× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকটে উদ্বেগ বাড়ছে শিল্পে

দীপক দেব

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:০২ এএম

বর্তমানে শিল্প খাতে গ্যাসের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে জ্বালানি বিভাগ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমানে শিল্প খাতে গ্যাসের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে জ্বালানি বিভাগ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের আমদানি-নির্ভর জ্বালানি খাতের সংকট সমাধানে কৃচ্ছ্রসাধনের পাশাপাশি দেশীয় উৎসে উৎপাদন বাড়ানোর দিকে দৃষ্টি দিয়েছে সরকার। বিশেষ করে জোর দেওয়া হয়েছে দেশীয় গ্যাস উত্তোলন ও এলএনজি অবকাঠামো বৃদ্ধির ওপর। তবে বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জোগান নিশ্চিত করতে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ চাহিদার থেকে অনেক বেশি উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে বিদ্যুৎকেন্দ্রগুলোকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

এদিকে গরমের তীব্রতার পাশাপাশি টিভিতে ফুটবল বিশ্বকাপ দেখার কারণে চাহিদা আরও বেড়েছে বিদ্যুতের। সঙ্গে সঙ্গে সারা দেশে লোডশেডিংও বেড়েছে। সম্প্রতি বিদ্যুৎ না পেয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। 

সংশ্লিষ্টদের মতে, দেশীয় জ্বালানির (গ্যাস) সিংহভাগই চলে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। আগে যেখানে বিদ্যুৎ খাতে ৯৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, সেখানে এর চাহিদা ও ফুটবল বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে চলতি জুলাই মাস থেকে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। মূলত শিল্প খাত থেকে কমিয়ে এই গ্যাস বিদ্যুতে সরবরাহ করা হচ্ছে। যা শিল্প খাতকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বর্তমানে শিল্প খাতে গ্যাসের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে জ্বালানি বিভাগ। ওদিকে জমা পড়ে আছে আরও প্রায় আড়াই হাজারের মতো সংযোগের আবেদন। এই অবস্থায় শিল্প খাত থেকে কমিয়ে বিদ্যুতে গ্যাস সরবরাহের নতুন সিদ্ধান্ত শিল্প খাতে নতুন সংকট সৃষ্টি করবে। অনেকের মতে, দেশের শিল্প খাতকে রক্ষা করতে না পারলে এর বিরূপ প্রভাব শুধু অর্থনীতিতেই পড়বে না বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়বে।

জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ করা যাচ্ছে গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশের ২০টি উৎপাদনশীল গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হচ্ছে দৈনিক প্রায় ১ হাজার ৬৩০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিনই ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস ঘাটতি থাকছে। অন্যদিকে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিদেশ থেকে এলএনজি আমদানির মাধ্যমেও ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা, বৈদেশিক মুদ্রার চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি করাও সহজ হচ্ছে না।

২০১৯-২০ অর্থবছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল ১২ দশমিক ২৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট)। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ১৫ টিসিএফে। মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা থেকে দেশের মোট গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ হয়। কয়েক বছর আগে এখানে দৈনিক ১২০০ থেকে ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুটে। পেট্রোবাংলার কর্মকর্তাদের আশঙ্কা, এ ধারা অব্যাহত থাকলে ২০২৮ সালের শেষ নাগাদ বিবিয়ানার উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। একই অবস্থা দেশের অন্যতম পুরনো গ্যাসক্ষেত্র তিতাসেও। পাঁচ বছর আগে যেখানে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত, এখন তা ৩০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তিতাসের উত্তোলনযোগ্য মজুদের প্রায় ৮০ শতাংশই শেষ হয়ে গেছে।

পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বর্তমানে গ্যাসক্ষেত্র ২৯টি। এর মধ্যে ২০টি থেকে নিয়মিত গ্যাস উৎপাদন হচ্ছে। চারটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও সেগুলোকে এখনও উৎপাদনে আনা যায়নি। বাকি পাঁচটি ক্ষেত্র দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। উৎপাদনে থাকা ২০টি গ্যাসক্ষেত্রে গত জানুয়ারিতে মজুদ ছিল ছয় দশমিক ৩২১ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। ছয় মাসের ব্যবধানে জুনে তা কমে প্রায় ছয় টিসিএফে নেমে এসেছে। 

তবে পেট্রোবাংলা বলছে, দেশে মজুদ থাকা গ্যাসের পরিমাণ ৭ দশমিক ৬৩ টিসিএফ। এ মজুদের হিসাবে রয়েছে পরিত্যক্ত ও উৎপাদনে নেই এমন গ্যাসক্ষেত্রগুলোও। দেশে পরিত্যক্ত ও উৎপাদনে নেই এমন গ্যাসক্ষেত্রের সংখ্যা ১০। এসব ক্ষেত্রে মোট ১ হাজার ৩৩৪ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। উত্তোলন ও মামলা-সংক্রান্ত জটিলতায় এসব গ্যাসক্ষেত্রের উৎপাদন জাতীয় গ্রিডে আনা যায়নি। এ ছাড়া ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে আনা সম্ভব হচ্ছে না। সেখানে প্রায় দুই টিসিএফ গ্যাস আছে।

দেশে স্থানীয় গ্যাসের উৎপাদন এখন বছরে ৭০০ বিসিএফে নেমে এসেছে। সে হিসাবে বর্তমান মজুদ দিয়ে চলবে মাত্র আট বছর। প্রতিবছর গ্যাসের চাহিদা ও জোগানের যে বড় ব্যবধান তৈরি হচ্ছে, তাতে স্থানীয় গ্যাসের মজুদ বড় আকারে বাড়ানো না গেলে বিদ্যুৎ খাত থেকে শুরু করে শিল্পকারখানা, নতুন বিনিয়োগ বড় ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। 


সরকারের পরিকল্পনা : দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এখন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী তিন বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৭০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক জরিপ সম্পন্ন করা হবে। মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সময়ের মধ্যে নতুন ৬৯টি কূপ খনন এবং ৩১টি পুরনো কূপের ওয়ার্কওভার (মেরামত) করা হবে। পাশাপাশি নতুন অনুসন্ধান রিগ কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। 

পাশাপাশি সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের গতি বাড়াতে পিএসসি কাঠামো সংশোধন করে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জ্বালানি আমদানিতে একক কোনো উৎসের ওপর নির্ভরতা কমিয়ে আনতে সরকার কৌশলগত বহুমুখীকরণ নীতি নিয়েছে। মহেশখালীতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি নতুন আরও একটি টার্মিনাল স্থাপনের বিষয়টি এখন সরকারের পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজও এগিয়ে চলছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমানে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ১২০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। এই চাহিদা সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে নতুন করে গ্যাস সংযোগের সুযোগ এই মুহূর্তে নেই।’ নতুন করে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ১০০ মিলিয়র ঘনফুট গ্যাস অতিরিক্ত দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৯৩০ মিলিয়র ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, সেখানে চলতি মাস থেকে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হয়েছে।’ 

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ‘দেশীয় গ্যাসের সিংহভাগই যদি বিদ্যুৎ উৎপাদনের পেছনে চলে যায় তাহলে শিল্প বাঁচবে কী করে? যেখানে জ্বালানির অভাবে বহু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিল্প থেকে কমিয়ে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎকে দেওয়ার মতো সিদ্ধান্তে শিল্প খাতে ভয়াবহ রকমের প্রভাব ফেলবে। পরিস্থিতি বিবেচনায় সংকট সামলাতে জ্বালানি বিভাগকে হিমশিম খেতে হচ্ছে। পুরো পরিস্থিতি উচ্চ পর্যায়েও অবহিত করা হয়েছে।’ 

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দেশের যেসব কূপে গ্যাস মজুদ রয়েছে অথচ উৎপাদনে নেই সেগুলো নিয়ে পেট্রোবাংলা কাজ করছে। বিশেষ করে সিলেটের জকিগঞ্জ ও ভোলায় পাঁচটি কূপ খনন নিয়ে কাজ হচ্ছে। আমাদের ৫০ ও ১০০ কূপ খনন পরিকল্পনায় রয়েছে। ফলে মজুদ বাড়ানোর বিষয়টি নিয়ে পেট্রোবাংলার তার কার্যক্রমের মধ্যেই রয়েছে।’

উল্লেখ্য, দেশে গ্যাসের ঘাটতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিল্প খাতে। নতুন শিল্পকারখানা নির্মাণ শেষ হলেও গ্যাস সংযোগ না পাওয়ায় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। প্রায় দুই হাজারের মতো শিল্পে গ্যাসসংযোগের আবেদন জমা রয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে। এর মধ্যে ডিমান্ড নোটের অর্থ পরিশোধ করেও চার-পাঁচ বছর ধরে অপেক্ষায় আছে অন্তত ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান। ফলে স্টিল, তৈরি পোশাক, সিমেন্টসহ বিভিন্ন খাতের অনেক কারখানা উৎপাদনে যেতে পারছে না। বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গ্যাস সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। বিপরীতে বিকল্প জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে। এ পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ বাতিল হচ্ছে, ব্যাংকঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। কিছু কারখানা উৎপাদন কমিয়ে দিতে বা বন্ধ করতে বাধ্য হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা