× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারে ন্যুব্জ এসি ল্যান্ডরা

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৯:৫৫ এএম

দেশজুড়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর (খাজনা), খাসজমির বন্দোবস্ত, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, জমির শ্রেণি পরিবর্তন এবং আদালতের আদেশ বাস্তবায়ন ঘিরে প্রতিনিয়ত ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ জমা পড়ছে।

তবে একই সঙ্গে আরেকটি বাস্তবতাও স্পষ্ট হচ্ছে, যে কর্মকর্তা এক পক্ষের কাছে অভিযুক্ত, অন্য পক্ষের কাছে তিনিই ন্যায়বিচার ও প্রশাসনিক সহায়তার শেষ আশ্রয়।

বহুমাত্রিক সংকটে মাঠ প্রশাসন

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় জমা পড়া অভিযোগপত্র, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং বিভিন্ন জেলার একাধিক ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাঠপর্যায়ের ভূমি প্রশাসন এখন বহুমাত্রিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করছে। নাগরিক সেবা নিশ্চিত করার চাপের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক প্রভাব, দীর্ঘদিনের জমি বিরোধ, জাল দলিল, একই জমির একাধিক রেকর্ড, আদালতে বিচারাধীন মামলা এবং প্রশাসনিক সীমাবদ্ধতা এসি ল্যান্ডদের কাজকে দিন দিন আরও জটিল করে তুলছে।

অন্যদিকে সেবাপ্রত্যাশীদের অভিযোগ, প্রশাসনিক ধীরগতি, অসহযোগিতা এবং কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের কারণে তারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ভূমি প্রশাসনের প্রতি জন-অসন্তোষও বাড়ছে।

অভিযোগের ধরন প্রায় একই

ভূমি মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই অভিযোগ আসে। অধিকাংশ অভিযোগের বিষয়বস্তু হলোÑ নামজারি ও রেকর্ড সংশোধনে দীর্ঘসূত্রতা, খাজনা গ্রহণ ও অনলাইন রেকর্ডে জটিলতা, সরকারি ও খাসজমি দখলমুক্ত না করা, আদালতে বিচারাধীন জমি নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত, অবৈধ দখল উচ্ছেদে পক্ষপাতিত্ব, খাসজমি বন্দোবস্তে অনিয়ম, সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ।

তবে একই ধরনের বিরোধে অনেক আবেদনকারী আবার প্রশাসনের সহায়তা চেয়ে প্রভাবশালীদের দখল থেকে জমি উদ্ধার, সরকারি জমি রক্ষা এবং আদালতের আদেশ বাস্তবায়নের আবেদনও করছেন। ফলে একই ঘটনায় এক পক্ষ অভিযোগকারী, অন্য পক্ষ প্রশাসনের সহায়তাপ্রার্থী হয়ে দাঁড়াচ্ছে।

আইন মানলেই অসন্তুষ্ট এক পক্ষ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, এসি ল্যান্ডরা মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। নামজারি, খাজনা আদায়, খাসজমি রক্ষণাবেক্ষণ, সরকারি জমি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের পালন করতে হয়।

তার ভাষ্য, বাস্তবে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে কর্মকর্তারা প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। আবার কোনো কর্মকর্তা আইনের বাইরে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্ট পক্ষ অনেক সময় তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে।

তিনি আরও বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি মৌলিক কাঠামোগত দুর্বলতা রয়েছে। জমি নিবন্ধন ভূমি মন্ত্রণালয়ের অধীনে না থাকায় একই জমির একাধিক নিবন্ধন, জাল দলিল, রেকর্ডের অসামঞ্জস্য এবং দীর্ঘদিনের মালিকানা বিরোধ মাঠপর্যায়ে জটিলতা সৃষ্টি করছে। এ কারণে ভূমি নিবন্ধন ও নামজারিকে একই প্রশাসনিক কাঠামোর আওতায় আনার প্রস্তাব আগেও দেওয়া হয়েছে।

অভিযোগের পেছনেও থাকে স্বার্থের দ্বন্দ্ব

ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একই জমি নিয়ে অনেক সময় তিন-চারটি পক্ষ পৃথক দাবি নিয়ে আসে। প্রত্যেকের কাছেই কোনো না কোনো দলিল বা আদালতের আদেশ থাকে। আইন অনুযায়ী একজনের আবেদন নিষ্পত্তি করলে অন্য পক্ষ অভিযোগ করে। ফলে সব অভিযোগই দুর্নীতি বা অনিয়মের ফল নয়। কিছু ক্ষেত্রে প্রশাসনিক স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলিও করতে হয়।

মাঠের বাস্তবতায় ভিন্ন ভিন্ন অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা বিপ্লব রায় চৌধুরীর অভিযোগ, পারিবারিকভাবে ভোগদখলে থাকা একটি সম্পত্তি নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এসি ল্যান্ড কার্যালয় থেকে উচ্ছেদ নোটিস দেওয়া হয়েছে এবং নতুন করে বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট এসি ল্যান্ডের বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের বন্দরের বাসিন্দা আলী হোসেনের অভিযোগ, বৈধ দলিল ও রেকর্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তার পরিবারের জমি দখলমুক্ত করা যায়নি। একাধিক আবেদন করেও কার্যকর সমাধান পাননি। এ বিষয়ে ভূমি প্রশাসনের কর্মকর্তারা জানান, ব্যক্তিমালিকানার জমি-সংক্রান্ত বিরোধে আদালতের এখতিয়ার বেশি থাকায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।

ঢাকার ওয়ারীর বাসিন্দা আয়েশা খাতুন সরকারি জমির লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং সংশ্লিষ্ট কার্যালয়ে প্রত্যাশিত সম্মানজনক আচরণ না পাওয়ার অভিযোগ করেছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, নাগরিক সেবায় শিষ্টাচার ও আচরণগত মানও প্রশাসনিক জবাবদিহিতার গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে কুমিল্লার মুরাদনগরের এক সাবেক ইউপি চেয়ারম্যান অভিযোগ করেছেন, সংঘবদ্ধ একটি চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা সায়েদা উন্মুল খায়ের জানান, বৈধভাবে কেনা জমির জরিপ ও সীমানা নির্ধারণ শেষ হলেও এখনও দখল বুঝে পাননি। এ বিষয়ে শ্যামনগরের এসি ল্যান্ড রাশেদ হোসাইন বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না। ব্যক্তিমালিকানার জমিতে প্রশাসনের ক্ষমতা সীমিত হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধানের চেষ্টা করা হয়।

সংস্কারেই সমাধানের পথ

ভূমি প্রশাসনের সাবেক কর্মকর্তাদের মতে, একই জমির একাধিক দলিল, পুরনো ও নতুন রেকর্ডের অসামঞ্জস্য, বছরের পর বছর বিচারাধীন মামলা, নিবন্ধন ও ভূমি প্রশাসনের মধ্যে তথ্য সমন্বয়ের অভাব, অসম্পূর্ণ ডিজিটাল তথ্যভান্ডার, রাজনৈতিক প্রভাব, জনবল সংকট এবং অতিরিক্ত দাপ্তরিক দায়িত্ব বর্তমান সংকটের প্রধান কারণ।

তাদের মতে, ভূমি নিবন্ধন, রেকর্ড, নামজারি ও আদালতের তথ্য সমন্বিত ডিজিটাল প্লাটফর্মে আনা, প্রতিটি সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ডিজিটাল ট্র্যাকিং, ভূমি-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে পৃথক মনিটরিং সেল, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদার, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের মতে, একজন এসি ল্যান্ডকে একই সঙ্গে রাজস্ব আদায়, নামজারি, ভ্রাম্যমাণ আদালত, সরকারি জমি উদ্ধার, আইনশৃঙ্খলা-সংক্রান্ত দায়িত্ব, নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি কর্মসূচির কাজও সামলাতে হয়। ফলে সেবাপ্রত্যাশীদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সেবা দেওয়া অনেক সময় সম্ভব হয় না।

আস্থা ফেরানোর বড় চ্যালেঞ্জ

সব অভিযোগ যেমন সত্য নয়, তেমনি সব অভিযোগ অমূলক বলেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তাদের মতে, প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, অভিযোগকারী ও অভিযুক্তÑ উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করতে পারলেই ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে। 

বিশেষজ্ঞদের মতে, ভূমি প্রশাসন ঘিরে বাড়তে থাকা অভিযোগ যেমন নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর বিদ্যমান চাপ ও সীমাবদ্ধতার বাস্তব চিত্রও সামনে আনছে। সব অভিযোগ যেমন সত্য নয়, তেমনি সব অভিযোগকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। প্রতিটি অভিযোগ নিরপেক্ষ তদন্ত, অভিযোগকারী ও অভিযুক্ত, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা গেলে ভূমি প্রশাসনের প্রতি জন-আস্থা বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠলে হয়রানি যেমন কমবে, তেমনি কমবে অযাচিত অভিযোগের সংখ্যাও।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা