× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটর্নি সার্ভিস বন্দি কাগজ-কলমে

ফসিহ উদ্দীন মাহতাব ও মাসুদুল হাসান

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১০:৩০ এএম

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় দীর্ঘদিনের কাঠামোগত সংকট এখনও রয়ে গেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় দীর্ঘদিনের কাঠামোগত সংকট এখনও রয়ে গেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার জন্য প্রয়োজন পেশাদার, দক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত আইন কর্মকর্তা সার্ভিস। অনেক আগে এ সার্ভিস গঠনের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছিল অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ। প্রতিষ্ঠা করা হয়েছিল সরকারি অ্যাটর্নি অধিদপ্তরও। কিন্তু অধ্যাদেশটি জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়নি। ফলে থেমে গেছে পুরো উদ্যোগ।

এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। সরকার পরিবর্তন হয়েছে, নীতিনির্ধারক বদলেছে, আদালতে একের পর এক রিট হয়েছে, বিশেষজ্ঞরা সুপারিশ দিয়েছেন, বিচার বিভাগ সংস্কারের আলোচনায় বিষয়টি গুরুত্বও পেয়েছে; তবু আলোর মুখ দেখেনি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আইন। ফলে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় দীর্ঘদিনের কাঠামোগত সংকট এখনও রয়ে গেছে। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আবারও অ্যাটর্নি সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নেয়। তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ অনুমোদিত হয়। পরে জনবল নিয়োগও দেওয়া হয়। ২০২৬ সালে নির্বাচনের পর রাজনৈতিক সরকার গঠিত হলে অধ্যাদেশটিকে জাতীয় সংসদে আইন হিসেবে পাসের জন্য সুপারিশও করা হয়। কিন্তু এরপর বিষয়টি আর এগোয়নি। 

আইন প্রণয়নের এই দীর্ঘসূত্রতায় ও অনিশ্চয়তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। কারণ সরকারি মামলা পরিচালনায় দক্ষতার ঘাটতি, রাজনৈতিক নিয়োগ, জবাবদিহিতার অভাব এবং দুর্বল প্রস্তুতির কারণে সরকার একের পর এক মামলায় পরাজিত হচ্ছে। এতে রাষ্ট্রীয় স্বার্থের ক্ষতি হচ্ছে, বাড়ছে মামলাজটও।

জানতে চাইলে দেশের সংবিধান বিশেষজ্ঞ ও প্রখ্যাত আইনজীবী ড. শাহদীন মালিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা রাজনৈতিকভাবে সম্পৃক্ত আইনজীবীদের অনীহা।’

তার ভাষ্য, ‘রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এসব পদে নিয়োগ পাওয়ার প্রত্যাশা থেকে অনেক আইনজীবী স্থায়ী ব্যবস্থার বিরোধিতা করেন। অথচ বিশ্বের অধিকাংশ দেশে সরকারের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা আইন কর্মকর্তারা স্থায়ী সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকেন।’

বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়া বাকি আইন কর্মকর্তাদেরও স্থায়ী কাঠামোর আওতায় আনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ড. শাহদীন মালিক বলেন, ‘বাংলাদেশে এখনও কোনো আইন ক্যাডার নেই। যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি বড় ঘাটতি। সরকারের আইন কর্মকর্তারা স্থায়ী ক্যাডারভুক্ত না হওয়ায় তাদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও জবাবদিহিতার সুযোগ সীমিত। এতে দায়িত্বশীলতা এবং দক্ষতার ঘাটতিও দেখা দেয়।’

তিনি দাবি করেন, ‘এর প্রভাব মামলা নিষ্পত্তিতেও পড়ছে। বর্তমানে দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন এবং ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ২০ শতাংশেরও কম। একই সঙ্গে ক্যাডারভুক্ত না থাকায় সরকারি আইন কর্মকর্তাদের প্রতি তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের গুরুত্বও কম থাকে।’

তিনি আরও বলেন, ‘২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নিয়ে আইন প্রণয়ন করেছিল। তবে আইনজীবীদের বিরোধিতার মুখে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিষয়টি আর এগিয়ে নেয়নি।’

অস্থায়ী নিয়োগে চলছে রাষ্ট্রের আইনি লড়াই

বর্তমানে উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এবং নিম্ন আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি), সরকারি কৌঁসুলি (জিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় মূলত অস্থায়ী বা চুক্তিভিত্তিক ব্যবস্থায়।

আইনজীবী সমাজের একটি বড় অংশের অভিযোগ, এসব নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক পরিচয়, দলীয় আনুগত্য এবং ব্যক্তিগত সম্পর্ক বেশি গুরুত্ব পায়। সরকার বদলালেই বদলে যায় আইন কর্মকর্তা। ফলে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় কোনো স্থায়ী ধারাবাহিকতা তৈরি হয় না।

একাধিক আইনজীবী জানান, সার্ভিসটি অস্থায়ীভিত্তিক হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নথি বিশ্লেষণ, গবেষণা এবং জটিল সাংবিধানিক বা বাণিজ্যিক মামলায় দক্ষতা গড়ে তোলার সুযোগই তৈরি হয় না। ফলে রাষ্ট্র বারবার দুর্বল অবস্থানে পড়ে, আর প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে থাকে প্রস্তুতি ও কৌশলে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস থাকলে নিয়োগ, পদোন্নতি, মূল্যায়ন ও শাস্তিমূলক ব্যবস্থার একটি সুসংগঠিত কাঠামো তৈরি হতো। তখন ব্যক্তিনির্ভরতা কমে প্রতিষ্ঠাননির্ভরতা বাড়ত।

রাষ্ট্রপক্ষের ভেতরই অসততার অভিযোগ

রাষ্ট্রের হয়ে মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে অসততা ও দ্বৈত ভূমিকার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে রাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও গোপনে আসামিপক্ষকে সহায়তা ও সুবিধা দেওয়ার এই অভিযোগ বিচারব্যবস্থার ওপর আস্থার সংকটও বাড়াচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, কার্যকর নজরদারি ও স্থায়ী কাঠামো না থাকায় এসব অভিযোগ তেমন পর্যালোচনাও হচ্ছে না। ফলে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মান যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তেমনি জবাবদিহিতার সংস্কৃতিও গড়ে উঠছে না।

উদ্যোগ থেমেছে বারবার

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০০২ সালে বিএনপি সরকারের সময় প্রথমবার অ্যাটর্নি সার্ভিস আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালে ড. ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে ১৫ মে অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ জারি করেন। ১৮ মে গেজেট প্রকাশিত হয়। এই অধ্যাদেশের ভিত্তিতে একই বছরের ২ জুন সরকারি অ্যাটর্নি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের দক্ষিণ পাশে সচিবালয় লিংক রোডের পরিবহন পুল ভবনের ১১ তলায় অধিদপ্তরের কার্যালয়ও চালু হয়। মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন লেজিসলেটিভ বিভাগের যুগ্ম সচিব মো. ইসরাইল হোসেন। অধিদপ্তরের কার্যক্রমও শুরু হয়েছিল। কিন্তু অধ্যাদেশটি জাতীয় সংসদে আইন হিসেবে পাস না হওয়ায় পুরো উদ্যোগ স্থবির হয়ে পড়ে।

২০০৮ সালে অধ্যাদেশ জারি হলেও সেটিকে স্থায়ী আইনে রূপ দিতে সংসদীয় অনুমোদন পাওয়া যায়নি। ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের সময় ফের এ-সংক্রান্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় এবং ২০২৬ সালে নতুন সরকার গঠনের পর অধ্যাদেশটিকে আইন হিসেবে সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়। কিন্তু এরপর বিষয়টি আর এগোয়নি।

রিটে প্রশ্ন উঠেছে সাংবিধানিক বৈধতা নিয়ে

স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের দাবিতে উচ্চ আদালতে একাধিক রিট আবেদন করা হয়েছে। রিটে বলা হয়, বর্তমান নিয়োগব্যবস্থা সংবিধানের ১৯(১), ২২, ২৯(১), ২৯(২) এবং ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। রিটকারীদের দাবি, বিদ্যমান ব্যবস্থায় সমতার নীতি লঙ্ঘিত হচ্ছে।

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হওয়ায় দক্ষ ও যোগ্য আইনজীবীরা বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে রাষ্ট্র একটি পেশাদার আইন কর্মকর্তা বাহিনী পাবে।

আইন বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করে, বর্তমান ব্যবস্থায় রাজনৈতিক নিয়োগের মাধ্যমে অনেকেই গুরুত্বপূর্ণ পদে আসার সুযোগ পান। স্থায়ী সার্ভিস চালু হলে সেই সুযোগ কমে যাবে। ফলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আইনটি বাস্তবায়নে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।

পিএসসিভিত্তিক নিয়োগেই সমাধান

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ড. গাজী সিরাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অ্যাটর্নি সার্ভিস আইন কার্যকর হলে চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের প্রচলন থাকবে না। আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জনকারী প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, এপিপি, জিপি ও পিপি হিসেবে নিয়োগ পাবেন। গুরুত্বপূর্ণ এসব পদে আর রাজনৈতিক পুনর্বাসনের জায়গা থাকবে না।’

তিনি বলেন, ‘বর্তমান ব্যবস্থায় সরকারি আইন কর্মকর্তা নিয়োগে কোনো স্বচ্ছতা নেই। সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ার ঘটনাও প্রমাণ করে যে, নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে স্বাধীন প্রসিকিউশন বা অ্যাটর্নি সার্ভিস আইন সময়ের দাবি।’

উল্লেখ্য, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনেও স্বাধীন ও কার্যকর প্রসিকিউশন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশও ওই কনভেনশনের সদস্য হওয়ায় কার্যকর ও স্বাধীন আইন কর্মকর্তা কাঠামো প্রতিষ্ঠার নৈতিক ও আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে উচ্চ আদালতের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার না থাকায় দেশে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস বাস্তবায়ন হচ্ছে না।’

তিনি বলেন, ‘স্থায়ীভাবে সরকারি নিয়োগ দিলে এসব ক্ষেত্রে সাফল্যের হার খুবই কম। স্থায়ী চাকরির কারণে অনেক কর্মকর্তা জবাবদিহিতার বাইরে থেকে যান। দায়িত্ব যথাযথভাবে পালন না করলেও তাদের চাকরি সহজে নড়ানো যায় না। এতে প্রশাসনে জবাবদিহিতা ও কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রয়োজন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক বা মেয়াদভিত্তিক নিয়োগ দিয়ে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়নের সুযোগ তৈরি করা হয়। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে নতুন প্রশাসনও নিজেদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনবল নিয়োগ দিতে পারে।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা