জিজ্ঞাসাবাদে মোজাফফর মুখ খুলতে শুরু করেছেন বলে একটি সূত্র দাবি করেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নেপথ্যে কারা ছিলেন, সে সম্পর্কে তদন্ত ও গবেষণা এখনও অসম্পন্নই রয়ে গেছে। এমনকি এ ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলারও বিচার হয়নি। তবে এ ঘটনায় সেনাবিদ্রোহের কারণে সামরিক আদালতে যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়, তাতে ১৮ জন সামরিক কর্মকর্তার বিচার হয় এবং ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ওই সামরিক আদালতের আসামি পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ায় শহিদ জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা ও মামলার জট খোলার সম্ভাবনা দেখা দিয়েছে।
সূত্র জানাচ্ছে, তদন্তকারীরা মোজাফফর হোসেনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন। এই জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে তাকে ইতোমধ্যে চট্টগ্রামেও নিয়ে যাওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে মোজাফফর মুখ খুলতে শুরু করেছেন বলেও একটি সূত্র দাবি করেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, হত্যা মামলা কখনও তামাদি হয় না। এই মামলার রহস্যভেদ করার চাবি এখন সরকারের হাতে এবং ন্যায়বিচারের প্রয়োজনেই মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকাজ এগিয়ে নেওয়া প্রয়োজন। সরকারের উচিত জিয়া হত্যা মামলার সুষ্ঠু বিচার করে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা।
প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে জানা গেছে, পলাতক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেও মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরেই প্রায় খোলাখুলিভাবে দেশে অবস্থান করছিলেন। ২০১৯ সাল থেকে তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি সিরাজগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। আড্ডা দিয়েছেন স্থানীয় প্রেস ক্লাবেও। অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গেও ছিল তার নিয়মিত যোগাযোগ। তারা দুজনই একসময় রক্ষীবাহিনীর সদস্য ছিলেন এবং সেই সূত্রে পরস্পরের মধ্যে ভালো যোগাযোগ গড়ে ওঠে। পরে তারা সেনাবাহিনীতে যোগ দেন। তাদের এই সম্পর্ক ও গোপন যোগাযোগ সাম্প্রতিককালেও নিবিড় ছিল বলে জানা গেছে মাসুদ উদ্দিনের মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট থেকে।
বিশেষজ্ঞরা যা বলছেন
এ বিষয়ে জানতে চাইলে সামরিক বিশেষজ্ঞ ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন বলেন, ‘জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরও বিএনপি তিন-তিনবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। কিন্তু এই দীর্ঘ সময়েও ঘটনাটির প্রকৃত রহস্য পুরোপুরি উদঘাটন হয়নি।’ তিনি বলেন, ‘১৯৮১ সালে মাত্র ২৪ ঘণ্টার নোটিসে চট্টগ্রামে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘটনার পর যদি মেজর জেনারেল এমএ মঞ্জুরকে হত্যা না করা হতো, তাহলে প্রকৃত সত্য আরও আগেই বেরিয়ে আসতে পারত। তবে হত্যামামলা কখনও তামাদি হয় না। এটা সিভিল ও সামরিক কোনো আইনেই তামাদি হওয়ার সুযোগ নেই। কারণ আইন একটি চলমান প্রক্রিয়া। মোজাফফর গ্রেপ্তার হওয়ায় সরকারের হাতে একটা সুযোগ এসেছে এই হত্যা রহস্য উদ্ঘাটনের। সেটি কাজে লাগানো উচিত।’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ‘জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে কারা কুশীলব ছিলেন, কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল কি না, কার বা কাদের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং কী কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিলÑ এসব বিষয় উদঘাটন করা প্রয়োজন। যারা নেপথ্যে ছিলেন, তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’ তিনি বলেন, ‘মেজর মোজাফফরের কাছ থেকে তথ্য সংগ্রহে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা প্রয়োজন। কীভাবে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, কারা আশ্রয় দিয়েছে, কোথায় কোথায় অবস্থান করেছেন এবং কারা তাকে সহায়তা করেছেÑ এসব বিষয়ও তদন্তের মাধ্যমে জানা দরকার।’
প্রকাশ্যেও দেখা যেত মোজাফফরকে
২০১৯ সালের ৩১ মার্চ সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে মোজাফফর হোসেনকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আবদুর রউফ মুক্তা। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ‘স্যুভেনির’ প্রকাশ করে সিরাজগঞ্জ পৌরসভা। সেখানে প্রকাশিত একটি ছবিতে মোজাফফরকে ‘মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর’ হিসেবে উল্লেখ করা হয়। সেই ছবিতেও তার নাকের ঠিক নিচে একটি তিল বা আঁচিলসদৃশ কালো দাগ দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানের পর মোজাফফর তার ছোটোভাই পরাগকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রেস ক্লাবে যান। সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কাটান বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।
কে এই মোজাফফর হোসেন
সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা ও তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ মোজাফফর। বন্ধুদের কাছে তিনি ‘মোজাম’ নামে পরিচিত। তার বাবার নাম লুৎফার রহমান। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ভারতের দেরাদুনে প্রশিক্ষণ নিয়ে সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলে (ভাটপিয়ারী, কাজীপুর অঞ্চল) বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) কমান্ডারের দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকায় ৫৫১ নম্বরে তার নাম রয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ডের সাবেক এক কমান্ডার জানান, মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ভাটপিয়ারী এলাকায় একজন মুক্তিযোদ্ধা নিহত হন। ওই খুনের সঙ্গে নাম জড়িয়ে পড়ায় মুক্তিযুদ্ধ চলাকালেই তার চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং যুদ্ধপরবর্তী সময়েও তিনি সিরাজগঞ্জের রাজনীতিতে সুবিধা করতে পারেননি। এ অবস্থায় ১৯৭২ সালে রক্ষীবাহিনী গঠন হলে তিনি এর প্রথম ব্যাচেই যোগ দেন। তার পদবি ছিল ‘লিডার’। ১৯৭৫ সালের অক্টোবরে রক্ষীবাহিনী সেনাবাহিনীতে আত্তীকরণের সিদ্ধান্ত হয়। একপর্যায়ে এই রক্ষীবাহিনী বিলুপ্ত হয়ে যায় এবং সেনাবাহিনীতে আত্তীকৃত মোজাফফর সর্বশেষ মেজর পদবি নিয়ে কর্মরত ছিলেন।
মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফরের সম্পর্ক
রক্ষীবাহিনীতে মোজাফফর হোসেন ছিলেন প্রথম ব্যাচের লিডার। অন্যদিকে ষষ্ঠ ব্যাচের লিডার ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। একই বাহিনীর কর্মকর্তা হিসেবে মোজাফফর ও মাসুদ ছিলেন পরস্পরের পরিচিত ও ঘনিষ্ঠ। গত ২৩ মার্চ রাতে ঢাকার বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন মাসুদ। ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ৭ মে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়। বর্তমানে কারাগারে থাকা সাবেক এই সেনা কর্মকর্তার মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ থেকেই মিলেছে মোজাফফর হোসেনের সন্ধান।
গোয়েন্দা সূত্রমতে, মাসুদ চৌধুরীর ফোনের কললিস্টে ‘জন ডো’ নামে এক ব্যক্তির নিয়মিত যোগাযোগ বিশ্লেষণ করেন গোয়েন্দারা। একপর্যায়ে ছদ্মনামের এই রহস্যজনক ব্যক্তি সম্পর্কে জানতে পারে পুলিশ। কিন্তু কথা বলার সময় ভিপিএন ব্যবহার করায় অবস্থান সম্পর্কে সঠিক তথ্য মিলছিল না। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভিপিএন ছাড়াই সরাসরি ফোনকলে তাদের মধ্যে কথোপকথন হয়। সেই সূত্র ধরেই মোজাফফরকে খুঁজে পান গোয়েন্দারা। গ্রেপ্তারের পর তাকে সেনা হেফাজতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানোর ইচ্ছা প্রকাশ করলে তাকে ঢাকায় এনে একটি সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় ১৯৮১ সালের ১ জুন চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মোকাররম হোসেন। এ মামলার ৬ নম্বর আসামি মোজাফফর হোসেন।