গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সোহরাওয়ার্দী উদ্যানের গেটে দিনের বেলায় দেখা মেলে ১০ বছর বয়সী রাকিবের (ছদ্মনাম)। কাঁধে পানির বোতল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে সে, আর তার ছোট বোন মানুষের হাতে তুলে দেয় গোলাপ ফুল। কিন্তু সন্ধ্যা নামতেই তাদের জীবনের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। ফুল আর পানির বদলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় ছোট ছোট কাগজের পুরিয়া, যার ভেতরে থাকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মরণনেশা।
এই পুরিয়া কোথা থেকে আসে, তা জানতে চাইলে রাকিবের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। নিচু স্বরে সে বলে, ‘কয়েকজন লোক আছে, তারা আইসা দিয়া যায়। এর বেশি কিছু কওন যাইব না, মানা আছে। কইলে মাইর দিব।’
রাকিবের এই ছোট্ট ও ভীত বক্তব্য থেকে প্রতীয়মান হয়, শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে পেছনে থেকে কলকাঠি নাড়ছে একটি শক্তিশালী ও সুসংগঠিত মাদক সিন্ডিকেট। দিনের কড়া রোদে যে ছোট হাতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফুল আর পানির বোতল বাড়িয়ে দেয়, রাতের অন্ধকার নামলেই সেই হাতগুলোতে গুঁজে দেওয়া হয় মাদকের পুরিয়া। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি এলাকায় একদল পথশিশুকে এভাবেই অপরাধ জগতের অন্ধকার গহ্বরে টেনে নিচ্ছে সংঘবদ্ধ মাদক কারবারিরা।
শিশুদের কেন ব্যবহার করছে সিন্ডিকেট
অনুসন্ধানে জানা যায়, ঢাবি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশের টহল ও নজরদারি আগের চেয়ে কিছুটা বেড়েছে। আর এই নজরদারি ফাঁকি দিতেই মাদক কারবারিরা কৌশল বদলেছে। বয়সে ছোট হওয়ায় পুলিশের তল্লাশি বা সন্দেহের বাইরে থাকে শিশুরা। মাত্র কয়েক টাকার প্রলোভন দেখিয়ে তাদের এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহের ‘কুরিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভাবের তাড়নায় এই শিশুরা নিজের অজান্তেই জড়াচ্ছে বড় অপরাধে, যা তাদের ভবিষ্যৎকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে।
শিক্ষার্থীদের আতঙ্ক ও ক্ষোভ
খোদ প্রশাসনের নাকের ডগায় শিশুদের দিয়ে এমন ভয়ংকর বাণিজ্য চললেও তা বন্ধে দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ নেই। উল্টো ক্যাম্পাসে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাদকসেবী ও ভবঘুরেদের উৎপাত এমন পর্যায়ে পৌঁছায় যে, সাধারণ শিক্ষার্থীরাÑ বিশেষ করে নারী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর চলাচল করা এখন রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঢাবির শিক্ষার্থী আফরিন জাহান নিজের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘কিছুদিন আগে রাতে টিউশন শেষে হলে ফেরার পথে দোয়েল চত্বরে এক ভবঘুরে আমার পথ আটকে দাঁড়ায়। তার চোখ-মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নেশাগ্রস্ত। আমি ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং সে পালিয়ে যায়।’
সাম্য হত্যাকাণ্ডের পরও ফেরেনি পূর্ণ নিরাপত্তা : শিক্ষার্থীদের এই আতঙ্ক যে অমূলক নয়, তার প্রমাণ মেলে গত বছরের ১৩ মে। ওই রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে টিএসসি ও রমনা কালীমন্দির গেটসংলগ্ন এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
দেশজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার পর প্রশাসন কিছুটা নড়েচড়ে বসে। টিএসসি-সংলগ্ন উদ্যানের কয়েকটি প্রবেশপথ ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশি অভিযান জোরদার করা হয়। কিন্তু সেই তৎপরতা ছিল কেবলই সাময়িক। সরেজমিন দেখা যায়, রমনা কালীমন্দির গেটের পাশে তিন নেতার মাজারসংলগ্ন এলাকায় উচ্ছেদ হওয়া ঝুপড়িগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই সেখানে বসছে মাদকের জমজমাট আসর।
‘বিশ্বকাপ’ ও লোকবলের অজুহাত
শিক্ষার্থীদের দাবি, শুধু লোকদেখানো টহল নয়, মাদকের মূল উৎস এবং এর পেছনের সিন্ডিকেটকে চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে। তবে ক্যাম্পাসের এমন নাজুক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে খেলা দেখতে অনেক মানুষ আসায় ভবঘুরে ও মাদকসেবীদের আনাগোনা কিছুটা বেড়েছে। সব সময় কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া প্রক্টোরিয়াল টিমের লোকবল সীমিত হওয়ায় পুরো এলাকায় একসঙ্গে নজরদারি করাও কঠিন।’ তবে দ্রুতই তারা কঠোর অবস্থানে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
অন্যদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ‘মাদকসেবীদের উৎখাতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। তিন নেতার মাজারসংলগ্ন এলাকা সিলগালা করা হয়েছে। এরপরও বিচ্ছিন্নভাবে কেউ সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনের এমন আশ্বাস ও অজুহাতের মাঝেই প্রতিদিন ঢাবি ক্যাম্পাসে অন্ধকার নামলে ফুলের বদলে পথশিশুদের হাতে উঠছে মাদক। এই ভয়ংকর সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে না পারলে ভবিষ্যতে আরও অনেক ‘সাম্য’কে হয়তো অকালে প্রাণ হারাতে হবে।