সুপারনিউমারারি পদোন্নতি
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রশাসনে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতি বর্তমানে আর কোনো ব্যতিক্রমী বা সাময়িক ব্যবস্থা নয়; এটি কার্যত নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। শূন্যপদ ছাড়াই পদোন্নতির এই ব্যবস্থা একসময় গ্রহণ করা হয়েছিল প্রশাসনিক জট নিরসনের সমাধান হিসেবে। কিন্তু বিগত পাঁচ বছরের বেশি সময়ে এটি প্রশাসন ক্যাডার থেকে শুরু করে পুলিশ ও বিচার বিভাগজুড়ে বিস্তৃত জটিল পরিস্থিতি তৈরি করেছে। ফলে নীতিনির্ধারণী আলোচনার কেন্দ্রে প্রশ্ন উঠেছে, দ্রুত পদোন্নতির এই প্রবাহ কি দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতি, নাকি কাঠামোগত ব্যর্থতার ওপর ক্রমাগত প্রলেপ লাগানোর কৌশল? প্রশ্ন উঠেছে, এটি কি কার্যক্রমে গতিশীলতা আনছে, নাকি কার্যক্ষেত্রে আরও বন্ধ্যত্ব দেখা দিচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, দুই দশক আগে প্রশাসনের পদোন্নতি কাঠামো ছিল অসম ও সংকীর্ণ। উপ-সচিব পর্যায়ের পদোন্নতি জমে উঠেছিল এবং এতে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। শূন্যপদ সৃষ্টির প্রক্রিয়া ধীর, জটিল ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় তখন একটি বিকল্প পথ বেছে নেওয়া হয়। ২০০২ সালে বিএনপি সরকারের আমলে অনুমোদিত হয় সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতি নীতিগত ব্যবস্থা। এর আওতায় অনুমোদিত পদের বাইরেও অস্থায়ীভাবে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া তৈরি করা হয়। তখন পরিকল্পকরা ভেবেছিলেন, মাত্র তিন বছরের মধ্যে এই পদগুলো বিদ্যমান কাঠামোর সঙ্গে সমন্বয় করা যাবে। এই প্রক্রিয়া প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও বিসিএস (প্রশাসন) নবম ব্যাচের কর্মকর্তা মো. শামসুল আলম (সাবেক সিনিয়র সচিব)। সম্প্রতি তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, শূন্যপদ ছাড়াই প্রশাসনে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতির ধারণাটি তারই প্রস্তাব। তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে এটি উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়।
গত দুই দশক ধরে রাজনৈতিক অনুমোদন, মন্ত্রণালয় পর্যায়ের বাস্তবায়ন এবং ধারাবাহিক সরকারগুলোর নীরব সম্মতিতে এই ব্যবস্থা এখন যেন ‘স্থায়ী রূপ’ পেয়েছে। নীতিগতভাবে সংখ্যাতিরিক্ত পদোন্নতির কাঠামো ছিল সীমিত ও নিয়ন্ত্রিত। কর্মকর্তা একই দপ্তরে থেকে ইনসিটু পোস্টিংয়ে কাজ করবেন, নতুন কোনো প্রশাসনিক ক্ষমতার পুনর্বিন্যাস হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাঠামোগত সমন্বয় হবেÑ এমনটাই ছিল এ নীতির ভাষ্য। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। পদের সংখ্যা না বাড়লেও পদোন্নতির সংখ্যা দ্রুত বেড়েছে। উপ-সচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে অনুমোদিত শূন্যপদ ছাড়াই বড় আকারের পদোন্নতি দেওয়া হচ্ছে বা হয়েছে। যার সঙ্গে কাজের দায়িত্ব, সিদ্ধান্তক্ষমতা বা প্রশাসনিক কর্তৃত্বের বাস্তব পরিবর্তন ঘটেনি।
প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে নেমপ্লেট বদলের প্রশাসন। একই টেবিলে বসে একই ফাইল চালানো হচ্ছে, কিন্তু পদমর্যাদা বাড়ছে। এতে ব্যক্তিগত সন্তুষ্টি আসতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসে কি না কিংবা কর্মকর্তার দক্ষতা বাড়ে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তা ছাড়া পদ ও দায়িত্বের এই অসামঞ্জস্যতা প্রশাসনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। সূত্র বলছে, সাম্প্রতিক পরিসংখ্যান এই প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। ২০২২ সালে উপ-সচিব পদে ৪৫৫ জন, ২০২৩ সালে ৪৬১ জন, ২০২৪ সালে ২৪৮ জন এবং ২০২৫ সালে ২৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এই সংখ্যার বিপরীতে নতুন স্থায়ী পদ সৃষ্টির হার নগণ্য। এ ধরনের পদোন্নতি কাঠামো প্রশাসনিক পিরামিডকে উল্টো করে দিচ্ছে। মধ্য ও ঊর্ধ্বস্তরে ঘনত্ব বাড়লেও কার্যকর দায়িত্বের ক্ষেত্র বাড়ছে না।
এই চিত্র শুধু প্রশাসন ক্যাডারেই সীমাবদ্ধ নয়। এখন এটি পুলিশ ও বিচার বিভাগে বিস্তৃত হয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কিছু সংখ্যক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শূন্যপদের স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে আদালত কক্ষ, বাসস্থান এমনকি কার্যত দায়িত্ব বণ্টন নিয়েও সংকট তৈরি হয়েছে। একই সময়ে পুলিশ বিভাগেও সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতির প্রভাব স্পষ্ট। অনুমোদিত শূন্যপদ ছাড়াই উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ে ৩৩ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে প্রশাসনিক ক্রমবিন্যাস নিয়েও প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতি কোনো অপরাধ নয়। কিন্তু এটি যখন ব্যতিক্রম না থেকে নিয়মে পরিণত হয়, তখন সেটি কাঠামোগত ব্যর্থতার লক্ষণ হয়ে ওঠে।’ তিনি বলেন, ‘মানবসম্পদ পরিকল্পনা ছাড়া শুধু পদোন্নতির মাধ্যমে প্রশাসনিক সমস্যার সমাধান আসে না। পদোন্নতি হয়েছে ঠিকই, কিন্তু কাজের ক্ষেত্র প্রস্তুত নয়। এতে প্রশাসনে গতি আসার বদলে কোথাও কোথাও জটই বেড়েছে।’
পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশে কমান্ড ও কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ বেশি, কমান্ড কমÑ এটা বাহিনীর শৃঙ্খলার জন্য ভালো বার্তা নয়। পদোন্নতি যদি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়।
বিশ্লেষকরা বলছেন, সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতির ফলে ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই পদমর্যাদার একাধিক কর্মকর্তা থাকায় সিদ্ধান্ত গ্রহণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আবার কেউ কেউ কার্যত দায়িত্বহীন অবস্থায় থেকে যাচ্ছেন। তবে এই ব্যবস্থার পক্ষে যুক্তিও আছে। অনেকে মনে করেন, পদোন্নতি আটকে থাকলে দক্ষ কর্মকর্তারা নিরুৎসাহিত হন। দ্রুত পদোন্নতি তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ায়। কিন্তু জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, এই যুক্তি তখনই গ্রহণযোগ্য, যখন পদোন্নতির সঙ্গে কার্যকর দায়িত্ব ও পারফরম্যান্স মূল্যায়ন যুক্ত থাকে। শুধু পদমর্যাদা বাড়িয়ে দক্ষতা তৈরি হয় না।
সুপারনিউমারারি পদোন্নতির দায় কারÑ এই প্রশ্নে প্রশাসনের ভেতরেও বিভক্ত মত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা শামসুল আলম একাধিক লেখায় এই ধারণার দায় নিজের কাঁধে নিয়েছেন। কিন্তু নীতিনির্ধারণী বিশ্লেষকরা বলছেন, কোনো নীতি দুই দশক ধরে চলতে থাকলে সেটি আর ব্যক্তিগত ধারণা থাকে না; সেটি রাষ্ট্রের নীতি হয়ে যায়। রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সার্ভিসগুলো সবাই এর অংশীদার।
অনেকের মতে, ‘যদি সুপারনিউমারারি পদোন্নতিকে সত্যিই অস্থায়ী সমাধান হিসেবে রাখতে হয়, তবে সময়সীমাভিত্তিক সমন্বয় পরিকল্পনা, অনুমোদিত পদের পুনর্গঠন এবং সার্ভিসভিত্তিক মানবসম্পদ বিশ্লেষণ জরুরি। নইলে এই ব্যবস্থা ধীরে ধীরে প্রশাসনিক ভারসাম্যহীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’