অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস
দেশে বর্তমানে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২। এর মধ্যে সঞ্চয়ী হিসাব ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫ এবং ঋণ হিসাব ১ কোটি ৫৩ লাখ ৭৬৭।
দেশের সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সরকার ২০৩১ সালের সময়সীমা নির্ধারণ করে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল-২’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।
চার মোবাইল কোম্পানির কাছে রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা
সংসদ সদস্য লুৎফর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, চার মোবাইল অপারেটরের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।
তিনি জানান, গ্রামীণফোনের কাছে বকেয়া ৬ হাজার ১০২ কোটি, টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি, রবির কাছে ৬১৫ কোটি এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা।
কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
সংসদে পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধীদলের সমালোচনা করতে গিয়ে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত তিলাওয়াত করেন। আয়াতটির অর্থ হলোÑ ‘তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠিন হবে।’ তবে তিনি আয়াতটির অনুবাদ পাঠ না করে বিরোধীদলের প্রতি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। এ নিয়ে বিরোধীদল আপত্তি জানায়।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, কোরআন-হাদিস ঠাট্টা-বিদ্রুপের বিষয় নয়। তিনি অভিযোগ করেন, আয়াতটির ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এ ধরনের উপস্থাপনা অনুচিত। কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা ও অবমাননার বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাহফুজ উল্লাহ ফরিদ একজন প্রবীণ সংসদ সদস্য; তিনি ইচ্ছাকৃতভাবে কোরআন-হাদিস নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন বলে তার মনে হয় না। তবে কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাহফুজ উল্লাহ ফরিদ একজন মাদ্রাসা শিক্ষিত, আলেম। তিনি প্রসঙ্গক্রমে আয়াতটি উল্লেখ করেছেন এবং এর মূল বক্তব্য হলোÑ আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা না করার আহ্বান জানান তিনি।
এরপর জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, আয়াতটি আল্লাহর অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশনা দেয়; কোনো ব্যক্তি বা দলের প্রশংসার সঙ্গে এর সম্পর্ক নেই। তিনি দাবি করেন, আয়াতটির রাজনৈতিক প্রয়োগ সঠিক হয়নি।
বিতর্ক বাড়তে থাকলে স্পিকার আলোচনা শেষ করার আহ্বান জানান। চিফ হুইপ নূরুল ইসলামও বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়ানোর অনুরোধ করেন। পরে সংসদ আবার বাজেট আলোচনায় ফিরে যায়।
১/১১-এর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার দাবি
সংরক্ষিত মহিলা আসনের বিএনপি সংসদ সদস্য শাম্মী আক্তার ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগের বিচার দাবি করেছেন। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন তার মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি প্রতিশোধ নয়, ঘটনার বিচার চান।
শাম্মী আক্তার বলেন, ওই সময় সংঘটিত নির্যাতনের ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।