এক কক্ষে ৩৬ শিক্ষার্থী
মাহরিব বিন মহসিন, ঢাবি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ০৮:৩৪ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১১:৩৬ এএম
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম নম্বর ৩৩০। নাম ‘মধুমিতা’। তবে এখানে বাসে স্মৃতি মোটেও মধুর নয়, ভীষণ তিক্ততার, দারুণ কষ্টের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হিটলারের নাৎসি বন্দিশিবিরে এক কক্ষে গাদাগাদি করে কতজনকে রাখা হতো? কিংবা শেখ হাসিনার আয়নাঘরে? বাংলাদেশের বন্দিতে ঠাসা কারাগারগুলোতে গাদাগাদি করে কয়েদি রাখতে যে ‘ইলিশ ফাইল’ করা হয়, তাতে ক’জনকে ঠেসে রাখা হয় একটি কক্ষে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীনিবাসে তার চেয়েও বেশি ছাত্রীকে বাধ্য হয়ে থাকতে হয় একটি কক্ষে।
বাইরে থেকে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পুরনো ঐতিহ্য ও আভিজাত্যের ছাপ স্পষ্ট। কিন্তু হলের ভেতরের চিত্রটি একেবারেই ভিন্ন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৩৩০ নম্বর কক্ষটির নাম ‘মধুমিতা’। এই ছোট্ট কক্ষে সারি সারি বসানো হয়েছে ৯টি দোতলা (বাংক) খাট। আর এই কক্ষেই গাদাগাদি করে থাকছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৩৬ জন ছাত্রী। শুধু ৩৩০ নম্বর কক্ষই নয়, এই হলের এমন অন্তত ১০টি কক্ষে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থীকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
গালভরা নাম প্রাচ্যের অক্সফোর্ড বলে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট বহু পুরনো সমস্যা। বছরের পর বছর ধরে নানা উন্নয়ন প্রকল্প আর প্রতিশ্রুতির কথা শোনা গেলেও হলের চিত্র বদলায়নি। মূলত প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরাই এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। অতীতে এই আবাসন সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ‘গণরুম’ সংস্কৃতি জিইয়ে রাখার অভিযোগ ছিল ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা গণরুম প্রথার বিলুপ্তি ঘটেছে বলে দাবি করা হলেও, বাস্তবতা বলছে ভিন্ন কথা। তীব্র আবাসন সংকটের কারণে বাধ্য হয়ে ছাত্রীদের এখনও সেই গণরুমেই থাকতে হচ্ছে।
ছাত্রীদের জন্য আবাসন বৈষম্য
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৮৮১। এর মধ্যে ছাত্রী ২০ হাজার ৭২৯ জন (৪৮.৩৩ শতাংশ) এবং ছাত্র ২২ হাজার ১৫২ জন (৫১.৬৭ শতাংশ)। মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক নারী হলেও আবাসনের ক্ষেত্রে চরম বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।
বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে ১৯টি আবাসিক হল ও ৪টি হোস্টেল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য ১৩টি হল বরাদ্দ থাকলেও ছাত্রীদের জন্য রয়েছে মাত্র ৫টি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১টি হল। এ ছাড়া ৪টি হোস্টেলের মধ্যে ছাত্রীদের জন্য রয়েছে কেবল দুটি (নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস এবং শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল)।
পরিসংখ্যান বলছে, ২০ হাজার ৭২৯ জন ছাত্রীর মধ্যে হলে থাকার সুযোগ পাচ্ছেন মাত্র ৭ হাজার ২১০ জন (প্রায় ৩৪.৭৮ শতাংশ)। বাকি ১৩ হাজার ৫১৯ জন (৬৫.২২ শতাংশ) ছাত্রী হলের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। ঢাকায় যাদের পরিবার বা আত্মীয়স্বজন নেই কিংবা বাইরে মেস বা ভাড়াবাড়িতে থাকার আর্থিক সামর্থ্য নেই, তারাই বাধ্য হয়ে হলের এই ঘিঞ্জি গণরুমগুলোতে আশ্রয় নিচ্ছেন। এসব কক্ষে পড়ার টেবিল, বই রাখার তাক বা আলমারি তো দূরের কথা, ছাত্রীদের ন্যূনতম ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) রক্ষারও কোনো সুযোগ নেই।
শিক্ষার্থীদের দৈনন্দিন সংগ্রাম
গণরুমের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহরিন আক্তার মাহজুবা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে গৌরবের কথা আমরা শুনে আসি, এই আবাসন ব্যবস্থা তার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। একটি কক্ষে ধারণক্ষমতার দ্বিগুণ-তিনগুণ শিক্ষার্থী বাস করছেন। একটি বিছানায় দুজনকে গাদাগাদি করে থাকতে হয়। এতে রাতে ঠিকমতো ঘুম হয় না। মনোযোগ দিয়ে পড়াশোনা করা বা অসুস্থ হলে একটু বিশ্রাম নেওয়ারও কোনো উপায় নেই এখানে।’ তিনি আরও জানান, এমন অস্বস্তিকর ও মানবেতর একটি গণরুমে জায়গা পেতেও ছাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়।
উদাসীনতা ও প্রশাসনিক ব্যর্থতা
শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই সংকট আজ এত তীব্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠান নয়। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত কিংবা হলের ধারণক্ষমতার ওপর ভিত্তি করে এখানে শিক্ষার্থী ভর্তি করা হয় না। সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হলের ভেতরের বর্তমান সংকট মূলত প্রশাসনিক অব্যবস্থাপনারই ফসল।’
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে একটি কক্ষে ৩৬ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে দেওয়া সরাসরি প্রশাসনের ব্যর্থতা। যেকোনো উপায়ে হলে একটি সিট দিয়ে দেওয়াকেই সফলতা ভাবার সুযোগ নেই; বরং পুরো ব্যবস্থাকে মানবিক দৃষ্টিকোণ থেকে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) সম্পৃক্ত করে তহবিল গঠন ও নতুন ডরমিটরি নির্মাণের পরামর্শ দেন এই অধ্যাপক।
স্থবির উন্নয়ন প্রকল্প ও ছাত্রপ্রতিনিধিদের উদ্বেগ
আবাসন সংকট নিরসনে গত বছর ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকার একটি মেগাপ্রকল্প গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ৪টি ছাত্রী হল ও ৫টি ছাত্র হলসহ বিভিন্ন ভবন নির্মাণের কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ছাত্রী ও ৫ হাজার ১০০ ছাত্রের আবাসন সংকট দূর হওয়ার কথা। এ ছাড়া চীন সরকারের ২৪৪ কোটি টাকা আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নামে নতুন আরেকটি ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা থাকলেও এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মিফতাহুল জান্নাত রিফাত বলেন, ‘ছাত্রীদের হলে সিট সংকট এখন চরম আকার ধারণ করেছে। বাধ্য হয়ে হল প্রশাসন ক্লাবরুম ও অন্যান্য কিছু কক্ষে দোতলা খাট বসিয়ে সাময়িক ব্যবস্থা করেছে। নতুন হল নির্মাণ ছাড়া এর কোনো স্থায়ী সমাধান নেই। অনেক ছাত্রীই হতাশ হয়ে বলেন, হলে সিট না পেলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম এই প্রতিবেদককে বলেন, ‘পূর্ববর্তী প্রশাসনের সময় উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ও কাজ বণ্টন সম্পন্ন হলেও নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কাজের গতি থমকে গেছে। সিট সংকট জিইয়ে থাকলে রাজনৈতিক প্রভাব, গেস্টরুম সংস্কৃতি ও অস্বাস্থ্যকর পরিবেশ পুনরায় ফিরে আসার তীব্র আশঙ্কা রয়েছে।’ তিনি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা এবং নিয়মিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সিট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
কী বলছে কর্তৃপক্ষ
সার্বিক বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বলেন, ‘ছাত্রীদের সংখ্যার তুলনায় সিটের সংখ্যা খুবই নগণ্য। বাধ্য হয়েই ছাত্রীদের এভাবে থাকতে হচ্ছে। তবে আমরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিছানার ব্যবস্থা করেছি। আপাতত এক বিছানায় দুজন করে থাকছে। এটি অবশ্যই কোনো স্থায়ী সমাধান নয়।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিট সংকট মোকাবিলায় আমাদের নতুন হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসায় আমরা আশাবাদী দ্রুতই কাজ শুরু করতে পারব। হল নির্মাণ হলে মেয়েদের আবাসন সংকট অনেক কমে আসবে।’