× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনা ফিরলে কী হবে

ফাঁসির দড়ি নাকি আপিলের সুযোগ

মাসুদুল হাসান

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ০৯:৫৭ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ০৯:৫৮ এএম

শেখ হাসিনা.ছবি: ব্লুমবার্গ

শেখ হাসিনা.ছবি: ব্লুমবার্গ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সাজা কার্যকর করার প্রক্রিয়া কী হবে, তিনি আইনের আশ্রয় গ্রহণের সুযোগ পাবেন কি নাÑ তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সরকারের আইন সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে আইনের প্রচলিত ধারা অনুসরণ করা হবে। প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নির্বাসিত এ ‘বিশেষ ফেরারী’র জন্য ফাঁসির দড়ি নাকি আপিলের সুযোগÑ কোন পথ খোলা রয়েছে। রায় কার্যকর ও আপিলের সুযোগ পাওয়ার বিষয়ে আইনের নানামুখী বিশ্লেষণ আসছে ভিন্ন ভিন্ন আইনজীবীদের বয়ানে।

আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা শেখ হাসিনা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফেরার পর তিনি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। 

গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। পাঁচ বছরের সাজা দেওয়া হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে। গণমাধ্যম ও সরকারের সূত্র অনুযায়ী, ক্ষমতাচ্যুত হওয়ার সময় থেকেই সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। রায় ঘোষণার প্রায় ৮ মাস পর স্বেচ্ছায় দেশে এসে তার আত্মসমর্পণের ঘোষণার পর, ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়া নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

এদিকে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে (দ্য ওয়াল.ইন) প্রকাশিত খবরে বলা হয়েছেÑ বৃহস্পতিবার ১৬ জুলাই ছিল শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবেও পালন করে। ২০২৫-এর ১৬ জুলাই মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায় মিলিটারির অভিযানে ১৬ জন আওয়ামী লীগ কর্মী-সমর্থক নিহত হন বলে তাদের দাবি। এই দুই ঘটনার স্মরণে বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল সভার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সভায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা আইন আদালতে লড়াই করার এবং দেশের মাটিতে মরার অভিপ্রায় প্রকাশ করেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরে তিনি ও আওয়ামী লীগের প্রায় সাড়ে ১২ লাখ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করবেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা

গত ৩ ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় সারা দেশে ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৫৩টি। টিআইবি বলছে, গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় ১৫ সেনা কর্মকর্তা, আরেকটি মামলায় ১২ জন সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত ৮ জুলাই জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে এবং প্রতিবেদনটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র জানায়, শেখ হাসিনার রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের কাজ শেষ। ট্রাইব্যুনালের আইনে তার আপিলের মেয়াদ শেষ, তার নামে ওয়ারেন্ট বের হয়েছে। তাকে আত্মসমর্পণ করতে হবে। অথবা দেশে ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাবে। তিনি ফিরলে বাংলাদেশে তার সব মামলায় তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন। সব মামলার তদন্ত কর্মকর্তারা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। উচ্চ আদালত তা গ্রহণ করবেন কি না, তা আদালতের ব্যাপার। আপিল আদালতের সামনে ন্যায়বিচার নিশ্চিতে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী চূড়ান্ত বিবেচনার একটি সুযোগ আছে। 

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রসিকিউটর প্রতিদিনের বাংলাদেশকে জানান, শেখ হাসিনা আত্মসমর্পণ করার পর আইনজীবী নিয়োগের জন্য ওকালতনামায় স্বাক্ষর করতে পারবেন। ট্রাইব্যুনাল তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ও চলমান মামলাগুলোতে গ্রেপ্তার দেখাবেন। তাকে পিডব্লিউ বা প্রডাকশন ওয়ারেন্ট দেখানো হবে। তিনি দেশে ফিরে কোন মামলায় আত্মসমর্পণ করবেন, সেটা তার বিষয়। তিনি চাইলে যেকোনো একটি মামলায় কিংবা সবগুলো মামলায় আত্মসমর্পণ করতে পারেন। আত্মসমর্পণের বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করা হবে এবং তাকে জেলখানা থেকে ট্রাইব্যুনালে আনার আবেদন করা হবে। এরপর তিনি চাইলে ব্যক্তিগত আইনজীবী নিতে পারেন। এতে অপারগ বা অসমর্থ হলে স্টেট ডিফেন্স তার পক্ষে কাজ করবে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি চাইলে সাজা স্থগিত করতে পারেন। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। সাজা মওকুফের বিষয়টি আপিল আদালতের এখতিয়ারভুক্ত বলে জানান এই প্রসিকিউটর। শেখ হাসিনার সামনেও সাজা স্থগিত রাখার আবেদন করার সুযোগ আছে। সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনা চাইলে উচ্চ আদালতের কাছে রাজসাক্ষী হিসেবে আবেদন করতে পারেন। এটাও একটা বিকল্প হতে পারে। তিনি জানান, ট্রাইব্যুনালে আইনে অ্যাপ্রুভারের সাজার বিষয়ে ১৫ ধারার ওপরে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রুলস নেই। 

১০৪ অনুচ্ছেদ

আইনজীবীরা জানান, বাংলাদেশের আইনে ‘১০৪ ধারা’ বিভিন্ন আইনি সংবিধিতে ভিন্ন ভিন্ন বিষয় উল্লেখ করে। এগুলোর মধ্যে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ এবং দণ্ডবিধির ১০৪ ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ (আপিল বিভাগের ক্ষমতা) অনুযায়ী, আপিল বিভাগের কাছে বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো দিকনির্দেশনা, আদেশ বা ডিক্রি জারি করার পূর্ণ ক্ষমতা রয়েছে। এর মাধ্যমে আদালত যেকোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে বা দলিলপত্র দাখিলের নির্দেশ দিতে পারে। 

তবে গত ১২ জুলাই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো বিধান নেই। তাই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে। রায়ের ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল না করায় ট্রাইব্যুনাল আইনে আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা।’ 

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলে আবেদন করার বিষয়ে অগ্রগতি কতটুকু, এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকার এ বিষয়ে তদারকি করছে। ট্রাইব্যুনালের কাজ বিচার করা, ট্রাইব্যুনাল সেটা করেছেন।’ তিনি বলেন, ‘আমরা ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার হওয়ার পর সরকারের কাছে রায়ের কপি ও ওয়ারেন্ট অর্ডার পাঠিয়ে দিয়েছি। এসব বিষয় এখন সরকারের হাতে।’

শেখ হাসিনার আপিল বিলম্ব

শেখ হাসিনার এখনও আপিল না করার বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ট্রাইব্যুনালের আইনে আপিল বিভাগে আপিল হয় না। আপিল হয় সুপ্রিম কোর্টের আইন অনুসারে। সুপ্রিম কোর্টের আইনে ১০৩ ধারায় আপিল ফাইল (নথিভুক্ত) করা হয়। প্রভিশন আছে, কেউ দেরিতে আপিল করার জন্য ‘কন্ডোনেশন অব ডিলে’ অ্যাপ্লিকেশন দিলে, সেটার ওপর শুনানি হয়ে আপিল গ্রহণ হয়। আপিল যদি গ্রহণ হয় তাহলে ফাঁসির আদেশ তাৎক্ষণিক স্থগিত হয়ে যায়। আপিলে তার ফাঁসি বাতিলও হতে পারে। আপিল বিভাগের রায়ের পরেও আপিল রিভিউয়ে ফাঁসি স্থগিতের নজির আছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার দেরিতে আপিল করার পক্ষে কিছু যুক্তি থাকবে। ৫ আগস্ট থেকে পরবর্তী সময় মৃত্যুঝুঁকির কারণে তিনি আসেননি। এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তিনি দেরিতে হলেও দেশে ফিরে আপিল করতে চান। সুতরাং আদালতে ওনার ‘কন্ডোনেশন অব ডিলে’ গ্রহণ না করার কোনো কারণ নেই। তবে আপিলে কী হবে তা আমরা কেউ জানি না।’

রাষ্ট্রপতির ক্ষমতা ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আরও বলেন, ‘শেখ হাসিনার সাজা স্থগিতের বিষয়ে দুটো ক্ষমতা আছেÑ প্রথমত রাষ্ট্রপতির ক্ষমতা, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা। সাজা স্থগিত করতে হলে শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাষ্ট্রপতির। অবশ্য এজন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন আছে এবং এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়ও জড়িত। তা ছাড়া এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয় এবং সরকার যদি নির্দিষ্ট সময়ের জন্য তার ফাঁসির আদেশ স্থগিত করে, তখন তাকে গ্রেপ্তার করার বিষয় না-ও থাকতে পারে। তখন ওটা একধরনের পদ্ধতি হবে। এটা না হলে তিনি যেটা বলেছেন, এসে আপিল করবেন, আইনি লড়াই করবেন, সেটাও হতে পারে।’ শেখ হাসিনার আপিল করা ও সাজা কার্যকরের বিষয় প্রচারে কিছু তথ্যগত ভুল আছে বলে জানান এই সিনিয়র আইনজীবী।

সুপ্রিম কোর্টের ন্যায়বিচার করার ক্ষমতা

শেখ হাসিনার বিষয়ে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের সুবিধা পাওয়ার বিষয়ে জানতে চাইলে মনজিল মোরসেদ বলেন, ‘স্বাভাবিক আপিলে বিচার করে ন্যায়বিচার দিতে না পারলে ১০৪ অনুচ্ছেদ প্রয়োগ করা হয় ন্যায়বিচারের জন্য। এটা অনেক পরের পর্যায়। প্রথম আপিল হবে ১০৩ ধারায়। এরপর একটা ‘কন্ডোনেশন অব ডিলে’ আবেদন থাকবে। এই আবেদনে সাজা স্থগিত হওয়ার পরেই তার আপিলটা স্থগিত থাকে। এই আপিল করে শুনানিতে দীর্ঘ সময় লাগবে। এটার পেপার বুক তৈরি করতে হয়। তারপর শুনানির ব্যাপার আসে। শুনানির সময় যদি দেখা যায় রেকর্ডে যে নথিপত্র আছে, সেগুলোর ভিত্তিতে ন্যায়বিচার করা যাচ্ছে, তা হলে কোর্ট আর অন্যদিকে যাবে না। এটা না করা গেলে আর্টিকেল ১০৪ প্রয়োগ করা হয়। এটাকে বলে ‘কমপ্লিট জাস্টিস’। এটা আপিল বিভাগ অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারেন।’

আপিল গ্রহণ হওয়ার বেশকিছু ‘গ্রাউন্ড’ আছে

এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করার পর তার আপিল গ্রহণ হওয়ার বেশকিছু ‘গ্রাউন্ড’ আছে। বিচারিক প্রক্রিয়ায় দেশে এর নজির আছে। আপিল বিভাগের ওপর এসব নির্ভর করবে।’ তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের নিজস্ব আইনে পদ্ধতিগত কোনো শূন্যতা থাকলে বা কোনো আইন-বহির্ভূত পরিস্থিতিতে ন্যায়বিচার নিশ্চিত করতে আপিল বিভাগ সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার (সিআরপিসির ৫৬১-ক ধারা) প্রয়োগ করতে পারে।’ 

যা বলছেন মন্ত্রী-উপদেষ্টারা

তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত মঙ্গলবার সংসদে জানিয়েছেন ‘প্রচলিত আইনে আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তারা দণ্ডপ্রাপ্ত আসামি। সীমান্তে প্রবেশ করলেই তাদের গ্রেপ্তার করা হবে।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।’ এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করব, ভারত সরকার এটা শেখ হাসিনাসহ যে সকল আসামি ওখানে আছেন, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, তারা সেগুলোর রেসপন্স করবেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।’ তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোমেটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন।’

এর আগে গত মঙ্গলবার প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার-বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দুই দেশের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তিনি দেশে ফিরলে অত্যন্ত ভালো। দেশে ফিরে তিনি চাইলে পৃথিবীর সবচেয়ে নামকরা আইনজীবীদের এনেও নিজের পক্ষে লড়াই করতে পারেন।’ উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, কিংবা আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেন বা খালাস দেন আমরা তা মেনে নেব।’

আইন পেশায় সম্পৃক্ত বিশেষজ্ঞরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, আত্মসমর্পণ এবং সাজা কার্যকরসহ আনুষঙ্গিক বিষয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্তেই মূলত পরিণত উপসংহার টানা সম্ভব। সব কিছু নির্ভর করছে আগামী ডিসেম্বর নাগাদ সরকারের মনোভাব কী হয় তার ওপর। এ বিষয়ে শেখ হাসিনার এককভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ন্যূনতম সুযোগ নেই। তাকে বরং আইনজ্ঞ, কূটনীতিক ও দেশের রাজনৈতিক দলগুলোর বিবেচনাবোধের ওপর নির্ভর করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা