× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পালাশিল্পী ইসলামউদ্দিনের একুশে পদকপ্রাপ্তি, উচ্ছ্বসিত হাওর জনপদ

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ পিএম

‘একুশে পদক’ এ ভূষিত হলেন বরেণ্য পালাশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ছবি: ভিডিও থেকে

‘একুশে পদক’ এ ভূষিত হলেন বরেণ্য পালাশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ছবি: ভিডিও থেকে

পূর্ব ময়মনসিংহের লোকজ ঘরানার মৃত্তিকালগ্ন পালাশিল্পী ইসলামউদ্দিন একুশে পদকে ভূষিত হয়ে পুরো কিশোরগঞ্জকে গৌরবান্বিত করেছেন। জেলার করিমগঞ্জ উপজেলার তাজপাড়া নোয়াবাদ গ্রামের এই পালাশিল্পী কৈশোর থেকে পালাগানের সাথে নিজেকে জড়িয়ে নেন। মূলত তার বড় দুই ভাই যাত্রাশিল্পী হিসেবে খ্যাতিমান হলে তিনিও মঞ্চের প্রতি আকৃষ্ট হন। তবে যাত্রানাটকে নয়, তিনি বেছে নেন পালাগানের মঞ্চ। মাত্র ১৩ বছর বয়সে পালাশিল্পে জড়িয়েছিলেন তিনি।

প্রখ্যাত পালাকার কুদ্দুস বয়াতির শিষ্যত্ব নিয়ে তিনি নিজেকে যোগ্য পালাশিল্পী হিসেবে গড়ে তোলেন। গুরুদীক্ষা সমাপ্ত করে ১৯৮৯ সালে নিজেই গড়ে তোলেন পৃথক পালাদল। ইতোমধ্যে তিনি তার অসাধারণ অভিনয়শৈলী ও কণ্ঠমাধুর্যে আগ্রহী মানুষদের দৃষ্টি কাড়েন।

দেশের বিভিন্ন এলাকায় পালাগান পরিবেশনের পাশাপাশি যুক্তরাজ্যে অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যালেও তিনি সদলে পালাগান পরিবেশন করে প্রশংসিত হন। ভারত ও ফ্রান্সেও তার দল পালাগান পরিবেশন করে প্রশংসা অর্জন করে। তিনি চলচ্চিত্রেও পালাগান পরিবেশন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগে তিনি প্রশিক্ষক হিসেবে অনেক দিন কাজ করেছেন। কোক স্টুডিওতে তার গাওয়া 'হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দেও সোনার দেওরা রে' গানটি ব্যাপক ভাইরাল হওয়ায় ইসলামউদ্দিন জনসমাজে আরও অধিক পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। গত ৫ ফেব্রুয়ারি লোকজ সংস্কৃতি ও পালাগানে অসামান্য অবদান রাখায় তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। তার এই সম্মানপ্রাপ্তিতে নিজের গ্রাম ও উপজেলা তো বটেই, সমগ্র কিশোরগঞ্জে ইসলামউদ্দিনকে নিয়ে সকলের মধ্যে তুমুল আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ছড়াকার ও লোকসংস্কৃতি গবেষক জাহাঙ্গীর আলম জাহান বলেন, ২০০৩ সালে সরকারি উদ্যোগে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল তিন দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক জলসা। সেই আয়োজনের মূল কমিটির

একজন সদস্য হিসেবে ওই জলসায় ইসলামউদ্দিন ও তার দলকে এনে আমরা একটি পালাগান পরিবেশন করিয়েছিলাম। তিনদিনের অনুষ্ঠানে ইসলামউদ্দিনের পালাগানটিই সর্বাধিক দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। তখনই আমরা অনুমান করেছিলাম এই শিল্পী একদিন অনেক বড় অবস্থান দখল করবে। তার পুরস্কারপ্রাপ্তিতে লেখক জাহাঙ্গীর আলম জাহানও তার আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পালাশিল্পী ইসলামউদ্দিন বলেন, জীবনের দীর্ঘ সময় জুড়ে পালাগানকে লালন, ধারণ ও চর্চা করছি। বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পদক ও পুরস্কার মানুষের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।

ইসলামউদ্দিনের উল্লেখযোগ্য পালাগানের মধ্যে রয়েছে অধুয়া সুন্দরী, সুন্দরমতি, কমলারানীর সাগর দিঘি, জাহাঙ্গীর বাদশা, মতিলাল, রূপকুমার, কাকাধরের খেলা, রাম বিরাম, মে, ফিরোজ খাঁ ইত্যাদি। প্রতিটি পালাগানে একাধিক চরিত্র থাকে। চরিত্রগুলোতে সিকোয়েন্স অনুযায়ী তিনি একাই রূপদান, অভিনয় ও কণ্ঠদান করেন। তার অঙ্গভঙ্গি, সুরেলা কণ্ঠ এবং নারীচরিত্র পরিস্ফুটনে নারীসুলভ অসাধারণ বচন, কথন ও দেহভঙ্গি দর্শকদের মধ্যে মুগ্ধতা ও ভালো লাগার আমেজ ছড়িয়ে দেয়। এ কারণেই গেঁয়ো পালাকার হয়েও গাঁও-গেরাম থেকে শুরু করে শহরের অভিজাত সমাজে একজন ইসলামউদ্দিন প্রকৃত জাতশিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে পেরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা