× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙাচোরা ঝুপড়িতেই মা-মেয়ের সংসার, অপেক্ষা নিরাপদ আশ্রয়ের

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:৫৭ পিএম

ছেঁড়া পলিথিনের ছাউনি, ভাঙা কাঠের খুঁটি আর চরম অনিশ্চয়তার মধ্যেই কেটে যাচ্ছে প্রতিবন্ধী মা ও মেয়ের প্রতিটি দিন-রাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছেঁড়া পলিথিনের ছাউনি, ভাঙা কাঠের খুঁটি আর চরম অনিশ্চয়তার মধ্যেই কেটে যাচ্ছে প্রতিবন্ধী মা ও মেয়ের প্রতিটি দিন-রাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কপোতাক্ষ নদের পাড়ে ভাঙাচোরা একটি ঝুপড়িই ৫৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মোছিনা বেগম ও তার ৩১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে মিনারার একমাত্র আশ্রয়।

ছেঁড়া পলিথিনের ছাউনি, ভাঙা কাঠের খুঁটি আর চরম অনিশ্চয়তার মধ্যেই কেটে যাচ্ছে তাদের প্রতিটি দিন-রাত।

একটি নিরাপদ টিনের ঘরের স্বপ্নই যেন আজ তাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

কয়েকজন স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মিনারার জন্মের আগেই মোছিনাকে ছেড়ে চলে যান তার স্বামী। এরপর থেকেই শুরু হয় মা-মেয়ের কঠিন জীবনসংগ্রাম। সংসারে উপার্জনের মতো কেউ নেই।

সরকারি বিধবা ভাতাই তাদের একমাত্র নিয়মিত সহায়তা, যা বর্তমান বাজারদরে ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে পারে না বলেও দাবি করেন তারা।

বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ

বর্ষাকাল এলেই তাদের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। ফুটো পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি ঝরে পড়ে ঘরের ভেতরে। মেঝেজুড়ে জমে কাদা। তখন বসার মতো শুকনো জায়গা তো দূরের কথা, ঘুমানোর মতো সামান্য স্থানও থাকে না। বাধ্য হয়ে রাতভর ভেজা পরিবেশেই কাটাতে হয় মা-মেয়েকে।

প্রতিটি মৌসুম যেন তাদের জীবনে নতুন করে কষ্টের অধ্যায় লিখে যায়।

প্রতিটি রাত কাটে নিরাপত্তাহীনতায়

ঝুপড়িটিতে নেই কোনো মজবুত বেড়া, দরজা কিংবা জানালা। পুরোনো একটি কাপড়ের পর্দাই তাদের একমাত্র আড়াল।

নদীতীরের নির্জন পরিবেশে প্রতিটি রাত কাটে চোর-ডাকাতের আতঙ্কে। পাশাপাশি বিষধর সাপ ও বন্য প্রাণীর ভয়ও সবসময় তাড়া করে বেড়ায় তাদের।

ঘরের ভেতরে যা আছে, তা বলতে একটি কলস, একটি জগ, কয়েকটি থালা-বাটি আর কিছু পুরোনো কাপড়। এ সামান্য জিনিসপত্রই তাদের পুরো সংসারের সম্বল।

জীবিকার লড়াইও প্রতিদিনের

শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার জন্য লড়াই থেমে নেই। শরীর সামর্থ্য দিলে মোছিনা নদীতে নেমে কাঁকড়া ধরেন।

আর তা সম্ভব না হলে নদীর চরে ভেসে আসা কাঠ ও লতাপাতা কুড়িয়ে বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলে তাদের জীবন।

কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এলেই ভেঙে পড়ে তাদের নড়বড়ে আশ্রয়। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও তাদের নাগালের বাইরে থেকে যায়।

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম বলেন, দুই প্রতিবন্ধী নারীর এমন মানবেতর জীবন মানবাধিকারের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাদের জন্য দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।

প্রশাসনের আশ্বাস

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন জানান, বিষয়টি অত্যন্ত মানবিক।

উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সরকারি আশ্রয়ণ প্রকল্প অথবা উপযুক্ত আবাসন কর্মসূচির আওতায় মা-মেয়ের জন্য একটি টেকসই ঘরের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিরাপদ আশ্রয়ের অপেক্ষা

কপোতাক্ষ নদের তীরে ছেঁড়া পলিথিনের নিচে টিকে থাকার এই সংগ্রাম শুধু দুই অসহায় নারীর ব্যক্তিগত কষ্টের গল্প নয়; এটি রাষ্ট্র ও সমাজের মানবিক দায়বদ্ধতারও এক নির্মম প্রতিচ্ছবি।

একটি নিরাপদ টিনের ঘর, ন্যূনতম চিকিৎসাসেবা এবং সামান্য মানবিক সহায়তাই বদলে দিতে পারে মোছিনা ও মিনারার জীবন।

হয়তো তখন আর প্রতিটি রাত তাদের কাটাতে হবে না ভয়, অনিশ্চয়তা আর বৃষ্টির পানির সঙ্গে লড়াই করে; ফিরবে সম্মান নিয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা