× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে দরজায় কবিতা আর কড়া নাড়ে না

বোরহানউদ্দিন মাহমুদ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:৩৩ পিএম

পুরান ঢাকার বাংলা বাজারে অনেক ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। ছবি: আলী হোসেন মিন্টু, প্রতিদিনের বাংলাদেশ

পুরান ঢাকার বাংলা বাজারে অনেক ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। ছবি: আলী হোসেন মিন্টু, প্রতিদিনের বাংলাদেশ

পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে হলুদ রঙের একটি পুরনো দোতলা ভবন। বাইরে থেকে দেখলে এটি সময়ের ভারে ন্যুব্জ আর দশটি পুরনো বাড়ির মতোই মনে হতে পারে।

কিন্তু লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই স্পষ্ট হয়Ñ এটি শুধু একটি বোর্ডিং নয়; বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতিবাহী প্রতিষ্ঠান।

একসময় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের প্রাণের আড্ডাকেন্দ্র হিসেবে পরিচিত বিউটি বোর্ডিং আজও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এর আগের সেই প্রাণচাঞ্চল্য ও জৌলুস।

বর্তমান পরিচালক বিজয় পোদ্দার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগের তুলনায় এখন দর্শনার্থী ও বোর্ডারÑ দুইয়ের সংখ্যাই কমে গেছে। আগে সংস্কৃতিজগতের মানুষ, কবি-সাহিত্যিক ও লেখকদের নিয়মিত আনাগোনা ছিল। এখন সেই পরিবেশ আর নেই। তারপরও বিউটি বোর্ডিং দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্মৃতিস্থান। দেশের অনেক প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে।

১৯৪৯ সালে যাত্রা শুরু করা বিউটি বোর্ডিং ছিল শুধু থাকার জায়গা নয়; এটি ছিল লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রাণের ঠিকানা। বাংলাবাজারের প্রকাশনা জগতের সঙ্গেও এর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখকরা এখানে থাকতেন, খেতেন, লিখতেন এবং নতুন স্বপ্ন বুনতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে শহর, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। সাহিত্য আড্ডার স্থান দখল করেছে সামাজিক মাধ্যম। ফলে পুরনো বোর্ডিংয়ের ঘরগুলোতে এখন আর আগের মতো কবিদের কোলাহল শোনা যায় না। উঠানের গাছগুলো এখনও আগের মতোই ছায়া দেয়, কিন্তু সেই ছায়াতলে আর বসে না নতুন কবিতার আসর। বিউটি বোর্ডিং তাই আজ শুধু একটি বোর্ডিং নয়, বরং অতীতের এক গৌরবময় সাহিত্য-ঐতিহ্যের নীরব সাক্ষী।

যেভাবে শুরু

বিউটি বোর্ডিংয়ের ইতিহাস ভবনটির প্রতিষ্ঠারও আগে শুরু। এটি মূলত জমিদার সুধীর দাসের বাসভবন ছিল। দেশভাগের আগে এখানে ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় পরিচালিত হতো। দেশভাগের পর পত্রিকাটি কলকাতায় স্থানান্তরিত হলে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ সাহা ভবনটিতে বোর্ডিং ও রেস্তোরাঁ চালু করেন। নলিনী মোহন সাহার বড় মেয়ে ‘বিউটি’-এর নাম অনুসারেই এর নাম রাখা হয় বিউটি বোর্ডিং।

সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র

১৯৫০ ও ১৯৬০-এর দশকে বিউটি বোর্ডিং ঢাকার অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডাকেন্দ্রে পরিণত হয়। এখানে নিয়মিত আসতেন কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, আবু জাফর ওবায়দুল্লাহসহ অসংখ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী।

বিজয় পোদ্দার জানান, একসময় বিকাল হলেই বোর্ডিংয়ের উঠানে সাহিত্যিকদের আড্ডা বসত। সাহিত্যপ্রেমীদের মতে, বাংলা সাহিত্যের বহু গুরুত্বপূর্ণ কবিতা, গল্প ও সৃষ্টিশীল ভাবনার সূচনা কিংবা পরিকল্পনা হয়েছে এই আড্ডাকেন্দ্রকে ঘিরে।

মুক্তিযুদ্ধের রক্তাক্ত অধ্যায়

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বিউটি বোর্ডিংয়ের ইতিহাসে একটি বেদনাবিধুর অধ্যায়। স্বাধীনতাকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবেও এটি ব্যবহৃত হতো। ১৯৭১ সালের ২৮ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বিউটি বোর্ডিংয়ে হামলা চালিয়ে মালিক প্রহ্লাদ সাহাসহ ১৭ জন কর্মচারী ও অতিথিকে হত্যা করে। এই হত্যাকাণ্ড বিউটি বোর্ডিংকে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শোকাবহ স্মৃতিচিহ্নে পরিণত করেছে।

স্বাধীনতার পর বর্তমান অবস্থা

স্বাধীনতার পর বিউটি বোর্ডিং পুনরায় চালু হলেও আগের মতো সাহিত্যিকদের প্রাণবন্ত আড্ডা আর ফিরে আসেনি। বর্তমানে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি এর ঐতিহাসিক গুরুত্বের কারণেও দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে আসেন। ভবনের ভেতরে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে স্মৃতিফলক এবং সাহিত্যিকদের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।

সংরক্ষণ প্রসঙ্গে বিজয় পোদ্দার বলেন, বিউটি বোর্ডিং বর্তমানে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। পাশাপাশি ভূমিদস্যুদের তৎপরতা ও দখলের আশঙ্কাও রয়েছে। সরকারি কোনো অনুদান বা কার্যকর উদ্যোগ না থাকায় ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। তার ভাষায়, এটি শুধু একটি বোর্ডিং নয়; বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর সংরক্ষণে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, বিউটি বোর্ডিংকে শুধু একটি বোর্ডিং বা রেস্তোরাঁ হিসেবে দেখার সুযোগ নেই। এটিকে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা জরুরি। নিয়মিত সাহিত্যসভা, কবিতা উৎসব, ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী এবং পর্যটন মানচিত্রে গুরুত্ব দিয়ে তুলে ধরলে ঐতিহাসিক এই স্থাপনাটি নতুন করে প্রাণ ফিরে পেতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা