জ্বালানি সংগ্রহ
প্রতীকী ছবি।
আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ১৬ লাখ টন ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এখন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এই কাজে সরকারের প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারেÑ এই বিবেচনায় আগাম প্রস্তুতি হিসেবে ১৫টি দেশি বিদেশি প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) জ্বালানি তেল বিশেষ করে ডিজেল আমদানির অনুমোদন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির পর কিছুটা স্বস্তি ফিরে এলেও যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া এবং হরমুজ নিয়ে অস্থিরতা থাকায় ঝুঁকিও কাটেনি। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি ভিত্তিতে তেল আমদানির জন্য ১৫টি কোম্পানিকে অনুমোদন দিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন চাওয়া হবে। গত বুধবারের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য বিষয়টি প্রস্তুতও রাখা হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত তা আর উপস্থাপন করা হয়নি।
তবে প্রস্তাবিত ১৫টি কোম্পানির একটি বড় অংশেরই বড় পরিসরে জ্বালানি সরবরাহের পূর্ব অভিজ্ঞতা নেই বলে অভিযোগ রয়েছে। এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য গত এপ্রিলেও একইভাবে ১২টি কোম্পানিকে জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতির কারণে তখন শুধু একটি কোম্পনি ছাড়া অন্য সবগুলোই তেল সরবরাহে ব্যর্থ হয়েছিল। অনেকে সরকারের নির্ধারিত পিজি বা পারফরম্যান্স গ্যারান্টির টাকাও জমা দিতে পারেনি। এমন নেতিবাচক অভিজ্ঞতা থাকলেও এবং জোগান সম্পূর্ণরূপে নিশ্চিত করা হলেও ১৫টি প্রতিষ্ঠানকে কেন ডিপিএম পদ্ধতিতে জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য, এই ডিপিএম পদ্ধতি নিয়েও নানা সমালোচনা রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
নাম প্রকাশ না করার শর্তে বিপিসির এক কর্মকর্তা এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিব অথবা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে কথা বললে ভালো হবে। কারণ এ সিদ্ধান্তগুলো উচ্চপর্যায় থেকেই নির্ধারণ করা হয়।’
১৫ প্রতিষ্ঠানের মধ্যে আবাসন ব্যবসায়ী
সূত্র জানাচ্ছে, ডিপিএম পদ্ধতিতে ১৫টি বেসরকারি কোম্পানির মাধ্যমে সর্বোচ্চ ১৪ লাখ ৭৫ হাজার টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে খোলা দরপত্র প্রক্রিয়া বা প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ডিজেল আমদানির প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে।
ডিজেল আমদানির জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেÑ একেএ এনার্জি লিমিটেড, এনার্জি মাল্টিনেক্স কনভারনেস টেকনোলজি এলএলসি, প্যাসিফিক সিলভারলাইন লিমিটেড, টোটাল ট্রেডিং ইন্টারন্যাশনাল, সিটি জামান ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, এইটটিন সলিউশন এসডিএন ডট বিএইচডি, ইম্পোর্টেসিওনেস ব্রাভো গ্রুপ চিলি এসপিএ, রয়েল বাবজি ফুয়েল ট্রেডিং এলএলসি, সিনোপ্রাউড ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড, হেলথ আইকন ইন্টারন্যাশনাল হোল্ডিংস পিটিই লিমিটেড, কুমারানগাজী অয়েল ফিল্ড (কেওএফ), এইচটুও পেট্রো-ক্যাম ইন্টারন্যাশানল পিটিই লিমিটেড, এইচটুও কনস্ট্রাকশন পিটিই লিমিটেড, ব্ল্যাক সোয়ান গ্লোবাল এফজেডসিও ও গ্যাস ওকেরিয়েল করপোরেশন।
অস্বাভাবিক ডিসকাউন্ট অফার
আন্তর্জাতিক বাজারে যেখানে বড় বড় রিফাইনারিও খুব সামান্য ছাড় দেয়, সেখানে এই ১৫টি কোম্পানির ৫ থেকে ৩১ শতাংশ পর্যন্ত অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়ার প্রস্তাবকে বিশেষজ্ঞরা ‘অবিশ্বাস্য’ বলে মনে করছেন। পিবিসি ও জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, সিনোপ্রাউড করপোরেশন (হংকং) নামের কোম্পানিটি ১০ পিপিএম সালফারের ১ লাখ টন ডিজেল সরবরাহের বিপরীতে সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের প্রস্তাব দিয়েছে। এছাড়া রয়েল বারবি ফুয়েল ট্রেডিং হাউস নামের কোম্পানিটি ৫০ পিপিএম সালফারের ১ লাখ টন ডিজেলে আন্তর্জাতিক বাজারের চেয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার প্রস্তাব করেছে। একইভাবে কেউ ১৫, কেউ ১৪, কেউ ১২.৫০Ñ এভাবে ৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের প্রস্তাব এসেছে।
ডিসেম্বর পর্যন্ত জ্বালানি জোগান নিশ্চিত
সরকারের জ্বালানি বিভাগ ও বিপিসি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত জিটুজি পদ্ধতিতে ১৬ লাখ টন ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়েছে এবং বিপিসির পরিচালনা পর্ষদও প্রস্তাব অনুমোদন করেছে। এখন এটি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে গত ২০ জুন সিঙ্গাপুরে ১০টি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি তেল পরিবহনের প্রিমিয়াম কমানোর বিষয়ে আলোচনা হয়। ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসিএল) প্রথমে প্রতি ব্যারেলে ৯.৫ ডলার প্রিমিয়ামে তেল সরবরাহে সম্মত হলে ইউনিপেক, পেট্রো চায়নাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান একই দরে রাজি হয়। বর্তমানে উন্মুক্ত দরপত্রে যে প্রিমিয়াম সাড়ে ১৩ ডলারের বেশি দিতে হচ্ছে, তার তুলনায় এই চুক্তিতে প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে।
গত মার্চে যুদ্ধের সময় সরবরাহ ব্যবস্থাপনায় যে অভিজ্ঞতা হয়েছে, তা বিবেচনায় রেখে এবার আগেভাগেই সব ডিপোকে সতর্ক করা হয়েছে। তাই তাৎক্ষণিকভাবে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। সংশ্লিষ্টরা বলছেন, তারপরও সংকটের বিষয়টি মাথায় রেখেই ডিপিএমের কথা বিবেচনা করা হয়েছে। গতবার যেসব কোম্পানি আবেদন করেছিল, তাদের মধ্যে ১২টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় তেল আমদানির জন্য এবার আরও ১৫টি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সংগ্রহের জন্য চুক্তি হয়েছে। সেটা এখনও অনুমোদন হয়নি। তাছাড়া সংকটের সময় মজুদ সক্ষমতা ৯০ দিন করার বিষয়টি বারবার সামনে এসেছে। তাই ৯০ দিনের মজুদ করতে গেলে ১৫টি কোম্পানির চেয়ে বেশি কোম্পানির প্রয়োজন। এর আগেরবার যে ১২টি কোম্পানিকে জ্বালানি আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, এই ১৫টি কোম্পানিও তখন ছিল। এজন্য এই কোম্পনিগুলোকে ডিসপোজাল করতে ক্যাবিনেটে পাঠিয়েছি। যেহেতু বিপিসি থেকে প্রস্তাবনা পাঠিয়েছে, তাই মন্ত্রণালয়ে এটা ফেলে রাখার সুযোগ নেই। এজন্য অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’