× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তদারকি নেই স্ট্রিট ফুডে, ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৫:৫২ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৩:২২ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পথখাবার প্রস্তুত ও বিক্রি হলেও কার্যকর তদারকির অভাব রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, আইনগত সীমাবদ্ধতা, অনানুষ্ঠানিক (ইনফরমাল) ব্যবসা এবং ট্রেড লাইসেন্সের অভাবে অধিকাংশ স্ট্রিট ফুড বিক্রেতাকে নিয়মিত নজরদারির আওতায় আনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গবেষণায় বিভিন্ন ধরনের পথখাবারে ক্ষতিকর জীবাণুর উপস্থিতির তথ্য উঠে এসেছে।

ঢাকার কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকায় বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, ছোট ছোট হোটেল ও ভাজাপোড়ার দোকানে প্রতিদিন পরোটা, সবজি, মাছ, মাংস, পুরি, সিঙারা, জিলাপি, আলুর চপ, বেগুনি, ছোলাসহ বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে। এসব খাবারের ওপর নির্ভরশীল বাজারের শ্রমিক, বিক্রেতা ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা।
পরিদর্শনের সময় দেখা যায়, হোটেলগুলোর সামনের ড্রেন দিয়ে বর্জ্য ও পয়ঃনিষ্কাশনের পানিপ্রবাহিত হচ্ছে। আশপাশে ময়লার স্তূপ এবং বৃষ্টির কারণে জমে থাকা কাদা খাবারের দোকানগুলোর পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছে। একই এলাকায় খোলা অবস্থায় মুরগি ও হাঁস বিক্রিও চলছিল।
স্থানীয় হোটেল ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, “তারা ভালো মানের আটা, চাল, টাটকা সবজি, মাছ ও মাংস ব্যবহার করলেও পরিবেশগত কারণে খাবারের মান ক্ষতিগ্রস্ত হতে পারে। তার ভাষ্য, ড্রেন ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সিটি করপোরেশনের”।

একই এলাকার ভাজাপোড়া বিক্রেতা পারভেজ হোসেন জানান, তিনি প্রতিটি জিলাপি ১০ টাকা, সবজির রোল ২০ টাকা এবং পুরি, সিঙারা ও আলুর চপ ১০ টাকা করে বিক্রি করেন।
ক্রেতাদের মধ্যে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অর্থনৈতিক বাস্তবতা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। পারভেজের দোকানে পুরি খাচ্ছিলেন মোহসিন হোসেন। এসব খাবার কতটা নিরাপদ জানতে চাইলে তিনি বলেন, “খাবার নিরাপদ কি না জানেন না, তবে নিয়মিত এসব খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন”।
অন্য ক্রেতা রফিকুল রকি বলেন, “স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত করলে দাম অনেক বেড়ে যাবে, যা নিম্নআয়ের মানুষের পক্ষে বহন করা কঠিন”। 

শাহবাগে অগ্রণী ব্যাংকের সামনে পাঁচ থেকে সাত বছর ধরে ফল ও শরবত বিক্রি করা আমিরুল ইসলাম বলেন, খোলা অবস্থায় রাখা ফলে ধুলাবালি পড়া পুরোপুরি ঠেকানো সম্ভব হয় না।
বারডেম হাসপাতালের সামনে ২১ বছর ধরে ছোলা ও চানাচুর বিক্রি করছেন নেত্রকোণার জালাল উদ্দীন। কেন খাবার ঢেকে রাখা হয় নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢেকে রাখলে দ্রুত নষ্ট হয়ে যায়, খোলা রাখলে ১০ থেকে ১২ ঘণ্টা ভালো থাকে”।

সেখানে ছোলা খেতে আসা নারায়ণগঞ্জের রোগী মনোয়ারা আক্তার বলেন, “নিম্নআয়ের মানুষের জন্য খাবারের নিরাপত্তার চেয়ে পেট ভরানোই বড় বিষয়”।
কারওয়ান বাজার, শাহবাগ ও বারডেমের মতো রাজধানীর ফার্মগেট, গুলিস্তান, পল্টন, আগারগাঁও, মিরপুর, গাবতলী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এবং দেশের জেলা, উপজেলা ও গ্রামীণ হাটবাজারে প্রতিদিন বিপুল পরিমাণ পথখাবার বিক্রি হয়। এসব খাবারের মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন থাকলেও বিপুলসংখ্যক মানুষ নিয়মিত তা গ্রহণ করছেন।

তদারকির সীমাবদ্ধতার কথা বলছে ভোক্তা অধিদপ্তর
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশিক্ষণ ও প্রচার উপবিভাগের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, ফুটপাত বা রাস্তায় বিক্রি হওয়া স্ট্রিট ফুড সরাসরি তদারকির আইনগত ক্ষমতা তাদের নেই। তবে যেসব কারখানায় এসব খাবার প্রস্তুত হয়, সেখানে তারা অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
অধিদপ্তরের কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক আতিয়া সুলতানা জানান, পণ্যের মোড়ক, ওজনে কম দেওয়া, খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরে ১৪ হাজার ২৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২৫ কোটি ৫ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বক্তব্য
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “অধিকাংশ স্ট্রিট ফুড বিক্রেতা ক্ষুদ্র উদ্যোক্তা এবং তাদের ট্রেড লাইসেন্স নেই। তারা বিভিন্ন স্থানে চলমানভাবে ব্যবসা করেন। ফলে নির্দিষ্ট সেফ ফুড জোন তৈরি কিংবা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা বাস্তবে কঠিন”।
তিনি বলেন, “বিক্রেতাদের স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নির্দিষ্ট তাপমাত্রায় খাবার প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে”। একই সঙ্গে তিনি ক্রেতাদের খাবার কেনার আগে পরিবেশ ও পরিচ্ছন্নতা বিবেচনার আহ্বান জানান।

৬ ধরনের স্ট্রিট ফুডে ৩ ধরনের জীবাণু
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে ২০২৪ সালের জুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড নিউট্রেশন অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরির প্রধান ড. মো. লতিফুল বারির নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭টি অঞ্চলের চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা শরবত ও মিক্সড সালাদের ৪৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
গবেষণায় এসব খাবারে এশেরিশিয়া কোলাই (ই-কোলাই), সালমোনেলা এসপিপি এবং ভিব্রিও এসপিপির উপস্থিতি পাওয়া যায়। গবেষণা অনুযায়ী, এসব জীবাণু ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। বিভিন্ন নমুনায় জীবাণুর পরিমাণও উল্লেখযোগ্য মাত্রায় পাওয়া গেছে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ই-কোলাইজনিত সংক্রমণে দুজন, সালমোনেলায় চারজন এবং ভিব্রিওজনিত সংক্রমণে একজন আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।
গবেষণার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ড. মো. লতিফুল বারি বলেন, “অর্থসংকটের কারণে পরবর্তী গবেষণা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি”।

তার মতে, স্ট্রিট ফুড খাতকে নিয়ন্ত্রণের জন্য বিক্রেতাদের প্রশিক্ষণ, ট্রেড লাইসেন্স, নির্ধারিত বিক্রয়স্থান এবং সিটি করপোরেশনের পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধাসহ সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে স্ট্রিট ফুড নির্দিষ্ট ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হলেও বাংলাদেশে সেই অবকাঠামো এখনও গড়ে ওঠেনি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা