চট্টগ্রাম বন্দর
বেসরকারি কন্টেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহনে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে সাতটি প্রতিষ্ঠান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বেসরকারি কন্টেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহনে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে সাতটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দরের বাইরে বেসরকারি ১৯টি কন্টেইনার ডিপোতে বছরে যে আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয়, তার প্রায় ৭০ শতাংশই পরিবহন হচ্ছে এই সাতটি ডিপোতে।
দক্ষ ব্যবস্থাপনা, পর্যাপ্ত যন্ত্রপাতি সংযোজন এবং সুবিধামতো অবস্থানের কারণে প্রায় প্রতিবছরই আমদানি রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহনে এগিয়ে রয়েছে এসব প্রতিষ্ঠান।
সাতটি বেসরকারি কন্টেইনার ডিপোর মধ্যে রয়েছেÑ কেডিএস লজিস্টিকস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, পোর্ট লিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড, ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড, ইনকনট্রেড কন্টেইনার লিমিটেড, ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কন্টেইনার ইয়ার্ড এবং বিএম কন্টেইনার ডিপো লিমিটেড।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপোতে ১২ লাখ ৩৮ হাজার ৯০১ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৯৮ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে সাতটি কন্টেইনার ডিপোতে, যা বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে পরিবহন করা মোট কন্টেইনারের প্রায় ৭১ শতাংশ।
৮ লাখ ৫২ হাজার ৯৮ একক কন্টেইনারের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৬৯১ একক কন্টেইনার পরিবহন হয়েছে পোর্ট লিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড কন্টেইনার ডিপোতে। ১ লাখ ৭৩ হাজার ৪৭৬ একক কন্টেইনার পরিবহন হয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেডে এবং ১ লাখ ৩০ হাজার ৮০১ একক কন্টেইনার পরিবহন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ডিপোতে।
এ সম্পর্কে চট্টগ্রাম কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে কেডিএস, এসএপিএল, পোর্টলিংক এসব ডিপো এগিয়ে থাকে। কারণ এসব ডিপো পর্যাপ্ত জায়গা নিয়ে করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা আছেন, তারা খুব দক্ষ। কন্টেইনার হ্যান্ডলিং আধুনিক যন্ত্রপাতিতে সংযুক্ত করা হয়েছে। দক্ষ জনবল এবং আধুনিক যন্ত্রপাতির কারণে কাট অফ সময়ের মধ্যে আমদানি-রপ্তানিকারকরা পণ্য সরবরাহ নিতে পারেন। এ কারণেই মূলত এসব ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বেশি হচ্ছে।’
বিকডার তথ্য অনুযায়ী বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে আগের বছরের তুলনায় গেল অর্থবছর আমদানি রপ্তানি দুই ধরনের কন্টেইনার পরিবহন বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন বেড়েছে ৫৪ দশমিক ৫৪ শতাংশ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি ১৯টি কন্টেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয় ১০ লাখ ৪৩ হাজার ৮১৩ একক। এর মধ্যে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয় ৭ লাখ ৭৭ হাজার ৯৯৪ একক। আর আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয় ২ লাখ ৬৫ হাজার ৮২২ একক। সেখানে ২০২৫-২৬ অর্থবছরে ১৯টি কন্টেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৯০১ একক। এর মধ্যে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয় ৮ লাখ ২৮ হাজার ৮৪ একক। অন্যদিকে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয় ৪ লাখ ১০ হাজার ৮১৭ একক।
বিকডার মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, “বেসরকারি কন্টেইনার ডিপোতে পণ্য পরিবহন বাড়ার পেছনে পেছনে রয়েছে দুটি কারণ। এর একটি হচ্ছে এবার রপ্তানি বেড়েছে। পাশাপাশি এই বছর আমদানি পণ্য ভর্তি কন্টেইনার খালাসের পরিধিও বেড়েছে। আগে অফডকগুলোতে ৩৮ ধরনের পণ্য স্থানান্তর, অনস্টাফিং ও ডেলিভারির অনুমতি ছিল। আগের অর্থবছর সেটি বাড়িয়ে ৬৫ ধরনের পণ্য স্থানান্তর, অনস্টাফিং ও ডেলিভারির অনুমতি দিয়েছে এনবিআর। নতুন পণ্য যুক্ত করায় আমদানি কন্টেইনার ব্যবস্থাপনাও বাড়ছে। তাই আগের অর্থবছরের তুলনায় ৫৪ শতাংশ আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন বেড়েছে।”
এবারও রপ্তানিতে এগিয়ে কেডিএস, আমদানিতে পোর্টলিংক
বিকডার তথ্য অনুযায়ী গেল অর্থবছরে ১৯টি কন্টেইনার ডিপোতে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয় ৮ লাখ ২৮ হাজার ৮৪ একক। এর মধ্যে সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে তালিকার শীর্ষে রয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬১৮ একক।
রপ্তানি পণ্যে কন্টেইনার হ্যান্ডলিংয়ে এরপরই রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। গত এক বছরে প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৯৬ হাজার ৬২৯ একক। তৃতীয় অবস্থানে রয়েছে পোর্ট লিংক লজিস্টিক্স সেন্টার লিমিটেড। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৯৯ হাজার ৫৪৯ একক। চতুর্থ স্থানে রয়েছে ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড। গেল অর্থবছর প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৯১ হাজার ৬৯২ একক। পঞ্চম স্থানে রয়েছে ইনকনট্রেড কন্টেইনার লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপোতে গত অর্থবছর রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন হয় ৭৪ হাজার ৪৮৫ একক।
অন্যদিকে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন হয় ৪ লাখ ১০ হাজার ৮১৭ একক। এর মধ্যে সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং তালিকার শীর্ষে রয়েছে পোর্ট লিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। গত অর্থবছর প্রতিষ্ঠানটির ডিপোতে আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ১৯ হাজার ১৪২ একক।
আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে এরপরই রয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। গত এক বছরে প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৫ হাজার ৮৫৮ একক। তৃতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৪ হাজার ১৭২ একক। চতুর্থ স্থানে রয়েছে বিএম কন্টেইনার ডিপো লিমিটেড। গেল অর্থবছর প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭২০ একক। পঞ্চম স্থানে রয়েছে ইনকনট্রেড কন্টেইনার লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপোতে গত অর্থবছর রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন হয় ২৪ হাজার ৬৭৩ একক।