× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দূরত্ব বাড়ছে সরকার ও বিরোধী দলের

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ০৮:৪০ এএম

 জাতীয় সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে কার্যত সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে।  কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে কার্যত সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান উভয়েই জাতীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়েছেন।

কিন্তু তারপরও জাতীয় সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে কার্যত সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে।

বিরোধী দলের সদস্যদের ছাড়াই সংবিধান সংস্কারে বিশেষ কমিটি গঠন,  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, সীমান্তে পুশইন, মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল সংসদে উত্থাপন করতে না দেওয়াসহ প্রায় এক ডজন ইস্যুতে সরকার ও বিরোধী দল পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে।

অধিবেশনে বিরোধীদলীয় জোট সরকারের বিরুদ্ধে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা, সংবিধান সংস্কার পরিষদ না করা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা, আইন প্রণয়নে সময় না দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে।

অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণভাবে বিরোধী দলকে মৌলবাদের পৃষ্ঠপোষকতা দেওয়া, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি না দেওয়া, রাতের আঁধারে ব্যাংক দখল করাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে ভূমিকার প্রসঙ্গ তুলে কোণঠাসা করার চেষ্টা চালানো হয়েছে জামায়াতে ইসলামীকে। সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি বেশ কয়েকবার উত্তপ্তও হয়েছে।

প্রসঙ্গ পুশইন

গত ১৪ জুন সীমান্তে পুশইন নিয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধিতে একটি প্রস্তাব এনেছিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

প্রস্তাবে বলা হয়েছিল, “দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশইন তৎপরতার এই ক্রমবর্ধমান প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বিধায় জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় মহান জাতীয় সংসদে আলোচনা।”

কিন্তু সংশোধিত সংসদের কার্যসূচিতে এই প্রস্তাবের বিষয়টি না থাকায় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে আহমাদ বিন কাসেম বলেন, “জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্ব থাকতে পারে যে, এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো দলীয় এজেন্ডা নয়, অনিবার্য কারণে এটাকে স্থগিত করতে হলো?’”

এ সময়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নোটিসটি তার সামনেও আছে। স্থগিত হওয়া সাময়িক পদক্ষেপ। বাজেট অধিবেশন চলছে, সময়ের সীমাবদ্ধতা আছে। তিনি আশা করেন, স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কোনো একসময় নোটিসটির ওপর আলোচনা হবে। কিন্তু বাজেট পাসের পর অধিবেশন দু’সপ্তাহ ধরে চললেও পরে বিষয়টি নিয়ে আর আলোচনা হয়নি।

 ‍যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি

স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মাার্কিন বাণিজ্য চুক্তিকে ‘দেশবিরোধী চুক্তি’ হিসেবে উল্লেখ করে তা নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তার এই প্রস্তাবকে টেবিল চাপড়িয়ে সমর্থন জানায় জামায়াত-এনসিপি জোট।

সে সময়ে স্পিকারের পক্ষ থেকে একটি নোটিস দেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরে তা নিয়ে আর আলোচনা হয়নি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আলোচনা করতে হলে সরকারের সদিচ্ছা থাকতে হবে। এটি একটি জাতীয় ইস্যু।”

মদ্যপান বিল ইস্যু

গত ৯ জুলাই বেসরকারি সদস্য দিবসে দেশে মদ্যপান, মদ্যজাতীয় পানীয় ও জুয়া নিষিদ্ধের বিধান রেখে জাতীয় সংসদে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ বিল উত্থাপনের প্রস্তাব করেও তা প্রত্যাহার করে নেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

উত্থাপিত বিলে মদপান, অন্যকে মদপানে উদ্বুদ্ধ করা, মদের ব্যবহার বা ব্যবসায়িক বা অন্য কোনো কারণে মদ সংরক্ষণ করলে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

একই শাস্তির বিধান রাখা হয়েছিল জুয়া খেলা, জুয়ার আয়োজন বা অন্যকে জুয়ায় প্রলুব্ধ করার ক্ষেত্রেও। অপরাধ সংঘটনে সহায়তাকারীকেও একই দণ্ডে দণ্ডিত করার প্রস্তাব ছিল।

আইনমন্ত্রী আসাদুজ্জামানের অনুরোধে বিলটি প্রত্যাহার করে নেন জামায়াতের সদস্য। সদ্য সমাপ্ত অধিবেশনে অবশ্য জুয়া নিষিদ্ধ করার একটি আইন পাস করে সংসদ।

কিন্তু মদের ইস্যুটি চাপা পড়ে যায়। বিদ্যমান আইনে অনুমোদিত ব্যাক্তির মদপানের বৈধতা রয়েছে বাংলাদেশে। 

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি

সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তৈরির সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় থাকে বিরোধী জোট।

বিদ্যমান সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই বলে সেই পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়।

যার প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করে এবং বিরোধী দলের সদস্যরা এই কমিটিতে নাম দেয়নি।

বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।

এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের অভিপ্রায় ও মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য বা অপমান করা উচিত নয়। এজন্য তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না।”

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ, এটি কালারেবল লেজিসলেশন। আগে সংবিধান সংশোধন করতে হবে। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে যদি সংস্কার পরিষদের বিধান যুক্ত হয়, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।”

প্রধানমন্ত্রীর বক্তব্য

জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। আমরা সরকারি দল এবং বিরোধী দল এই সংসদে কোনো কোনো বিষয়ে হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সঙ্গে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, উগ্রবাদ ও চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব।”

তিনি বলেন, দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি, সেই বাংলাদেশ যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোনো রকম ঠাঁই হবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। বাংলাদেশের এই চরমপন্থা বা উগ্রবাদকে কারা প্রশ্রয় দিচ্ছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে কিছু উল্লেখ করেননি। কিন্তু এ বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে।

মুক্তিযুদ্ধ ইস্যু

জাতীয় সংসদের বাজেট আলোচনা থেকে শুরু করে বিভিন্ন আলোচনায় মুক্তিযুদ্ধ প্রসঙ্গও উঠে আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিষয়টি বিশেষত জামায়াতে ইসলামীর জন্যে অস্বস্তিকর হয়ে উঠেছে।

গত ২৮ জুন বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব বলেছিলেন, একাত্তরে আমরা ভুল করিনি। এখনও সময় আছে এবং আপনাদের বিষয়টি ভেবে দেখা উচিত।”

জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে এ বক্তব্যে মন্ত্রী বলেন, “তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আমি আশা করব, তারা (এনসিপি) তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এমন কোনো স্টিগমা (কলঙ্ক) নিয়ে তারা যেন পলিটিকসে না থাকেন যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অস্বীকার করে চলেছে।”

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এর সরাসরি জবাব না দিয়ে বলেন, “অতীতে সংসদে বা রাজনীতিতে যে ‘খোঁচা মারার’ বা নেতিবাচক চর্চা ছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের সমালোচনা করা হবে, তবে তা হতে হবে সংসদীয় রীতিনীতির মধ্যে থেকে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিরোধী দলকে হেনস্থা করার মতো খারাপ রাজনৈতিক সংস্কৃতি যেন পরিহার করা হয়। তিনি ইতিবাচক, গঠনমূলক এবং দুর্নীতিমুক্ত নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ খুবই স্বাভাবিক এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই সুস্থ রাজনৈতিক বিতর্ক প্রয়োজন। কিন্তু এই বিরোধ ও দূরত্ব যেন অতীতের মতো জাতীয় সংসদকে অকার্যকর করে না ফেলে, সেটিই সবার প্রত্যাশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা