× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিমিয়ে পড়েছে বিএনপি

মজুমদার ইমরান

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

বিএনপিকে গতিশীল করতে উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপিকে গতিশীল করতে উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে চরম জুলুম-নির্যাতন মোকাবিলা করেও সক্রিয় থাকা বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা ফিরে পাওয়ার কয়েক মাসের মধ্যেই ঝিমিয়ে পড়েছে।

উৎপীড়িত ও ত্যাগী নেতাকর্মীদের একটি বড় অংশ সঠিক মূল্যায়ন না হওয়ার বেদনায় নিষ্ক্রিয় হয়ে পড়া এই স্থবিরতার অন্যতম কারণ।

দলের শীর্ষ পর্যায় এই ঝিমুনি অনুভব করে বিএনপিকে দ্রুত চাঙ্গা করার উদ্যোগ নিতে চলেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে প্রায় ২০ বছর পর সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকার গঠনের মাধ্যমে বিএনপির অনেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা হয়েছেন। তবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে নিপীড়িত-নির্যাতিত অনেক জ্যেষ্ঠ নেতারই ঠাঁই হয়নি এই সরকারে।

এসব নেতার অনেকেই অভিমানে নিষ্ক্রিয় রয়েছেন। তারেক রহমানও সরকার চালাতে ব্যস্ত সময় কাটানোর কারণে দলে মনোযোগ দেওয়ার সময় কম পাচ্ছেন। ফলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটাই ধীর হয়ে পড়েছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার বিষয়টি এরই মধ্যে উপলব্ধি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করতে বেশকিছু বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। 

বিএনপির গুলশান কার্যালয়ে প্রায় দুই মাস পর শনিবার তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক করেন দলটির নীতিনির্ধারকরা। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দলটির জ্যেষ্ঠ নীতিনির্ধারকরা। 

স্থায়ী কমিটির বৈঠকে সরকারের পাশাপাশি বিএনপিকে গতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বৈঠকে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ স্থানীয় সরকার নির্বাচনের আগেই দল ও অঙ্গ সংগঠনগুলোকে ঢেলে সাজানো। এ ছাড়াও দ্রুততম সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলকে চাঙ্গা করা। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি, সাংগঠনিক স্থবিরতা, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের ঘাটতি ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সব স্তরের নেতৃত্ব কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি, পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন ও বিতর্কিত বা অপকর্মে জড়িত নেতাদের বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তারেক রহমান তার পরিকল্পনার অংশ হিসেবে এখন নিয়মিত বিরতিতে বিএনপির গুলশান কার্যালয়ে বসবেন। সপ্তাহে অন্তত এক দিন অথবা মাসে দুই থেকে তিন দিন তিনি গুলশান কার্যালয়ে অফিস করবেন। গুলশান কার্যালয় থেকে তিনি দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। দল ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে কীভাবে দলকে গতিশীল রাখা যায় তাও নির্ধারণ করবেন।

সম্প্রতি গুলশান কার্যালয়ে তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার কথা ভাবছেন। সরকারের বাইরে দলকে শক্তিশালী করতে যাদের মন্ত্রী কিংবা এমপি করা যায়নি, তাদের দিয়ে দল পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত নিতে পারেন দলীয় প্রধান তারেক রহমান। এতে দলকে চাঙ্গা রাখা সম্ভব হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা কিছুটা আছে; যা কাটিয়ে দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন দলের অভিভাবক তারেক রহমান। সামনে স্থানীয় সরকার নির্বাচনÑ তাই থানা ও ওয়ার্ড কমিটিতে যেসব দুর্বলতা আছে, সেগুলোও খুঁজে বের করে সমাধান করতে বলেছেন। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কাউন্সিলে মনোযোগী হতে বলেছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকার পরিচালনার ব্যস্ততার কারণে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল, স্থবিরতা কাটিয়ে সংগঠনকে নির্বাচনমুখী করাই এখন প্রধান লক্ষ্য। একই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল কমিয়ে শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। 

চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে। অনেকগুলো সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন সামনে রেখে দলকে গতিশীল করতে হবে। যেসব জায়গায় কমিটি নেই, সেখানে নতুন কমিটি দিতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সক্রিয় রাখতে হবে। দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকারের গতিশীল কার্যক্রমের সঙ্গে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীকে দলীয় কার্যালয়মুখী করতে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচির প্রতিও গুরুত্বারোপ করেছেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা মনে করছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সরকারের বিভিন্ন দায়িত্ব নিয়েছেন। অনেককে দলীয় পদ থেকে সরানোও হয়েছে। এতে সাংগঠনিক কাঠামোয় এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূলের মধ্যে সমন্বয় দুর্বলতায় সিদ্ধান্ত বাস্তবায়নের গতি কমেছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, যা সরকারের জন্য প্রথম চ্যালেঞ্জ, বিভিন্ন ইউনিটে অভ্যন্তরীণ কোন্দল ও জাতীয় কাউন্সিল এসব বিষয় বিবেচনায় নিয়েই তারেক রহমান সরাসরি বৈঠক শুরু করেছেন। তার নির্দেশনা ছাড়া দলের দুর্বল সাংগঠনিক অবস্থার উন্নতি হবে নাÑ এমন ধারণা থেকেই হয়তো তিনি এ উদ্যোগ নিয়েছেন। এই ধারাবাহিক বৈঠক ও পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনে নতুন গতি আসবে। 

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র অবশ্য জানিয়েছে, সংগঠনের ঝিমুনি দূর করতে শৃঙ্খলা বজায় রাখা, দলীয় ঐক্য সুসংহত রাখা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানো, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া নেতারা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং দলকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। বিএনপি চেয়ারম্যান এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সে ক্ষেত্রে আগস্ট মাস থেকে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শুরু হতে পারে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা