× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছর পরও দগদগে মাইলস্টোন ট্র্যাজেডির স্মৃতি

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ০৯:২২ এএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ০৯:২৪ এএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি আজ। শোকাবহ এই ট্র্যাজেডি্র স্মরণে কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী বেদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি আজ। শোকাবহ এই ট্র্যাজেডি্র স্মরণে কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী বেদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আজ। কিন্তু এই বিদ্যাপীঠের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের কাছে যেন সময় থমকে আছে ২০২৫ সালের ২১ জুলাইয়ের সেই বিভীষিকাময় দুপুরেই।

৭ মিনিটের একটি প্রশিক্ষণ ফ্লাইট, কয়েক সেকেন্ডের নিয়ন্ত্রণ হারানো, তারপর ভয়াবহ বিস্ফোরণ; আর তাতেই নিভে যায় পাইলট ও ২৮ শিক্ষার্থীসহ ৩৬ জনের প্রাণ। এক বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনার ক্ষত এখনও শুকায়নি। বেঁচে ফেরা শিশু ও প্রত্যক্ষদর্শীদের মন থেকে মুছে যায়নি আগুন, ধোঁয়া আর বন্ধুদের আর্তনাদের স্মৃতি।

ভয়াবহ সেই দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিশন দীর্ঘ সময় নিয়ে প্রতিবেদন জমা দিলেও তা আজও আলোর মুখ দেখেনি। এমনকি প্রতিবেদনে নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার যে সুপারিশ করা হয়েছিল, সেটিও বাস্তবায়ন হয়নি। ফলে এক বছর পর ট্র্যাজেডির ক্ষত যেমন রয়ে গেছে, তেমনি রয়ে গেছে অসংখ্য অনুত্তরিত প্রশ্ন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা শিক্ষার্থীদের অনেকেই এখনও গভীর মানসিক আঘাত (ট্রমা) বহন করছে। আকাশে উড়োজাহাজ দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। রোটারি ক্লাব অব বনানীর উদ্যোগে সম্প্রতি পুবাইলের একটি রিসোর্টে ক্ষতিগ্রস্ত ৬০ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য নিয়ে একটি কর্মসূচি পালিত হয়। রোটারি ক্লাব অব বনানীর সভাপতি শরীফ উল্লাহকে উদ্ধৃত করা হয়েছে।

তিনি বলেছেন, ‘শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা এই হিলিংয়ের চেষ্টা করেছি। এতে ইতিবাচক প্রভাব দেখা গেছে। তবে এটি দীর্ঘমেয়াদি হওয়া প্রয়োজন।’ এ বিষয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনিরা রহমান বলেন, ‘এই শিশুদের সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। তারা অত্যন্ত ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে গেছে। তাদের জন্য দীর্ঘমেয়াদি ট্রমা ম্যানেজমেন্ট এবং নিয়মিত কাউন্সেলিং অত্যন্ত জরুরি।’

দুর্ঘটনার পর সাবেক সচিব একেএম জাফর উল্লা খানকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। নকশাগত ত্রুটি ও একটিমাত্র সিঁড়ি তদন্ত কমিশনের প্রতিবেদনে প্রাণহানি বাড়ার অন্যতম কারণ হিসেবে ভবনের নকশাগত ত্রুটিকে দায়ী করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন এলাকায় উচ্চতার সীমা লঙ্ঘনকারী অসংখ্য স্থাপনার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কমিশন একটি সুনির্দিষ্ট ক্ষতিপূরণ প্যাকেজের সুপারিশ করেছিল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা নুরুন্নবী গণমাধ্যমকে বলেন, ‘আমরা তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে গিয়েছিলাম। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে যেমন ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে, আমরা দাবি করেছিলাম এই পরিবারগুলোকেও এমন সহায়তা দেওয়া হোক, যাতে তারা বাকি জীবন চলতে পারে।’ তবে, চলতি অর্থবছরের নতুন বাজেটে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। 

ট্র্যাজেডির এক বছর পূর্তি উপলক্ষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ২০ ও ২১ জুলাই দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সোমবার দিয়াবাড়ি ক্যাম্পাসসহ প্রতিষ্ঠানের ১৬টি শাখায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে সমাহিত শিক্ষার্থী ও শিক্ষকদের কবর জিয়ারতেরও আয়োজন করা হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, আজ মঙ্গলবার প্রতিষ্ঠানের সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইডের গার্ড অব অনার, নীরবতা পালন, স্মৃতিচারণা এবং নিহতদের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার স্মরণসভায় অষ্টম শ্রেণির সূর্য সময় বিশ্বাস সেই দিনের স্মৃতিচারণ করে বলে, ‘আমরা দোতলার একটি কক্ষে আটকা পড়েছিলাম। চারদিকে শুধু আগুন, ধোঁয়া আর বন্ধুদের আর্তনাদ। শিক্ষকেরা লোহার গ্রিল ভেঙে আমাদের উদ্ধারের চেষ্টা করেন। আমি কখনোই আমার হারিয়ে যাওয়া বন্ধুদের ভুলতে পারব না।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা