ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৪:৪৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৫:০৫ পিএম
সরকারি গুদামে বর্তমানে চাল, ধান ও গম মিলিয়ে খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৭ হাজার ১৫৩ মেট্রিক টন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের সরকারি খাদ্য গুদামে এখন এক ভিন্ন বাস্তবতা। কয়েক বছর আগেও যখন চালের মজুত কমে যাওয়ায় সরকারকে জরুরি ভিত্তিতে বিদেশ থেকে চাল আমদানি করতে হতো, তখন খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল নিত্যসঙ্গী।
সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। সরকারি গুদামে বর্তমানে চাল, ধান ও গম মিলিয়ে খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৭ হাজার ১৫৩ মেট্রিক টন। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ সরকারি খাদ্য মজুত।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এর আগে ২০২৫ সালের আগস্টে সরকারি মজুত ২২ লাখ ৪৯ হাজার টনে পৌঁছে রেকর্ড গড়েছিল। এক বছরের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। নতুন এই মজুদ শুধু একটি পরিসংখ্যান নয়; এটি সরকারের খাদ্য ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন এবং বাজার নিয়ন্ত্রণ সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ সূচক।
চালের মজুতেই নতুন ইতিহাস
বর্তমান মজুতের সবচেয়ে বড় অংশই চাল। সরকারি হিসাব অনুযায়ী, গুদামে রয়েছে ১৯ লাখ ২২ হাজার ৯৭৬ টন চাল। এর সঙ্গে রয়েছে ২ লাখ ৯ হাজার ২২১ টন ধান এবং ৩ লাখ ১৮ হাজার ১৮৪ টন গম।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর সরকারি গুদামে এত বেশি চাল আগে কখনও ছিল না। ফলে প্রাকৃতিক দুর্যোগ, বাজারে অস্থিরতা কিংবা আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় সংকট দেখা দিলেও সরকারের হাতে এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা রয়েছে।
স্বস্তির পাশাপাশি নতুন সংকট
তবে রেকর্ড মজুদ নতুন এক বাস্তবতারও জন্ম দিয়েছে। দেশের অনেক সরকারি গুদামে এখন খাদ্যশস্য রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। প্রয়োজনীয় বস্তার সংকটও দেখা দিয়েছে। এ অবস্থায় চলছে চলতি বোরো মৌসুমের সংগ্রহ অভিযান, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ফলে নতুন করে সংগ্রহ হওয়া ধান ও চাল সংরক্ষণ করা নিয়েও ভাবতে হচ্ছে খাদ্য অধিদপ্তরকে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান বলেন, দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ পরিমাণ চাল মজুত হয়েছে। তার মতে, এই মজুত সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অবস্থান তৈরি করেছে।
অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বলেন, চলমান বোরো সংগ্রহ শেষ হলে মজুত আরও বাড়বে। তার ভাষায়, অতীতের সব রেকর্ড ইতোমধ্যেই অতিক্রম করেছে সরকারি খাদ্য মজুত।
বাজারে কতটা প্রভাব পড়ছে
বাংলাদেশে চাল শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি মূল্যস্ফীতির অন্যতম নিয়ামকও। বাজারে চালের দাম বাড়লে তার প্রভাব পড়ে প্রায় প্রতিটি পরিবারের ব্যয়ে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকায় বাজারে সরবরাহ নিয়ে আতঙ্ক কমেছে। একই সঙ্গে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রয়োজনে দ্রুত খাদ্য বিতরণের সুযোগ তৈরি হয়েছে।
তবে অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, শুধু মজুত বেশি থাকলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত বাজার তদারকি, সময়মতো খাদ্য বিতরণ এবং বেসরকারি খাতের সরবরাহব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।
বোরো সংগ্রহে ইতিবাচক অগ্রগতি
চলতি বোরো মৌসুমে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৮ লাখ ১৮ হাজার ৫৯৩ টন সিদ্ধ চাল, ৫৮ হাজার ৭৪২ টন আতপ চাল এবং ৩ লাখ ৪ হাজার ৩০০ টন ধান। সরকারের লক্ষ্য, সংগ্রহ অভিযান শেষ হওয়ার আগেই মোট ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহ করা। কর্মকর্তাদের ধারণা, এ লক্ষ্য অর্জিত হলে সরকারি খাদ্য মজুত আরও শক্তিশালী হবে।
গবেষক ও অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান মনে করেন, বর্তমান মজুদ বাংলাদেশের খাদ্যনিরাপত্তার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে একটি দেশের সরকারের কাছে অন্তত ১৫ দিনের খাদ্যচাহিদার সমপরিমাণ জরুরি মজুত থাকা প্রয়োজন। বাংলাদেশের ক্ষেত্রে সেই পরিমাণ প্রায় সাড়ে ১৩ লাখ টন। অতীতে বহু বছর এই ন্যূনতম মজুদও ছিল না। এখন সরকারি মজুদ প্রায় ২৪ লাখ টনের কাছাকাছি পৌঁছেছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক।
তার মতে, এ অবস্থায় সরকারের খাদ্য বিতরণ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমবে।
চালে স্বয়ংসম্পূর্ণ, গমে নির্ভরতা রয়ে গেছে: দেশে চাল উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও গমের ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৪ কোটি ৬০ লাখ টন চাল এবং ১০ লাখ ৪১ হাজার টন গম উৎপাদিত হয়েছে।
অন্যদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, দেশে বছরে চালের চাহিদা প্রায় ৪ কোটি ১১ লাখ টন, কিন্তু গমের চাহিদা ৭৪ লাখ টন। অর্থাৎ চালে উদ্বৃত্ত থাকলেও গমের বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়।
এ কারণেই খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রেকর্ড মজুত খাদ্যনিরাপত্তায় আস্থা বাড়ালেও গমের আমদানিনির্ভরতা এখনও বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ।
মজুতের পরের প্রশ্ন
বর্তমান রেকর্ড মজুত সরকারের জন্য নিঃসন্দেহে ইতিবাচক অর্জন। কিন্তু এর সঙ্গে নতুন কিছু প্রশ্নও সামনে এসেছে। বিদ্যমান গুদামগুলো কি এত বড় মজুত দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণ করতে সক্ষম? পর্যাপ্ত আধুনিক সাইলো ও গুদাম নির্মাণের কাজ কতটা এগিয়েছে? সংরক্ষণে ক্ষয়ক্ষতি কীভাবে কমানো হবে? আর প্রয়োজন হলে এই মজুত কত দ্রুত মানুষের কাছে পৌঁছানো যাবে?