× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএমইউ হাসপাতাল

এক সপ্তাহ পরে এলো ‘আগামীকাল’

হাসনাত শাহীন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ০৯:২৩ এএম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আষাঢ় মাসের বৃষ্টিহীন ভ্যাপসা গরমের রাত সেদিন। ঘড়িতে বাজে ১১টার মতো। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আইল্যান্ডের এক চায়ের দোকানে বসেছিলেন গীতিকার আপন আবির (ছদ্মনাম)। হঠাৎ দেখতে পেয়েই উচ্চস্বরে ডেকে নিলেন। শুরু হলো আলাপ। বাসায় যাবেন কি না, জানতে চাইতেই একটু বিরক্তির সঙ্গে আবির বলেন উঠলেন, ‘না ভাই, আজ আর বাসায় যাব না। রাতে এখানে থাকব। কাল ডাক্তার দেখাতেই হবে। কদিন ধরে আমার গলাটা ব্যথা করছে। হালকা জ্বরও আছে।’ 

কথায় কথায় জানা গেল, সাত দিন হয়ে গেল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আউটডোরে (বহির্বিভাগে) ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটেও ডাক্তার দেখাতে পারছেন না আবির। তার ভাষায়, ‘প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি; শেষ পর্যন্ত আমার ভাগ্যে ডাক্তার দেখানোর সিরিয়াল মেলে না। আউটডোরের সিরিয়াল মেইনটেইনকারীরা জানায়, ‘আজ রোগী দেখার সময় শেষ। যারা ৩০ টাকার টিকিট কেটে আজ ডাক্তার দেখাতে পারলেন না তারা আগামীকাল আবার আসেন। কী আর করি, চলে আসি! পরের দিন ভোর সাড়ে ৫টায় মোহাম্মদপুর থেকে হাসপাতালে আসি; নাক-কান-গলা বিভাগের ডাক্তার দেখানোর সিরিয়ালে দাঁড়াতে গিয়ে দেখি ২০০ থেকে ৩০০ জনের পেছনে পড়ে গেছি। এক সপ্তাহ ধরে এভাবেই চলছে। আমার ডাক্তার দেখানোর আগামীকাল আর আসে না। আজ নিয়ত করে এসেছি, ডাক্তার না দেখিয়ে বাসায় ফিরব না।’ আরও জানালেন তিনি, ‘যারা ডাক্তার দেখাতে পেরেছেন, তাদের কাছে জানতে পেরেছি, তারা নাকি ডাক্তার দেখানোর জন্য আগের রাত থেকেই লাইনে দাঁড়ায়; নতুবা কাউকে দাঁড় করিয়ে রাখে। আজ আমিও তাই করব।’

পরের দিন বৃষ্টি ছিল। বিকালের দিকে ফোনে গীতিকার আবিরের কাছে ফোন করলে তিনি জানালেন, ‘হ্যাঁ ভাই, আজ এক সপ্তাহ পর অবশেষে আমার ডাক্তার দেখানোর ‘আগামীকাল’ এসেছিল। গতকাল রাত ২টার দিকে শাহবাগ মোড় থেকে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখি, ওই মাঝরাতেই ১৫-১৬ জনের লাইন হয়ে গেছে। আমিও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই ডাক্তারের কক্ষে প্রবেশ করি। ডাক্তার দেখে কিছু টেস্ট (রোগ নির্ণয় পরীক্ষা) দিয়েছেন, সেগুলো করেছি। রিপোর্টগুলো পেলে আবার ডাক্তারের কাছে দেখাতে যেতে হবে।’

শুধু আবির নন, টানা কয়েক দিন বিভিন্ন সময় বিএমইউর আউটডোরের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে মোটামুটি একই রকম চিত্র পাওয়া গেল। আবিরের মতো বহু রোগী প্রতিদিন ফিরে যায়। পরের দিন আবারও আসে, ডাক্তার দেখাতে না পারলে তারপরের দিন আবারও আসতে হয়। এমনই একজন দেশের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া থেকে আসা মোশারেফ হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, তিন দিন পরে তিনি ডাক্তার দেখাতে পেরেছেন। তিনি বলেন, ‘এখানকার ডাক্তার ভালো, চিকিৎসা ভালো বলেই তিন দিন ধরে এত কষ্ট করে ডাক্তার দেখালাম। পরে হাসপাতালের লোকজনকে অনেক দূর থেকে এসেছি জানিয়ে অনুরোধ করে ডাক্তার যে টেস্ট দিয়েছিলেন সেসবও করাতে পেরেছি। কোনো টাকা লাগেনি। কিন্তু ঘুরতে হয়েছে, সিরিয়ালের ভোগান্তিও পোহাতে হয়েছে।’

বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলে দেখা গেছে, বিএমইউর চিকিৎসকদের চিকিৎসা ও টেস্ট নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে আর প্যাথলোজিক্যাল টেস্ট করাতে যে ভোগান্তির শিকার হতে হয়, তা অবর্ণনীয়। হাসপাতালটির আনসার থেকে শুরু করে কিছু কর্মকর্তা-কর্মচারী সম্পর্কেও অভিযোগ করেন তারা। কারণ তাদের বক্তব্য অনুযায়ী, এরা কেউ টাকার বিনিময়ে, কেউ আবার সম্পর্কের খাতিরে সবকিছুর সিরিয়াল ভেঙে টেস্ট করার ব্যবস্থা করায়। এমন না হলে হাসপাতালটির চিকিৎসাসেবা আরও ভালো হতো এবং হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের দুর্ভোগও কমত বলে মনে করেন তারা।

কম ফিতেই বিশেষজ্ঞ ডাক্তার

তবে টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা ও লাইনে দাঁড়ানোর ভোগান্তির কথা জানানোর পাশাপাশি ভিন্ন কথাও শোনালেন মুন্সীগঞ্জ থেকে হাসপাতালটির বহির্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে আসা ৫৮ বছর বয়সী ব্যবসায়ী আব্দুস সাত্তার। তিনি বললেন, ‘মুন্সীগঞ্জ থেকে ভোর সাড়ে ৪টায় রওনা দিয়ে সকাল ৬টার সময় হাসপাতালে পৌঁছেছি। তারপর থেকে (দুপুর ১টার সময়) বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর টিকিটের অপেক্ষায় আছি। টিকিট এখনও ছাড়েনি। ২টায় ছাড়বে।’

এই যে দীর্ঘ সময় টিকিটের অপেক্ষায় আছেন, ২টার পরে টিকিট পেলে ডাক্তার দেখিয়ে বাসায় যেতে পারবেন?Ñ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আশা করি পারব। এর আগে এভাবেই ২০০ টাকার টিকিট কেটে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে গেছি। কোনো সমস্যা হয়নি। কিন্তু টিকিট ২টায় ছাড়ার কারণে অপেক্ষার ভোগান্তি একটু বেশি হয়। এ ছাড়া এখানকার বাকি সবই ভালো। এত কম টাকায় দেশের অন্য কোথাও এমন উচ্চ মানের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা নাই।’

আবির, মোশারেফ ও সাত্তারের সঙ্গে কথা বলার পরে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় এ ব্যাপারে। তাদের কেউ অনলাইনে, কেউ এখানে এসে সরাসরি টিকিট কেটেছেন। তাদের মধ্যে রাজবাড়ী থেকে আসা ফরিদ হোসেন জানান, তিনি তার ছেলেকে ত্বকের ডাক্তার দেখানোর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন। কিন্তু টিকিট প্রিন্ট করে আনেননি। এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবায় কাজ করা রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের কাছে বিষয়টি বললে তারা হাসপাতালের পূবালী ব্যাংকের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করিয়ে নেওয়ার কথা জানান। তাদের কথামতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টা দুই পরে টিকিট প্রিন্ট করিয়ে নিই এবং ডাক্তার দেখানোর সিরিয়ালে দাঁড়াতে গিয়ে দেখি ৩০-৩৫ নম্বর সিরিয়ালে পড়েছি। দীর্ঘ ভোগান্তি শেষে এই এখন দেড়টার (দুপুর) দিকে ডাক্তার দেখিয়ে বের হলাম। কিছু ওষুধ লিখে দিয়েছেন। সেগুলো কিনে বাড়ির দিকে রওনা হব।’ 

অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা

এ বিষয়ে জানতে চাইলে বিএমইউর বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে জানান, হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়াও প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার রোগী রোগ নির্ণয় (ডায়াগনস্টিক), ডে-কেয়ার এবং বিভিন্ন চিকিৎসা-পদ্ধতি বা প্রসিডিউর সংক্রান্ত সেবা পেয়ে থাকেন। আগত রোগীদের দুর্ভোগ কমাতে, অযথা ভিড় এড়াতে, রোগীদের সময় সাশ্রয় করতে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহের ঝামেলা এড়াতে, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই বিএমইউ প্রশাসন রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রম চালু করেছে।’ তারা জানান, ‘কিন্তু এখানে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ কমার পরিবর্তে আরও বেড়েছে। কারণ এখানে এসে রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজনের কাছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের টিকিট প্রিন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে এবং পরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সেই টিকিট প্রিন্ট আউট নিতে হচ্ছে। এই দুইবার লাইনে দাঁড়ানোর কারণে ‘ডাবল ভোগান্তি’ পোহাতে হচ্ছে। অবশ্য যারা অনলাইনে টিকিট না কেটে এখানে এসে সরাসরি টিকিট কাটছেন তাদের একবার লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু অনলাইনের টিকিট কেটে আসা রোগীদের জন্য তাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।’

হাসপাতালের আউটডোরের চিকিৎসাসেবার এই সার্বিক বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর সঙ্গে বিভিন্ন মাধ্যমে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি তাতে সাড়া দেননি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা