শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: বাসস
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড কার হাতে ছিল? কে সেটি বাইরে আনল? কীভাবে এই কথোপকথন ছড়িয়ে পড়ল? এটি কি নিছক ‘লিক’, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত কোনো উদ্দেশ্যÑ এমন সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। রেকর্ড ফাঁসের উৎস শনাক্ত করতে ইতোমধ্যে পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ব্যক্তি নাকি কোনো গোষ্ঠীর পাশাপাশি সংশ্লিষ্ট কোনো সংস্থার মাধ্যমে কথোপকথনের রেকর্ডটি বাইরে গেছেÑ এ প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে পরীক্ষার্থীরা আগে থেকে মানসিকভাবে বিপর্যস্ত ও বিক্ষুব্ধ ছিলেন। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর কথোপকথনের একটি রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন। গতকাল বুধবারও তারা রাজধানীসহ দেশের ২০ স্পটে সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে বিভিন্ন স্থানে যানজট দেখা দেয় এবং সাধারণ মানুষ ভোগান্তিরও শিকার হন।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এমপি-মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত বা গোপন কথোপকথনের রেকর্ড সাধারণ মানুষের হাতে ও সামাজিক মাধ্যমে সহজে পৌঁছানোর কথা নয়। ফলে রেকর্ডটি প্রথমে কার কাছে ছিল, কীভাবে সেটি সংগ্রহ করা হয়েছে, কোন মাধ্যম ব্যবহার করে তা বাইরে আনা হয়েছে এবং কার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছেÑ এই পুরো ‘চেইন’টি শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে যে, ফোনের অপর প্রান্তে একজন নারী ছিলেন। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টাও অব্যাহত রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, রেকর্ডটি ফাঁস হওয়ার ক্ষেত্রে ওই নারীর কোনো ভূমিকা ছিল কি না। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শিক্ষামন্ত্রী নিজেই কথোপকথনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।
রেকর্ডটি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অবস্থান, মানববন্ধন ও সড়ক-মহাসড়ক অবরোধ শুরু করেন। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের কারণে কেউ আহত হয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। গতকাল বুধবারও রাজধানীসহ বিভিন্ন জেলা শহরের রাজপথে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি ‘অছাত্র’ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতির তথ্যও পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে কারা কোথায় সক্রিয় ছিল, আন্দোলন সংগঠিত করতে কার কী ভূমিকা ছিল এবং কোনো রাজনৈতিক গোষ্ঠী নেপথ্য থেকে ইন্ধন দিয়েছে কি নাÑ এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা বলছেন, রেকর্ড ফাঁসের পর দ্রুত আন্দোলনের বিস্তার কেবল স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে সক্রিয় কোনো সংগঠিত রাজনৈতিক দল বা গোষ্ঠী রয়েছে এবং ক্ষোভকে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছেÑ এসব প্রশ্ন সামনে রেখে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
গোয়েন্দাদের একটি অংশের ধারণা, সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো রাজনৈতিক গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষোভকে ব্যবহার করে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ফলে এখন দুটি প্রশ্নকে ঘিরেই অনুসন্ধান জোরালো হচ্ছেÑ শিক্ষামন্ত্রীর গোপন কথোপকথনের রেকর্ড ফাঁস করল কে এবং রেকর্ড ফাঁসের পর ছড়িয়ে পড়া আন্দোলনের নেপথ্যে সংগঠিত কোনো ইন্ধন ছিল কি না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রমতে, শিক্ষার্থীদের এ আন্দোলনে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়া হচ্ছে। তবে তারা লক্ষ্য করেছেন, কিছু ছাত্র নামধারী ব্যক্তি নানা ধরনের উস্কানি দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশ সদস্যদের মাথার টুপিও ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশের সামনেই গত মঙ্গলবার রাতে একদল উচ্ছৃঙ্খল তরুণ যানবাহন ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেন। এ সময় পুলিশ কোনো বল প্রয়োগ না করেই তাদের সরিয়ে দেয়। এ ছাড়া তারা সংসদ ভবনে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। সেখানে মৃদু লাঠিচার্জও করে পুলিশ। শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা ও ইসিবি চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে রাখেন। তবে পুলিশ তাদের ওপর কোনো বল প্রয়োগ না করে বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দেশের সব স্থানেই পুলিশকে সহনীয় পর্যায়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারা রাষ্ট্র ও সাধারণ জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একই সঙ্গে এই আন্দোলন থেকে তৃতীয় কোনো পক্ষ যেন সুবিধা নিতে না পারে, সেদিকেও দৃষ্টি রাখা হয়েছে।’