পানি লাগবে? পানি?’ মাত্র তিনটি শব্দের এই বাক্যেই আন্দোলনে নিজের একাত্মতা ও সহযোদ্ধাদের প্রতি দরদ ফুটিয়ে তুলেছিলেন মুগ্ধ। শব্দ তিনটি অমলিন হয়ে আছে দেয়ালে দেয়ালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পানির অপর নাম জীবন। কিন্তু এই জীবনের ডাকেও কখনও কখনও বসে মরণের থাবা। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামল যার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পুলিশের গুলিতে ‘পানি লাগবে? পানি?’ খ্যাত জুলাইযোদ্ধা মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যুর ১৭ দিন পরই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে। মুগ্ধ আজ বীর শহীদ হিসেবে দেশবাসীর কাছে ব্যাপক সম্মানিত। দুই বছর পেরিয়ে গেলেও তার ‘পানি লাগবে? পানি?’ বাক্যটি এখনও অনুরণিত হয় মানুষের মনে। অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা আজ চরম ঘৃণিত ও নিন্দিত।
রাজধানীর উত্তরার কামারপাড়ার বামনাটেক কবরস্থানে শুক্রবার জুমার নামাজের পর মীর মাহফুজুর রহমান মুগ্ধর কবরের সামনে গিয়ে দেখা যায়, সাদা এপিটাফে লেখা আছে ‘পানি লাগবে? পানি?’ এপিটাফে সাধারণত প্রয়াতের ব্যক্তিগত পরিচয়, জন্ম-মৃত্যু, কীর্তি লেখা থাকে। কিন্তু মুগ্ধর কবরে এরকম কথা লেখা কেন? এর উৎস খুঁজতে হলে তাকাতে হবে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে অগ্নিস্ফূলিঙ্গ ছড়ায় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু। মুহূর্তেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মিছিলে ঘুরে ঘুরে সবাইকে বিনামূল্যে বিস্কুট ও পানি বিতরণ করছিলেন তিনি। ‘পানি লাগবে? পানি?’ মাত্র তিনটি শব্দের এই বাক্যেই আন্দোলনে নিজের একাত্মতা ও সহযোদ্ধাদের প্রতি দরদ ফুটিয়ে তুলেছিলেন মুগ্ধ। মিছিলে স্লোগান দিতে দিতে গলা শুকিয়ে যায়। সেখানে এক ঢোক পানিই ফের চাঙ্গা করে তোলে শরীর। কাঠফাটা রোদে নেতিয়ে পড়া আন্দোলনকারীরা মুগ্ধর দেওয়া পানি পেয়ে নতুন উদ্যমে আবার গা ঝাড়া দিয়ে রাজপথে নামেন।
মুগ্ধের পানি বিতরণের সময় আজমপুরের সড়কে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এতে এলাকাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সেসময় পুলিশের মুহুর্মুহু গুলিতে চারপাশে যুদ্ধের আবহ তৈরি হয়।
সামাজিক মাধ্যমে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, সেদিন অকুতোভয় মুগ্ধ শিক্ষার্থীদের পানি বিলিয়ে যাচ্ছেন। ভিডিওটির মাত্র ১৫ মিনিট পর আর কাউকে পানি দেওয়ার জন্য নাড়াচড়া দেখা যায়নি। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে লাগে। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত মুগ্ধকে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।
এদিকে মুগ্ধর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে। আন্দোলনে আসে ভিন্নমাত্রা। যার জেরে ১৭ দিন পরই পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের।
মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন যমজ।
বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত জানান, মুগ্ধ ১৮ জুলাই আন্দোলনে যোগ দেন এবং সেখানে শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত লড়াই করছে। দীপ্ত আরও জানান, ২০১৯ সালে বনানী অগ্নিকাণ্ডের সময় উদ্ধার অভিযানে অংশগ্রহণ ও সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ স্কাউটস থেকে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহীদদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী কাঠামো থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসা। সত্যিকারের গণতান্ত্রিক দেশ গড়ে তোলা। এজন্যই তারা জীবন দিয়েছেন। আমাদের চাওয়াও সেটাই। আশা করি এত ত্যাগের পর আমরা তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব।
স্নিগ্ধ আরও বলেন, সরকার প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ অন্যান্য সুযোগ-সুবিধা যা দিয়েছে তার বাইরে আমাদের কোনো কিছু দেওয়া হয়নি। কারও কাছ থেকে এর বাইরে কোনো কিছু গ্রহণ করিনি আমরা।