× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি

প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৫:৩৯ পিএম

দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও পাঠকশূন্য অবস্থায় পড়ে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও পাঠকশূন্য অবস্থায় পড়ে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও পাঠকশূন্য অবস্থায় পড়ে রয়েছে।

একসময় জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই পাঠাগার এখন ঝোপঝাড়, আগাছা আর নীরবতায় ঢেকে গেছে।

দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় দরজায় মাকড়সার জাল, ভবনের চারপাশজুড়ে লতাপাতা আর ধুলোর স্তরই যেন এর বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি।

ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের ছোট যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে।

স্থানীয় সূত্র জানায়, তৎকালীন জমিদার সুরেশ চন্দ্র রায় ও তার ছেলে ক্ষিতিশ চন্দ্র রায় এটি প্রতিষ্ঠা করেন। পরে সুজাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের বইয়ের চাহিদা পূরণে বিদ্যালয়ের পাশেই গড়ে তোলা হয় পাঠাগারটি।

সূত্র আরও জানায়, পিতার স্মৃতি অম্লান রাখতে ক্ষিতিশ চন্দ্র রায় এর নামকরণ করেন সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি।

একসময় এই পাঠাগারে সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বইয়ের সংগ্রহ ছিল। শিক্ষার্থী, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের নিয়মিত পদচারণায় মুখর থাকত পুরো প্রাঙ্গণ।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাঠাভ্যাস কমে যাওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যায় সেই প্রাণচাঞ্চল্য।

এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় বেশ কয়েকজন স্থানীয়দের সঙ্গে।

তাদের ভাষ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর অগ্নিসংযোগে লাইব্রেরির অসংখ্য মূল্যবান বই ও আসবাবপত্র পুড়ে যায়। 

স্বাধীনতার পরও আর আগের গৌরব ফিরে পায়নি প্রতিষ্ঠানটি। তবে ২০১১ সালের ১৪ অক্টোবর তৎকালীন ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পুনর্গঠনের উদ্যোগ নেন বলেও জানান তারা।

তারা আরও জানান, লাইব্রেরির পাশে ১২ শতাংশ জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১২ সালে পুরোনো ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং এক হাজার ১২০টি নতুন বই সংগ্রহ করা হয়।

এরপর ২০১৫ সালে দুই লাখ টাকা অনুদানে আরও একটি কক্ষ নির্মাণ করা হয়। এরপর ২০১৭ সালে সেখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে এলাকার শিক্ষিত তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিতে শুরু করেন, জানান তারা।

এ কারণে আবারও পাঠকদের আনাগোনায় প্রাণ ফিরে পায় লাইব্রেরি এবং গঠিত হয় পরিচালনা কমিটি। কিন্তু অর্থসংকটের কারণে লাইব্রেরিয়ানের বেতন ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করা সম্ভব হয়নি বলেও জানান তারা।

পরে করোনা মহামারির সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছয়টি কম্পিউটারও চুরি হয় বলেও দাবি করেন তারা।

সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের সামনেও ঝোপঝাড় ছড়িয়ে আছে। তালা খুলে ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে মাকড়সার জাল আর ধুলোময় পরিবেশ। একটি বুকশেলফে এখনও কিছু বই সাজানো থাকলেও সেগুলোর ওপর জমেছে ধুলোর পুরু স্তর।

এ বিষয়ে আরও কথা হয়, সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির পাঠক অশীতিপর প্রধান শিক্ষক মকলেছার রহমান চৌধুরী, নূরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, অশেষ রঞ্জন দাস, শিক্ষক সাক্ষী গোপাল, গোলাম কবীর ও সিরাজুল ইসলামসহ স্থানীয়দের সঙ্গে।

তারা বলেন, “লতাপাতায় ঢাকা এই ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়; এটি ফুলবাড়ীর ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতির এক জীবন্ত দলিল।

“যথাযথ উদ্যোগ আর সামান্য পৃষ্ঠপোষকতা পেলে সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি আবারও হতে পারে নতুন প্রজন্মের জ্ঞানের আশ্রয়স্থল।”

কবি, সাহিত্যিক, কলাম লেখক ও গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার বলেন, জ্ঞানার্জনের জন্য বইপড়ার বিকল্প নেই। 

উপজেলা প্রশাসন বা পৌরসভা দায়িত্ব নিলে লাইব্রেরিটি আবারও পাঠকমুখর হয়ে উঠতে পারে।

লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, “শুধুমাত্র অর্থের অভাবে লাইব্রেরিটি চালানো সম্ভব হচ্ছে না। লাইব্রেরিয়ানের বেতন ও দেখভালের খরচই সবচেয়ে বড় বাধা। লাইব্রেরির মধ্যে এখনও প্রায় আড়াই হাজার বই আছে; তবে কিছু বই নষ্ট হয়ে গেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, লাইব্রেরি পরিদর্শনের পর পরিচালনা কমিটিকে নিয়মিত পাঠাগার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনবল-সংকট সমাধান এবং লাইব্রেরির জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা