দোবস্ত করা, বর্ষায় জলাবদ্ধতা কমানো, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক পর্যায়ে রাখা এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রেই সেই কর্মসূচি বাস্তবায়নের চিত্র হতাশাব্যঞ্জক; অনেক স্থানেই অনিয়মের কোদালে খনন করা খালে পানিপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় স্বার্থে খাল কাটা কর্মসূচি চালু করেন। স্বেচ্ছাশ্রমের এই প্রকল্পকে তিনি ‘দ্বিতীয় বিপ্লব’ নাম দিয়েছিলেন। তার প্রত্যয় ছিল ‘খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা-খরা’। তিনি শহীদ হলে স্থগিত হয়ে যায় এ কর্মসূচি। তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার এ প্রকল্প পূর্ণোদ্যমে চালুর উদ্যোগ নিয়েছেন।
প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, পরিকল্পনার অভাব ও বাস্তবায়নের ব্যর্থতায় খাল পুনঃখননের জন্য সরকারিভাবে বরাদ্দ করা কোটি কোটি টাকা অব্যবহৃত অবস্থায় ফেরত যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। অনেক স্থানে আবার খালের তলদেশ কাটা হয়নি, অথচ মাটি বিক্রি করা হয়েছে দুই পাশের পাড় কেটে। কোথাও শ্রমিক-নির্ভর প্রকল্পে শ্রমিকের বদলে ব্যবহার করা হয়েছে ভারী যন্ত্র ভেকু। যশোরের শার্শা, ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের কর্ণফুলীসহ আরও কয়েকটি জেলার অনুসন্ধানে খাল পুনঃখননে অনিয়মের এমন সব ধরন উঠে এসেছে। প্রকল্প পরিকল্পনায় দুর্বলতা, মাঠপর্যায়ে তদারকির ঘাটতি, বাস্তবায়নকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার অভাবে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। ফলে প্রকল্পগুলো কৃষকের জন্য আশার আলো জ্বালাতে পারছে না।
সরেজমিন পরিদর্শন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, কোনো কোনো স্থানে সরকারি নীতিমালার সঙ্গে বাস্তব কাজের মিল নেই। কোথাও সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে, কোথাও প্রকল্পের মৌলিক উদ্দেশ্যই পূরণ হয়নি।
তলদেশ নয়, কাটা হচ্ছে দুই পাড়
প্রতিদিনের বাংলাদেশের যশোর ব্যুরো প্রধান তরিকুল ইসলাম মিঠু জানিয়েছেন, সেখানে শার্শা উপজেলার প্রায় চার কিলোমিটার ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন ঘিরে স্থানীয়দের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সরেজমিন দেখা গেছে, খালটির তলদেশের পরিবর্তে অনেক অংশে দুই পাশের পাড় কেটে ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্পের নামে খালের দুই পাশ কেটে ট্রাকে করে এই মাটি বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছে। এতে খালের গভীরতা বাড়েনি, বরং পাড় দুর্বল হয়ে আশপাশের বসতবাড়ি ও গ্রামীণ সড়ক ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাদের আশঙ্কা, বর্ষাকালে ভারী বৃষ্টিতে ভূমিধস বা পাড় ধসে পড়ার ঘটনা ঘটতে পারে।
অভিযোগ রয়েছে, খালের দুই পাশে থাকা সামাজিক বনায়নের বেশ কিছু গাছও এ সময় কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশগত ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদেরও ক্ষতি হয়েছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, খনন করা মাটি নির্ধারিত স্থানে সংরক্ষণ অথবা সরকারি প্রয়োজনে ব্যবহার করার কথা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বাস্তবে সেই মাটি বাণিজ্যিকভাবে বিক্রি করে একটি চক্র ফায়দা লুটেছে।
স্থানীয় প্রশাসন যা বলছে
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করেননি। তবে তার মতে, খালের পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় নিয়ম অনুসরণ করে ৮টি লটের মাধ্যমে প্রতি ঘনফুট মাটি ৫০ পয়সা দরে বিক্রি করা হয়েছে। এর ফলে প্রায় দুই লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।
ইউএনও বলেন, “খালের তলদেশের পরিবর্তে অতিরিক্তভাবে দুই পাশের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই ধরনের তথ্য দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী। তিনি বলেন, খালের পাড় কাটার অভিযোগ তার কাছেও এসেছে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেরত যাচ্ছে দেড় কোটি টাকা
প্রতিদিনের বাংলাদেশের কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি আকাশ শীল জানিয়েছেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ও খোয়াজনগর খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় দুই কোটি ছয় লাখ টাকা। লক্ষ্য ছিল প্রায় আট কিলোমিটার খাল পুনঃখনন। কিন্তু প্রকল্পের বড় অংশই শেষ করা সম্ভব হয়নি। সূত্র জানিয়েছে, এর ফলে প্রায় দেড় কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাচ্ছে।
সরেজমিন দেখা গেছে, অনেক স্থানেই খননকাজ অসম্পূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটি শ্রমিক-নির্ভর হলেও বাস্তবে বেশিরভাগ কাজ করা হয়েছে এক্সকাভেটর দিয়ে। অথচ প্রকল্পের তথ্য ফলকে শতাধিক শ্রমিকের জন্য মজুরি বরাদ্দের উল্লেখ রয়েছে।
একাধিক সমস্যার মুখোমুখি প্রশাসন
কর্ণফুলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ বলেন, “প্রকল্প বাস্তবায়নের সময় একাধিক বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়েছে। খালের প্রস্থ অনেক জায়গায় খুবই সংকীর্ণ। আবার কোথাও জোয়ার-ভাটার কারণে নির্ধারিত সময়ে কাজ করা যায়নি। এসব কারণে পুরো প্রকল্প শেষ করা সম্ভব হয়নি। যে অর্থ ব্যয় করা যায়নি, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হচ্ছে।”
তবে স্থানীয়রা বলছেন, প্রকল্প গ্রহণের আগে যথাযথ জরিপ ও কারিগরি মূল্যায়ন হলে এসব সীমাবদ্ধতা আগে থেকেই জানা সম্ভব ছিল। কারণ সঠিক জরিপ ও মূল্যায়নের কারণে একই সময়ে পাশের আনোয়ারা উপজেলায় একই ধরনের খাল পুনঃখনন কার্যক্রম অনেকটাই সফল হয়েছে।
ফেনীর পরশুরামে কাগজে শ্রমিক, মাঠে শুধু ভেকু
ফেনী থেকে প্রবা প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ দক্ষিণ টেটেশ্বর থেকে কহুয়া নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ভেদা খাল পুনঃখননে সরকারের ব্যয় হয়েছে ৭৭ লাখ টাকা। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পরও খালে প্রত্যাশিত পানিপ্রবাহ সৃষ্টি হয়নি। সরেজমিন দেখা যায়, খালের শেষ প্রান্তে ফুলগাজী উপজেলার সীমান্তে একটি স্লুইসগেট ও নদীর বাঁধ থাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। ফলে পুনঃখননের সুফল নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের প্রকল্পে ৫০ শতাংশ কাজ যন্ত্রের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ তালিকাভুক্ত শ্রমিক দিয়ে করার কথা। কিন্তু পুরো কাজই এক্সকাভেটর দিয়ে করা হয়েছে। নির্ধারিত ৪০ দিনের কাজ শেষ হয়েছে মাত্র ১৫ দিনে। ১৭৮ জন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে ৪০ দিন কাজ করেছেন।
পরশুরাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ কাজ যন্ত্র দিয়ে করা হয়েছে এবং শ্রমিকদের তথ্য নথিতে রয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, মাঠে কোনো শ্রমিকই কাজ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”তিন জেলায় একই সমস্যার ইঙ্গিত
যশোর, ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের কর্ণফুলীর অনুসন্ধানে অনিয়মের ধরন আলাদা হলেও প্রকল্প ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্র প্রায় একই রকম। কোথাও সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, কোথাও প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনার ঘাটতি, আবার কোথাও মাঠপর্যায়ে তদারকির অভাব স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প শুরুর আগে বাস্তবসম্মত জরিপ হয়নি। স্থানীয় জনগণ, কৃষক কিংবা পানি ব্যবস্থাপনা-সংশ্লিষ্টদের মতামতও নেওয়া হয়নি। ফলে প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা যা বলছেন
পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, খাল পুনঃখনন কেবল মাটি কাটার প্রকল্প নয়; এটি একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা কর্মসূচি। তাই খালের দুই প্রান্তের সংযোগ, পানিপ্রবাহের ধারাবাহিকতা, পানি ধারণক্ষমতা এবং আশপাশের পানিপ্রবাহের সঙ্গে সমন্বয় নিশ্চিত না হলে প্রকল্পের কার্যকারিতা সীমিত থেকে যায়।
তাদের মতে, প্রতিটি প্রকল্প শুরুর আগে ডিজিটাল সার্ভে, জিপিএস ম্যাপিং, স্যাটেলাইট-ভিত্তিক নকশা এবং স্বতন্ত্র কারিগরি মূল্যায়ন বাধ্যতামূলক করা উচিত। একই সঙ্গে বাস্তবায়নকালে তৃতীয় পক্ষের তদারকি এবং কাজ শেষে স্বাধীন অডিটের ব্যবস্থা থাকলে অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে।
সরকারের অবস্থান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলছেন, “দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার ব্যাপক খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
তার ভাষ্য, “চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে এই মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। জাতীয় পর্যায়েও বিস্তৃত কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’ মন্ত্রী বলেছেন, ‘খাল পুনঃখননের কাজে সুনির্দিষ্ট অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করেন। একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এসব কর্মসূচি উদ্বোধন করেন।