ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ২২:৪৬ পিএম
প্রতীকী ছবি
রংপুর সিটি করপোরেশনের নবসংযুক্ত গ্রামীণ এলাকায় জমি বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন করব্যবস্থার কারণে ‘চ’ শ্রেণির জমি হস্তান্তরের ক্ষেত্রে বিক্রয়মূল্যের ৩ শতাংশ অথবা প্রতি শতাংশে ন্যূনতম ২৫ হাজার টাকাÑ যেটি বেশি উৎসে কর হিসেবে দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে জমির বাজারমূল্যই যেখানে প্রতি শতাংশ ২৫ থেকে ৪০ হাজার টাকা, সেখানে ন্যূনতম ২৫ হাজার টাকা করের বিধানকে স্থানীয় বাসিন্দারা ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মনে করছেন। এ পরিস্থিতিতে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পৃথক চিঠি দিয়ে নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডের ৭৯টি মৌজাকে এই বিধান থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
নগর নয়, তবু নগরের কর
রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার সময় ১৫টি ওয়ার্ডের আওতায় ৩৬টি মৌজা অন্তর্ভুক্ত ছিল। পরে প্রশাসনিক সম্প্রসারণের মাধ্যমে আরও ১৮টি ওয়ার্ড এবং ৭৯টি মৌজা সিটি করপোরেশনের আওতায় আনা হয়।
সিটি করপোরেশনের দাবি, নতুন যুক্ত হওয়া এসব এলাকার অধিকাংশ এখনও কৃষিনির্ভর ও গ্রামীণ চরিত্রের। সেখানে সড়ক, ড্রেনেজ, বাণিজ্যিক অবকাঠামো কিংবা আবাসন উন্নয়ন খুব সীমিত। ফলে জমির প্রকৃত বাজারমূল্যও পুরনো নগর এলাকার তুলনায় অনেক কম। এই বাস্তবতায় প্রতি শতাংশে ন্যূনতম ২৫ হাজার টাকা উৎসে করারোপকে স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় অর্থনীতি ও ভূমির বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে।
কমছে নিবন্ধন
রংপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডের ৭৯টি মৌজায় ২০২৪ সালে মোট ২ হাজার ৭৮১টি দলিল নিবন্ধিত হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১ হাজার ৭৪৯টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১ হাজার ৩২টি দলিল কম নিবন্ধিত হয়েছে, যা প্রায় ৩৭ শতাংশ হ্রাস নির্দেশ করে।
রংপুর নগরের সাতমাথা এলাকার বাসিন্দা তারিক হোসেন বলেন, মেয়ের বিয়ের খরচ জোগাতে তিনি প্রতি শতাংশ ২৪ হাজার টাকা দরে জমি বিক্রি করেছেন। এখন রেজিস্ট্রেশনের সময় জানতে পারছেন, প্রতি শতাংশে সরকারকে ২৫ হাজার টাকা উৎসে কর দিতে হবে। তার ভাষায়, “এ অবস্থায় না পারছি জমি রেজিস্ট্রি করে দিতে, না পারছি ক্রেতার টাকা ফেরত দিতে। মেয়ের বিয়েতে সব টাকা খরচ হয়ে গেছে।”
সম্প্রতি জারি হওয়া গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির জমির ক্ষেত্রে উৎসে কর আদায়ের বর্তমান কাঠামো কার্যকর হয়েছে। এর ফলে বিশেষ করে কম মূল্যের জমির ক্ষেত্রে ন্যূনতম ২৫ হাজার টাকা করের বিধান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নবসংযুক্ত এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে এনবিআরের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আমরা চাই, পূর্ণাঙ্গ নগরায়ণ না হওয়া পর্যন্ত অন্তত নবসংযুক্ত ৭৯টি মৌজাকে এই ন্যূনতম উৎসে করের বিধান থেকে অব্যাহতি দেওয়া হোক। এতে মানুষের দুর্ভোগ কমবে এবং ভূমি নিবন্ধনও স্বাভাবিক হবে।”