নীতিমালায় ব্যত্যয়
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:১৭ পিএম
ফাইল ছবি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ একটি নতুন নীতিমালা জারি করেছে।
ওই নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, এলজিইডিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর জেলা (স্পাউসের জেলা) ব্যতীত অন্য যেকোনো জেলায় পদায়ন বা বদলি করা যাবে। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই সেই নির্দেশনা ব্যত্যয়ের অভিযোগ উঠেছে। এলজিইডির এক নির্বাহী প্রকৌশলীকে তার স্বামীর জেলা টাঙ্গাইলে বদলি করা হয়েছে। সরকারি নীতিমালার সঙ্গে এ সিদ্ধান্তের অসামঞ্জস্য নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
কী বলছে সরকারি নীতিমালা
গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের জন্য কয়েকটি মৌলিক নীতি নির্ধারণ করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানটি হলোÑ কোনো কর্মকর্তা বা কর্মচারীকে নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর জেলা ব্যতীত অন্য জেলায় পদায়ন করতে হবে। বদলি যৌক্তিক হতে হবে, যথোপযুক্ত কারণ উল্লেখ করতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তা পদায়নের ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ ধরনের বিধান সাধারণত স্বজনপ্রীতি, স্থানীয় প্রভাব, স্বার্থের সংঘাত এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয় বলে জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন।
এরপরও সরকারের আদেশ ও নীতিমালা ব্যত্যয় ঘটিয়ে গত ১৫ জুলাই এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয় (ঢাকা) থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) জাহানারা পারভীনকে টাঙ্গাইল জেলা কার্যালয়ে বদলি করা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, জাহানারা পারভীনের স্বামী মো. শামসুল বারী। তার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ও বর্তমান ঠিকানা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে। একই সঙ্গে স্ত্রী হিসেবে জাহানারা পারভীনের নামও সেখানে উল্লেখ রয়েছে। অন্যদিকে জাহানারা পারভীনের জাতীয় পরিচয়পত্রেও বর্তমান ও স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার একই এলাকায় নিবন্ধিত। অর্থাৎ সরকারি নথিপত্র অনুযায়ী, টাঙ্গাইল তার পারিবারিকভাবে সংশ্লিষ্ট জেলা এবং স্বামীর জেলা।
সূত্রমতে, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের ভাষা অত্যন্ত স্পষ্ট। সেখানে ‘নিজ জেলা এবং স্পাউসের জেলা ব্যতীত’ অন্য জেলায় পদায়নের কথা বলা হয়েছে। ফলে নীতিমালা কার্যকর হওয়ার পর কোনো কর্মকর্তাকে স্বামীর জেলায় পদায়ন করা হলে তা নীতিমালার উদ্দেশ্য ও ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি নাÑ সেই প্রশ্ন এসে যায়। বিশেষ করে নীতিমালা জারির মাত্র ১৩ দিনের মধ্যে এমন বদলির আদেশ হওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনে বদলি নীতিমালা শুধু আনুষ্ঠানিক নির্দেশনা নয়; এটি সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনো কর্মকর্তা নিজ জেলা বা স্বামীর/স্ত্রীর জেলায় দায়িত্ব পালন করলে স্থানীয় সামাজিক, পারিবারিক কিংবা রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা তৈরি হতে পারেÑ এমন বিবেচনা থেকেই বিভিন্ন দপ্তরে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হয়ে থাকে।
এ বিষয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মন্ত্রণালয়ের আদেশ লঙ্ঘন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এ ধরনের একটি আদেশ জারি করা হয়েছে বলে জানতে পেরেছি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাখ্যা তলব করা হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগে ব্যর্থ হয়ে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।