× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনাসহ অর্ধশত ভিআইপির মামলার অনুমোদন হয়নি

দুদক পুনর্গঠন কবে

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৫:৫২ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৫:৫৭ পিএম

ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়। ছবি: বিবিসি বাংলা

ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়। ছবি: বিবিসি বাংলা

প্রায় চার মাস ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) নেতৃত্বহীন থাকায় ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্ধশত ভিআইপির বিরুদ্ধে মামলার অনুমোদন আটকে আছে। তাদের বিরুদ্ধে মামলাযোগ্য গুরুতর অনিয়ম-দুর্নীতির অভিযোগ এখনও ফাইলবন্দি। কারণ দুদক আইনে মামলার অনুমোদন করে কমিশন।

এদিকে দুদক পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন দেশের দুর্নীতিবিরোধী একমাত্র রাষ্ট্রীয় এ সংস্থার দুই সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীও। তাদের অপেক্ষার প্রহর গোনার পেছনের মূল কারণ প্রায় ‘কর্মহীন’ অবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসা নানা ধরনের অভিযোগ গ্রহণ, যাচাই বাছাই শেষে মামলার অনুমোদন নিয়ে তদন্ত, আদালতে চার্জশিট, আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততা নেই। 

দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন গত ৩ মার্চ পদত্যাগ করার পর থেকেই সংস্থাটির শীর্ষ তিনটি পদ শূন্য। এতে দুদকের নিয়মিত কার্যক্রম থমকে আছে। বিশেষ করে নতুন অভিযোগের অনুসন্ধান ও মামলার অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রয়েছে আটকে।

দুদকের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আইন ও বিধি অনুযায়ী কমিশনের রুটিন কার্যক্রম চলছে। তবে যেসব বিষয়ে কমিশনের অনুমোদন প্রয়োজন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে”।

সূত্রমতে, কমিশনের অভাবে অনুসন্ধান শুরু, মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, গ্রেপ্তারি কার্যক্রমসহ কমিশনের অনুমোদননির্ভর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যত বন্ধ। শেখ হাসিনাসহ অর্ধশত ভিআইপির বিরুদ্ধে মামলার অনুমোদনও বন্ধ রয়েছে। 

হাসিনার বিরুদ্ধে নতুন অনুসন্ধানের অপেক্ষা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদক এখন পর্যন্ত ২১টি মামলা করেছে। এর মধ্যে সাতটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট জালিয়াতির ছয়টি মামলার রায় হয়েছে ও বিচারাধীন রয়েছে একটি মামলা।

দুদক সূত্র জানায়, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও ১৬ মামলার প্রস্তুতি

বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও বড় ধরনের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে এরই মধ্যে ১১টি মামলা হয়েছে। তবে এখনও কোনো মামলার চার্জশিট অনুমোদন হয়নি। এসব মামলায় প্রায় ১১ হাজার কোটি টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া আরও ১৬টি নতুন মামলা প্রস্তুত করা হয়েছে। এসব মামলায় প্রায় ১৫ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ আনার প্রস্তুতি রয়েছে। 

অনুমোদনের অপেক্ষায় পি কে হালদারের আরও মামলা

আলোচিত পি কে হালদার-সংশ্লিষ্ট একাধিক মামলাও কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে আরও প্রায় ১৩টি মামলা প্রক্রিয়াধীন। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি মামলা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব মামলায় আত্মসাতের অভিযোগের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।

পি কে হালদারের দুটি প্রতিষ্ঠানÑ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও ফাস ফাইন্যান্সের বিরুদ্ধে এরই মধ্যে অর্ধশতাধিক মামলা হয়েছে। অনেক মামলার চার্জশিট দেওয়া হলেও আরও কয়েকটি চার্জশিট ও নতুন মামলা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রশান্ত কুমার হালদার, যিনি পি কে হালদার নামে পরিচিত, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নামে-বেনামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ২০২০ সালে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে ২০২২ সালের মে মাসে ভারতে গ্রেপ্তার হন। তাকে দেশে ফিরিয়ে আনার আলোচনা হলেও এখনও প্রত্যর্পণ সম্ভব হয়নি।

২০২৩ সালের ৮ অক্টোবর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় ঢাকার একটি আদালত তাকে মোট ২২ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় অন্য ১৩ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সাইফুজ্জামান জাবেদের বিরুদ্ধে আরও অনুসন্ধান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগেও তদন্ত অব্যাহত রয়েছে। দুদক এরই মধ্যে তার বিরুদ্ধে ৩০টি মামলা করেছে ও দুটি মামলার চার্জশিট প্রস্তুত করেছে। এ ছাড়া ইউসিবি ব্যাংক ও আরমিট গ্রুপ থেকে কথিত কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে নতুন অনুসন্ধান চলছে।

এক তদন্ত কর্মকর্তা বলেন, বিদেশ থেকে প্রয়োজনীয় ফরেনসিক তথ্য ও নথি পেতে সময় লাগছে। একই সঙ্গে কমিশন না থাকায় চার্জশিট অনুমোদনসহ অনেক সিদ্ধান্তও আটকে আছে। দেশের আদালত এরই মধ্যে দেশে-বিদেশে থাকা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

অনুমোদনের অপেক্ষায় আরও আলোচিত মামলা

শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বা আর্থিক খাত নয়, আরও বেশ কয়েকটি আলোচিত তদন্তও কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিটিসিএলের ফাইভ-জি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে। নতুন কমিশন দায়িত্ব নিলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া করোনা মহামারির সময় চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলার সুপারিশও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা