× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিব পদে আসছে বড় রদবদল

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ০৯:৫০ এএম

বাংলাদেশ সচিবালয়। ছবি: বাসস

বাংলাদেশ সচিবালয়। ছবি: বাসস

দেশের প্রশাসনের শীর্ষ পর্যায়ে আরও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে আবারও বড় ধরনের রদবদলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে পরিবর্তন আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ হয়েছে।

যেসব সচিবের চাকরির মেয়াদ বা চুক্তির মেয়াদ শেষের পথে, তাদের স্থলে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার প্রস্তুতিও প্রায় শেষ বলে জানা গেছে। চলতি সপ্তাহের যেকোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

পদোন্নতি, বদলি, অবসর এবং চুক্তিভিত্তিক নিয়োগÑ এই চারটি প্রক্রিয়ার সমন্বয়ে একযোগে ৬ থেকে ১০টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পর্যায়ে এ পরিবর্তন আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, প্রশাসনের বর্তমান কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে সততা, দক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কর্মদক্ষ ও গ্রহণযোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

বর্তমানে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৮৪ জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা কর্মরত থাকলেও তাদের মধ্যে ১০ জন বর্তমানে কোনো দপ্তরের দায়িত্বে নেই। তাদের অধিকাংশকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদের মধ্য থেকেও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগে পরিবর্তনের জোর আলোচনা

প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হলো মন্ত্রিপরিষদ সচিব। এদিকে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির চুক্তির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। এ কারণে তাকে পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর নাম উল্লেখযোগ্য।

যদি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কারুজ্জামান চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগে নেওয়া হয়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলেও সূত্র জানিয়েছে।

নাসিমুল গনি ২০২৪ সালের ১৮ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। পরে তিনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান।

জনপ্রশাসন মন্ত্রণালয়েও নতুন নেতৃত্বের সম্ভাবনা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। 

নতুন সিনিয়র সচিব হিসেবে যাদের নাম প্রস্তাবনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেনÑ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সাহেল আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং সাবেক শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। 

মো. এহছানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ছিলেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। 

অবসরের কারণে শূন্য হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ

চলতি মাসেই কয়েকজন জ্যেষ্ঠ সচিব অবসরে যাচ্ছেন। তাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম আগামী ২৭ জুলাই অবসরে যাচ্ছেন। ফলে এই পদেও নতুন সচিব নিয়োগ হবে। এ পদের জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, সাবেক শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীর অবসরের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

আরও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা

শুধু শূন্য পদ পূরণ নয়, প্রশাসনিক প্রয়োজনেও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিবদের দপ্তর পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছেনÑ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সূত্রমতে, প্রশাসনিক ভারসাম্য ও কাজের গতি বাড়ানোতেই এ পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কিছু পরিবর্তন

এরই মধ্যে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তকে প্রশাসনে আরও বড় রদবদলের পূর্বাভাস হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলোর মতে, ‘সরকারের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দক্ষ, সৎ ও কর্মক্ষম কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রশাসনের কার্যকারিতা আরও বাড়ানো। সেই লক্ষ্যেই চলমান রদবদলকে প্রশাসনের স্বাভাবিক পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।’ একাধিক সূত্রের মতে, ‘সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সচিব পর্যায়ের এই বহুল আলোচিত রদবদলের আদেশ জারি হতে পারে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা