× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দরে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা নাকি দায়িত্বে অবহেলা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:১০ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি: বাসস

চট্টগ্রাম বন্দর। ছবি: বাসস

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালগুলোতে এক মাসের ব্যবধানে দুটি যান্ত্রিক দুর্ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ২২ জুন নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ড এবং ১৮ জুলাই চিটাগাং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) কোয়ে গ্যান্ট্রি ক্রেনের (কিউজিসি) তার ছিঁড়ে কন্টেইনার পড়ে যাওয়ার ঘটনায় বন্দরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা।

বন্দর সংশ্লিষ্টদের দাবি, এসব ঘটনা শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ঘাটতি ও দায়িত্বে অবহেলার ফলÑ তা খতিয়ে দেখা জরুরি। কারণ কন্টেইনার হ্যান্ডলিংয়ে ব্যবহৃত কিউজিসি ও আরটিজি ক্রেনগুলোর অধিকাংশের বয়স এখনও আয়ুষ্কালের অর্ধেকও পার হয়নি।

বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, “দুর্ঘটনাগুলোর পেছনে মেইনটেন্যান্সগত ত্রুটি ছাড়া অন্য কোনো কারণ আছে বলে মনে হয় না। বন্দরের এসব যন্ত্রপাতির অধিকাংশের ওয়ারেন্টি পিরিয়ডও শেষ হয়নি। যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় এমন ঘটনা ঘটছে।”

তিনি বলেন, “কিউজিসির তার সহজে ছিঁড়ে যাওয়ার কথা নয়। নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ না হলে তারে মরিচা ধরে টেম্পার নষ্ট হতে পারে। সেটি হলে তা মেরামত ব্যবস্থার দুর্বলতারই ইঙ্গিত।”

তুরস্কের আসান ক্রেন কোম্পানির তথ্য অনুযায়ী, স্বাভাবিক ব্যবহারে একটি কিউজিসি বা শিপ-টু-শোর ক্রেনের আয়ুষ্কাল ২০ থেকে ৩০ বছর। উন্নত রক্ষণাবেক্ষণ ও সময়মতো যন্ত্রাংশ পরিবর্তন করা হলে তা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। আরটিজি ক্রেনের স্বাভাবিক আয়ুষ্কাল ১৫ থেকে ২৫ বছর, যা ভালো রক্ষণাবেক্ষণে ৩০ বছর পর্যন্ত সচল রাখা যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৫ সালে সিসিটিতে প্রথম কিউজিসি সংযোজন করা হয়। এরপর ২০১৫ সালের পর এনসিটিতে কিউজিসি স্থাপন শুরু হয়। বর্তমানে এনসিটিতে ১৪টি কিউজিসি সচল রয়েছে। এর মধ্যে সর্বশেষ দুটি ক্রেন ২০২২ সালের মে মাসে চীন থেকে এনে সংযুক্ত করা হয়। পাশাপাশি বন্দরে সচল রয়েছে ৫২টি আরটিজি ক্রেন, যার অধিকাংশই গত ১০ বছরের মধ্যে যুক্ত হয়েছে।

তবুও গত ২২ জুন এনসিটির ৪ নম্বর বার্থে আরটিজি ক্রেনের ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে টার্মিনালের একাংশে কন্টেইনার ওঠানামা সাময়িক বন্ধ হয়ে যায় এবং দুটি আমদানি পণ্যভর্তি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। এর ২৬ দিন পর ১৮ জুলাই সিসিটির ৩ নম্বর বার্থে জাহাজ থেকে কন্টেইনার নামানোর সময় কিউজিসির স্প্রেডারের লেসিং ছিঁড়ে একটি কন্টেইনার ক্রেনের বিমে পড়ে যায়। এতে কাঠের গুঁড়ি লরির ওপর পড়ে। চালক প্রাণে বেঁচে গেলেও ক্রেন, কন্টেইনার ও লরি ক্ষতিগ্রস্ত হয়।

বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, “যন্ত্রপাতির মেরামত কাজ যথাযথভাবে হচ্ছে কি না এবং ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেওয়া হচ্ছে কি না— তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।”

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কিউজিসির তার ছিঁড়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জানা যাবে এটি মেরামতগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণে ঘটেছে। আরটিজি ক্রেনের অগ্নিকাণ্ডের ঘটনাতেও তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা